নতুন করে হচ্ছে সেই পানির ট্যাংক
লালখান বাজার মতিঝর্ণা এলাকার পানির ট্যাংকটি (জলাধার) অবশেষে পুনর্নির্মাণ হচ্ছে। চট্টগ্রাম ওয়াসার উদ্যোগে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের অধীনে ট্যাংকটি পুনর্নির্মাণ করা হবে। আগামী ডিসেম্বর থেকে প্রকল্পের কাজ শুরু হবে, শেষ হবে ২০১২ সালের জুনে। চট্টগ্রাম ওয়াসার সহকারী প্রকৌশলী মো. সাদেক উদ্দিন জানান, নতুন ট্যাংকের আয়তন হবে আট হাজার ৫০০ মিলিয়ন ঘনমিটার। এতে প্রায় আট হাজার ৫০০ মিলিয়ন গ্যালন পানি ধরে রাখা যাবে। প্রকল্পে ব্যয় হবে প্রায় এক হাজার ৪৫০ কোটি টাকা। ট্যাংক পুনর্নির্মাণের পাশাপাশি স্লোপ প্রোটেকশনসহ ভূমিধস প্রতিরোধের ব্যবস্থাও থাকছে। সূত্র জানায়, নতুন ট্যাংকের পানি নগরের প্রায় সব এলাকায় যাবে। এতে এলাকাবাসীর পানির সমস্যা অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রামবাসীর পানিসংকট নিরসনের জন্য ১৯৭৮ সালে চট্টগ্রাম ওয়াসার উদ্যোগে লালখান বাজার জামে মসজিদের বিপরীতে গলির শেষপ্রান্তে পাহাড়ের চূড়ায় ট্যাংকটি নির্মাণ করা হয়। পাহাড়টি ট্যাংকির পাহাড় এবং গলিটি ট্যাংকির পাহাড়ের গলি হিসেবে পরিচিত। ট্যাংকিতে পানিধারণক্ষমতা ছিল প্রায় তিন মিলিয়ন গ্যালন। নির্মাণের পর এতে একবারও পানি ধারণ করে সরবরাহ করা হয়নি। পরবর্তীকালে মেরামতের কোনো ব্যবস্থা না নেওয়ায় এটি পরিত্যক্ত হয়ে পড়ে। লালখান বাজার এলাকার বাসিন্দা মো. খলিল ভূঁইয়া বলেন, ‘ট্যাংকটি পুনর্নির্মাণ করা হলে এলাকাবাসীর পানি সংকট দূর হবে।’ স্থানীয় বাসিন্দা মর্জিনা বেগম পানির ট্যাংক পুনর্নির্মাণের খবরে খুশি হয়ে বলেন, ‘এ ট্যাংকি যত তাড়াতাড়ি মেরামত করা হবে তত তাড়াতাড়ি আমরা পানির দুর্ভোগ থেকে মুক্তি পাব।’ স্থানীয় মো. দুলাল বলেন, ‘এলাকায় অনেক বছর ধরে বাস করছি। আগের ট্যাংকটি নির্মাণ করার পর খুবই খুশি হয়েছিলাম। কিন্তু পরবর্তীকালে পানি সরবরাহ না হওয়ায় বেশ কষ্ট পেয়েছি। এখন এটি পুনর্নির্মাণ হবে জেনে আশার আলো দেখতে পাচ্ছি।’