নতুন ক্যাম্পাসে প্রাণের উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহর থেকে কাছেই। নেই যানজট, ধুলাবালু। পাশেই বাঁকখালী নদী। চারদিকে সবুজের সমারোহ। এমন মনোরম ক্যাম্পাস কক্সবাজার কমার্স কলেজের। নতুন এই ক্যাম্পাসে শিক্ষার্থীদের উচ্ছ্বাসও বাঁধভাঙা। কক্সবাজার শহরের পার্শ্ববর্তী খুরুশকুল কুলিয়ারপাড়া এলাকায় বাঁকখালীর তীর ঘেঁষে ১০০ শতক জমিতে গড়ে উঠেছে কলেজের মূল ক্যাম্পাস।
শহরের উত্তর তারাবনিয়ারছড়ার আবাসিক এলাকায় একটি ভবন ভাড়া নিয়ে ২০০৮ সালে যাত্রা করে বেসরকারি এই শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে টানা আট বছর শিক্ষা কার্যক্রম চলে। ২৭ মার্চ নতুন ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এখন দোতলা ভবনে চলছে শিক্ষা কার্যক্রম।
গত মঙ্গলবার সকালে ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীদের পদচারণে চারপাশ মুখর। কেউ দল বেঁধে আড্ডায়, কেউ ছুটছে ক্লাসে। চারদিকে ব্যস্ততা। একাদশ শ্রেণির শিক্ষার্থী সাইরিন জাহান বলে, ‘নতুন ক্যাম্পাসে এসে মনে হচ্ছে এত দিন আমরা একটি বদ্ধ ঘরে আটকে ছিলাম। এই ক্যাম্পাসের চারপাশের প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত সুন্দর।’
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আফরিন ওমামা বলে, সরকারি কলেজে পড়ার সুযোগ হাতছাড়া হওয়ার পর মন খারাপ হয়েছিল। কিন্তু এখন সেই দুঃখ নেই। এখানে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। পড়ালেখা আদায় করেই ছাড়েন শিক্ষকেরা। এক দিন কলেজে না এলে বাসায় ফোন করে খবর নেওয়া হয়।
কলেজ সূত্র জানায়, প্রথমবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পঞ্চম স্থান অর্জন করে কলেজটি। দ্বিতীয়বারের পরীক্ষায় অর্জন করে দ্বিতীয় স্থান। এখনো ধরে রেখেছে শতভাগ পাসের হারও। বর্তমানে কলেজের শিক্ষার্থী সংখ্যা ৩৫২ জন। আর শিক্ষক আছেন ১৩ জন। এর মধ্যে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২২৮ জন শিক্ষার্থী।
লেখাপড়ার পাশাপাশি কলেজে চলে মুক্ত সংস্কৃতিচর্চা। প্রতি বৃহস্পতিবার থাকে নানা আয়োজন। শিক্ষার্থীরাও বেশ আনন্দের সঙ্গে এসবে কর্মসূচিতে যোগ দেয়। সম্প্রতি কলেজে প্রাক্তন স্টুডেন্টস ফোরাম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এবার যারা এইচএসসি দেবে তাদের নিয়ে এই ফোরাম গঠন করা হবে।
জেলার বিভিন্ন কলেজের অবসরপ্রাপ্ত ও বর্তমানে কর্মরত শিক্ষকেরা যৌথভাবে এই কলেজ প্রতিষ্ঠা করেন। শুরু থেকেই কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফজলুল করিম।
তিনি বলেন, শিক্ষার্থীদের মধ্যে দিন দিন ব্যবসায় শিক্ষায় পড়ার আগ্রহ বাড়ছে। কিন্তু শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজে সীমিতসংখ্যক আসনে পড়ার সুযোগ হতো শিক্ষার্থীদের। ফলে অনেক শিক্ষার্থী কাঙ্ক্ষিত বিষয়ে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হতো। সেই জায়গা থেকে শুধু বাণিজ্য শিক্ষার ওপর একটি বিশেষায়িত কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।
তিনি আরও বলেন, ভালো ফলাফল নিশ্চিত করার জন্য প্রতি সপ্তাহের শনিবার টিউটরিয়াল পরীক্ষা নেওয়া হয়। এতে শিক্ষার্থীদের পরীক্ষা–ভীতি কেটে যায়।
কলেজ পরিচালনা কমিটির সদস্য শফিকুল ইসলাম বলেন, ভবিষ্যতে এই কলেজে স্নাতক চালুর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ক্যাম্পাসে আরও একটি আটতলা ভবন নির্মাণ করা হবে। ধূমপান ও রাজনীতিমুক্ত এই ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য সব সময় উৎসবমুখর রাখা হবে।