নতুন গাড়ির কাগজপত্র আছে তো!
চলাচলের জন্য যানবাহন তো লাগেই। ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য গাড়ি, মোটরবাইক, মাইক্রোবাস থেকে শুরু করে রাস্তায় চলাচলের জন্য বাস, মিনিবাস, ট্যাক্সিক্যাব, অটোরিকশাসহ সব যানবাহনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র লাগে। যদি কাগজপত্র ঠিক না রাখা হয়, তাহলে প্রতিনিয়ত নানা ভোগান্তিতে পড়তে হবে। যাঁরা নতুন গাড়ি কেনার পর এখনো নিবন্ধন (রেজিস্ট্রেশন) করেননি কিংবা গাড়ির ফিটনেস সার্টিফিকেটসহ বিমা ইত্যাদি নবায়ন করেননি, তাঁদের তো সমস্যার মুখোমুখি হতেই হবে। গাড়ি রাস্তায় চললে তার বৈধ কাগজপত্র লাগবে। ঢাকা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রেজিস্ট্রেশন করা যায়। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল—এই ছয়টি বিভাগ ছাড়াও সব জেলা পর্যায়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে রেজিস্ট্রেশন করা যাবে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা—এই তিনটি জায়গায় আছে বিআরটিএর নিজস্ব কার্যালয়। আর বাকি জায়গাগুলোতে জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে নিবন্ধন করার সুযোগ রয়েছে। বিআরটিএর সহকারী পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ নতুন গাড়ি কেনার পর কী করণীয় সে সম্পর্কে জানিয়েছেন। নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র১. আমদানিসংক্রান্ত সব কাগজ।২. ক্রয়সংক্রান্ত কাগজপত্র।৩. ক্রেতার টিআইএন (ট্যাক্স আইডেন্টিটি নম্বর) সনদের অনুলিপি। ৪. তিনটি স্ট্যাম্প আকারের ছবি।ব্যাংকে জমা ও ফি-সংক্রান্ত বিষয়সব কাগজ সংগ্রহ করে নিবন্ধনের জন্য সরকারনির্ধারিত ফি ব্যাংকে জমা দিতে হবে। এর রসিদ বিআরটিএতে জমা দিতে হবে। ব্র্যাক ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইউসিবিএলের ঢাকাসহ অন্যান্য জায়গার কিছু শাখায় ফি জমা দেওয়া যাবে। তার পরই অ্যাকনলেজমেন্ট বা প্রাপ্তি স্বীকার রসিদের ওপর এক দিনের ভেতর নিবন্ধন হয়ে গাড়ি চালানোর জন্য নম্বর দেওয়া হবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে কার, মাইক্রোবাস, মিনিবাস, বাস ৬০০ সিসি পর্যন্ত পাঁচ হাজার ৩০০ টাকা ফি এবং ৬০০ সিসি থেকে ২০০০ সিসি ইঞ্জিনক্ষমতার ফি হচ্ছে ১০ হাজার ৩০০ থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত। ইঞ্জিনক্ষমতা বাড়লে টাকার পরিমাণ বেশি দিতে হবে। এ ছাড়া ভাড়ায় চালিত যানবাহনের ক্ষেত্রে আসনসংখ্যার ওপর নিবন্ধন ফি নির্ধারিত হবে। ১ থেকে ৫২ জন পর্যন্ত ধারণক্ষমতার যানবাহনের ফি চার হাজার ৩০০ থেকে ১৫ হাজার ৩০০ টাকা পর্যন্ত। এগুলোর আবার বার্ষিক বিভিন্ন হারে কর দিয়ে পুনরায় নবায়ন করতে হবে। এ সময় গাড়ির ফিটনেসের ওপর ফি নির্ভর করবে। সতর্কতাগাড়ি কেনার ১৫ দিনের মধ্যে নিবন্ধন করে নেওয়া ভালো।ব্যাংক ছাড়া কোনো ব্যক্তি কিংবা অন্য কারও হাতে টাকা দেওয়া যাবে না।সঠিকভাবে কাগজপত্র জমা দিতে হবে।বিআরটিএ অফিস ছাড়া অন্য কোথাও নিবন্ধন করলে সেটা অবৈধ হবে।