পৃথিবীর মতোই আরেকটি গ্রহ খুঁজে পেয়েছে নাসা। সেটার নাম রাখা হয়েছে কেপলার ৪৫২বি। গ্রহটি মানুষের বসবাসের উপযোগী কি না, তা এখনো নিশ্চিত নন বিজ্ঞানীরা। তবে রস+আলোর গবেষক দল দাবি করছে, গ্রহটিতে মানুষ নির্দ্বিধায় বসবাস করতে পারে! কেন? কারণগুলো পড়ুন।
* কেপলার ৪৫২বি গ্রহে রাজনৈতিক দলের কোনো ছাত্রসংগঠন আছে কি না, তা এখনো জানা যায়নি। না থাকলে গ্রহটি অবশ্যই বসবাসযোগ্য।
* গ্রহটির টেলিভিশনগুলোতে জি বাংলা সম্প্রচার হওয়ার আশঙ্কা খুব কম।
* গ্রহটিতে ‘এইটা-ওইটা টোয়েন্টি ফোর’ ধরনের অনলাইন পত্রিকা নামক চিজ আছে কি না, এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
* সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা সেশনজট নামক কোনো বস্তুর অস্তিত্ব থাকার তেমন প্রমাণ মেলেনি।
* চীন বা যুক্তরাষ্ট্র এখনো গ্রহটিকে নিজেদের অধিকৃত হিসেবে দাবি করেনি।
* কেপলারে প্রতি বর্ষায় সড়ক উন্নয়নের নামে খোঁড়াখুঁড়ি হয় বলেও নাসা কিছু দাবি করতে পারেনি।
* গুম হওয়া রাজনীতিবিদ কেপলার ৪৫২বি-তে আছেন, এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
* নবজ্যোৎ সিং সিধু কিংবা রমিজ রাজা নিশ্চয়ই গ্রহটিতে ধারাভাষ্য দেন না।
* কেপলারে ফেসবুকের কোনো শাখা আছে বলে বিশেষজ্ঞরা এখনো মতামত দিতে পারেননি।
* এখন পর্যন্ত রস+আলোর কেপলার ৪৫২বি সংস্করণ প্রকাশিত হয়নি।