চাকরিজীবনে প্রথমবার প্রবেশের পর সহকর্মীদের সঙ্গে কেমন ব্যবহার করবেন, তা নিয়ে অনেকেই নানা বিড়ম্বনায় পড়েন। নতুন পরিচয়ে কারও সঙ্গে অতিরিক্ত বিনয়ে বিগলিত হয়ে যাচ্ছেন, না হয় একেবারেই কথা না বলে নিজেকে অ-মিশুক প্রমাণ করে ছাড়ছেন। কার সঙ্গে কেমন ব্যবহার করা প্রয়োজন, কাকে কী সম্বোধন করা হবে, সদ্য চাকরিপ্রাপ্তরা এমন অনেক দ্বন্দ্বে ভোগেন কর্মক্ষেত্রের কায়দা-কেতা সম্পর্কে পূর্বাভিজ্ঞতা না থাকায়। একটু মেপে-বুঝে নিজের আচরণবিধি ঠিক করে নিতে পারলেই কিন্তু নতুন কর্মজীবনে সহকর্মীদের সঙ্গে সহজভাবে মিশতে পারেন।কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা বলছিলেন প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ের মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক রুবিনা খান। তিনি বলেন, পেশাদারি কথাটি এখানে খুব গুরুত্বপূর্ণ। নতুন চাকুরে বলে পুরোনো বা জ্যেষ্ঠদের কাছে নিজেকে ছোট ভাবার বা কুণ্ঠাবোধ করার কোনো প্রয়োজন নেই। কারণ, আপনি সেখানে আর সবার মতো কাজ করতেই গেছেন। সহযোগী মনোভাব ও নিজের ব্যক্তিত্ব ধরে রাখুন। দাপ্তরিক পরিবেশ, অন্যদের ব্যক্তিত্ব, আচরণ ইত্যাদি বুঝে সে অনুযায়ী তাদের সঙ্গে মেশাটাই সমীচীন। ব্যক্তিগত জীবন নিয়ে কর্মক্ষেত্রে কথা বলা ঠিক নয়।ভিন্ন ভিন্ন কর্মক্ষেত্রে আলাদা ধরনের দপ্তর-কেতা থাকে, যাকে বলা হয় ‘অফিস কালচার’। খাপ খাইয়ে নিতে হবে এর সঙ্গেও। রুবিনা খান জানান, হয়তো কিছু প্রতিষ্ঠানে সহকর্মীদের আপা বা ভাই বলার রেওয়াজ থাকে। আবার আরেক রকম করপোরেট দুনিয়ায় রয়েছে স্যার বা ম্যাম ডাকার চল। দেখা গেল, টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোতে হয়তো নাম ধরে ডাকাটাই চলছে। চটপট এসব বুঝে নিয়ে রপ্ত করে ফেলা দরকার, তাতে সেখানকার একজন হয়ে ওঠাটা সহজ।একটি বেসরকারি ব্যাংকে কর্মজীবন শুরু করেছেন রায়হান মাহমুদ। তিনি বললেন, ‘প্রথম দিকে নারী সহকর্মীদের সঙ্গে খুব একটা আলাপ করতাম না, এড়িয়ে যেতাম। এখন বুঝি, কাজের স্বার্থে সবার সঙ্গেই সমানভাবে মিশতে হবে। কে আমার সহকর্মী, কে ঊর্ধ্বতন কর্মকর্তা, সেটা লক্ষ রেখে এখন সেভাবে আচরণ করি।’বিপরীত লিঙ্গের সহকর্মীর প্রতি আচরণের ক্ষেত্রে নীতি একটাই—কর্মক্ষেত্রে কে পুরুষ কে নারী—এই বিভেদটা মাথায় রাখা যাবে না। রুবিনা খান মনে করেন, অফিস-সংক্রান্ত কাজে যতক্ষণ একসঙ্গে আছেন, পুরুষ ও নারী উভয় সহকর্মীকেই একে অন্যের প্রতি সমান পেশাদারি আচার ও মনোভাব বজায় রেখে চলতে হবে। তাই পুরুষ বা নারী নয়, আপনার সহকর্মীকে স্রেফ ‘সহকর্মী’ হিসেবেই দেখুন ও মর্যাদা দিন।রুবিনা খান বলেন, অনেক সময় নতুন যাঁরা চাকরি করতে গেছেন, তাঁরা পুরোনোদের কাছে নিজেদের শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের উচ্চমান—এসব বেশি করে প্রদর্শন করেন, যা কখনোই বাঞ্ছনীয় নয়। মনে রাখতে হবে ওখানে যাঁরা রয়েছেন, তাঁরা নতুনদের চেয়ে ঢের বেশি অভিজ্ঞ এবং এই নতুনদের পরেও ভালোমানের শিক্ষা নিয়ে আরও নতুন চাকুরেরা আসবেন। আবার নতুন ব্যক্তিরা অনেকেই নিজেদের গৎবাঁধা কাজের বাইরে কোনো কাজকে বাড়তি খাটুনি ও চাপিয়ে দেওয়া কাজ মনে করেন। অথচ বিভিন্ন প্রকার কাজই দেবে চটজলদি শেখার ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ ও উন্নতির সিঁড়ি। সদ্য ছেড়ে আসা মজাদার ক্যাম্পাসজীবন আর তারপর ভারিক্কি চালের কর্মক্ষেত্র—এই হঠাৎ পরিবর্তনের পাকে অনেকে তাল মেলাতে পারেন না। এ জন্য শিক্ষাজীবনের শেষ বছরটি থেকেই না হয় চাকরিজীবনের জন্য মানসিকভাবে প্রস্তুত করতে থাকুন নিজেকে। এ বিষয়ে নানা কোর্স, সেমিনারে অংশ নিতে পারেন। ইন্টারনেটেও অনেক তথ্য পাবেন। মনে রাখুন— যা আপনি নন, সে রকম চরিত্র হিসেবে নিজেকে উপস্থাপন করতে যাবেন না। প্রথম থেকেই দপ্তরে সবার সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ আচরণ করে চলুন, যা আপনার পক্ষে পরেও বজায় রাখা সম্ভব। কাজের ফাঁকে টুকটাক হাসি-ঠাট্টা চলতেই পারে, তাতে অংশগ্রহণ করুন, তবে তা যেন পরিমিতির মাত্রা ছাড়িয়ে না যায়। প্রথম দফায় কাউকে আপনার ভালো লাগতে না পারে, সেটা প্রকাশ না করে তার সঙ্গে স্বাভাবিক আচরণ করে যাওয়াই ভালো হবে। সহকর্মীকে নিয়ে কোনো সমালোচনা অফিসের অন্য কারও কাছে করতে যাবেন না। কারও সঙ্গে মতে না মিললে বা কেউ আপনার ওপর নিজের মত চাপিয়ে দিলে শান্তভাবে আপনার মত প্রকাশ বা প্রতিক্রিয়া ব্যক্ত করুন। কারও ওপর রাগ হলেও চেঁচামেচি করবেন না, এতে আপনার ভাবমূর্তি খারাপ হবে। প্রাথমিক মেলামেশাটা সহজ করতে সহকর্মীদের সঙ্গে মিলে দুপুরের খাবারটা সারতে পারেন অফিসে। প্রথমেই সবাইকে প্রভাবিত বা নিজেকে জনপ্রিয় করতে যাবেন না। কাজে দক্ষতা, মার্জিত আচরণ, পরিশীলিত ব্যবহারই কর্মক্ষেত্রে আপনার ভালো ভাবমূর্তি গড়ে দেবে।