নতুন চার বিভাগে আসন বেড়েছে ২৯৮টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত চার বছরে নতুন চারটি বিভাগ চালু হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বিভাগের সংখ্যা ৪৩টিতে উন্নীত হলো। এই চার বিভাগ যুক্ত হওয়ায় আসনও বেড়েছে ২৯৮টি। নতুন অন্তর্ভুক্ত বিভাগগুলোর মধ্যে একটি কলা, একটি শিক্ষা ও দুটি বাণিজ্য অনুষদের অন্তর্গত।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন চালু হওয়া বিভাগগুলো হলো মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ এবং সংগীত বিভাগ। সংগীত এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞানের মতো ব্যতিক্রমী বিষয় অন্তর্ভুক্ত হওয়ায় শিল্প-সংস্কৃতি ও ক্রীড়ায় আগ্রহী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ তৈরি হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও অর্থ খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে চালু হয়েছে মানবসম্পদ ব্যবস্থাপনা ও ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স নামের আরও দুটি বিভাগ। আজ থেকে অনলাইনে নতুন এসব বিভাগসহ ৪৩টি বিভাগ ও সাতটি ইনস্টিটিউটে প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ২৫ সেপ্টেম্বর।
প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন বিভাগগুলোর মধ্যে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ ও ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়। ব্যবসায় প্রশাসন অনুষদের এ দুটি বিভাগের প্রতিটিতে ১১৫ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে। কলা অনুষদের অধীনে সংগীত বিভাগের কার্যক্রম শুরু হয় ২০১৫-১৬ শিক্ষাবর্ষে। এ বিভাগে আসন আছে ৩০টি। আর শিক্ষা অনুষদের অধীনে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে গত শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এবার এ বিভাগে ভর্তি হতে পারবেন ৩৮ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক এ এফ এম আওরঙ্গজেব প্রথম আলোকে বলেন, এ বিভাগের শিক্ষার্থীদের চাকরির জন্য ভাবতে হবে না। তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল। ম্যানুফ্যাকচারিং সেক্টর, পোশাক খাত, শিল্প খাত, শিপিং খাতসহ সব ক্ষেত্রে তাঁদের চাকরির সুযোগ রয়েছে। মোটকথা যেখানে মানুষ আছে সেখানেই এ বিভাগের শিক্ষার্থীদের চাহিদা রয়েছে।
এ এফ এম আওরঙ্গজেব আরও জানান, দেশের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ বিভাগ চালু আছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম এই বিভাগ চালু হয়েছে।
ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের সভাপতি অধ্যাপক সুলতান আহমেদ জানান, যেসব শিক্ষার্থীর ভবিষ্যতে ব্যাংকার হওয়ার ইচ্ছা, তাঁরা এ বিভাগে ভর্তি হতে পারেন। তাঁরা ব্যাংকিং সেক্টরে প্রবেশের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক সৌরেন্দ্র নাথ বিশ্বাস প্রথম আলোকে বলেন, শুদ্ধ সংগীতের প্রচার এবং শেখানোর জন্য বিভাগটি চালু করা হয়েছে। এ বিভাগের শিক্ষার্থীদের উচ্চাঙ্গসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত, বিদেশি গানসহ বিভিন্ন ধরনের সংগীত শেখানো হয়। যাঁরা এ বিভাগে পড়তে চান, তাঁদের অবশ্যই সংগীতের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। যাঁদের সংগীত বিশারদ হওয়ার ইচ্ছা, তাঁরা এ বিভাগটিতে ভর্তি হতে পারেন।
ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস অ্যান্ড সায়েন্স বিভাগের সভাপতি এ এইচ এম রাকিবুল মাওলা জানান, যাঁরা খেলাধুলায় আগ্রহী, তাঁদের জন্য চালু হয়েছে এই বিভাগ। এই বিভাগের শিক্ষার্থীরা মূলত ক্রীড়া বিশারদ হবেন। তাঁরা ক্রীড়া সম্পর্কিত যে কোনো পদে চাকরি করতে পারবেন। তাঁরা বিভিন্ন ক্রীড়া সংস্থার কর্মকর্তা, শারীরিক শিক্ষা ও খেলাধুলা শিক্ষক ও বিসিএস ক্যাডার হতে পারবেন। এ বিভাগে পড়তে হলে শিক্ষার্থীদের অবশ্যই খেলাধুলায় পারদর্শী হতে হবে। আর ভর্তির জন্য শিক্ষার্থীদের এইচ ইউনিট থেকে ফরম উত্তোলন করতে হবে।