নতুন চিকিৎসকদের আলোকিত একদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনটি ছিল শনিবার। ৬ ফেব্রুয়ারি ২০১০, বেলা ১০টা। ফেব্রুয়ারি মাস মানেই চারদিকে বেশ একটা উৎসব উৎসব ভাব। একদিকে বইমেলা শুরু, আরেক দিকে ফাগুন আসছে—সেই আনন্দে মানুষের সঙ্গে আকাশ-বাতাসের মনেও রং লাগে। তবে এই ৬ তারিখে একটু বেশি রঙ লেগেছিল ঢাকা মেডিকেল কলেজে। এই কলেজের ব্যাচ কে-৬১-এর ছেলেমেয়েরা ডাক্তার হয়েছে সবে এক মাস হলো। শুরু হয়েছে তাঁদের ইন্টার্নি। গত বছরের মতো এবারও কর্তৃপক্ষ চেয়েছেন তাঁদের জন্য একটি ইনডাকশন অনুষ্ঠান আয়োজন করতে। একটু দেরিতে হলেও অবশেষে এই দিনে তা হতে যাচ্ছে। ‘পরিবর্তনের আলোকে আলোকিত চিকিত্সক’ এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন এই কলেজের ইন্টার্নি কো-অরডিনেটর আবদুল হানিফ। তিনি তাঁর দলবল নিয়ে চালাচ্ছেন শেষ মুহূর্তের তোড়জোড়। শুরুতেই ছিল একাডেমিক সেশন। এ অংশে কমিউনিকেশন স্কিল ও এথিক্সের ওপর নতুন চিকিৎসকদের ব্রিফ করলেন দুজন শ্রদ্ধেয় অধ্যাপক মো. ইসমাইল খান ও খান আবুল কালাম আজাদ। এরই মধ্যে বিশিষ্ট অতিথিরা এসে পৌঁছেছেন। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ ও আনিসুল হক। আরও ছিলেন এ প্রতিষ্ঠানের বহু শিক্ষক, পুরোনো ও নতুন ছাত্ররা।এরপর শুভেচ্ছা বক্তব্য দিতে এসে দুজন নতুন চিকিৎসক শোনালেন তাঁদের স্বপ্নের কথা, আশার কথা—করলেন দেশ সেবার অঙ্গীকার। একে একে সবার বক্তব্যে উঠে আসল আলোকিত মানুষ হওয়ার কথা। ঢাকা মেডিকেলের প্রাক্তন ছাত্র ও জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব আব্দুন নুর তুষার বললেন, এই দেশটা গড়ে তোলার দায়িত্ব এখন এই প্রজন্মের, যুদ্ধ এখন আমাদের। তার সঙ্গেই তিনি তার ছাত্রজীবনের নানা মজার স্মৃতির কথা বললেন। টিভির বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপক এই ব্যক্তি যে এতটা হাসাতেও পারেন তা সবাইকে ভালোই বুঝিয়ে দিলেন। এর মধ্যে অধ্যাপক এম ইকবাল আসলাম এসে দিলেন বহু প্রতীক্ষিত ঘোষণা। অবশেষে ছয় হাজার ৫০০ টাকা থেকে ইন্টার্নি চিকিৎসকদের ভাতা বেড়ে হয়েছে ১০ হাজার টাকা। কিছুদিন ধরে এ রকম আশার বাণী শুনলেও তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের শেষ ছিল না নতুন চিকিৎসকদের ভেতরে। অবশেষে সে সবের আনন্দময় পরিসমাপ্তি হলো। সঙ্গেই আরেকটি সুখবর এল যে ক্লিনিকে চিকিৎসকদের ভাতাও বৃদ্ধি পেতে যাচ্ছে। এরপর অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ তাঁর বক্তব্যে আরেকবার উপলব্ধি করালেন যে শুধু পুঁথিগত বিদ্যায় আলোকিত নয়, আলোকিত হতে হবে মানুষকে ভালোবেসে, সফল হওয়ার আগে, হতে হবে অনেক বড় মানুষ। সবার শেষে এল আরেকবার শুরু হওয়ার পালা। সভাপতির সঙ্গে শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মজীবনে পা দিলেন নতুন চিকিৎসকেরা। চিকিৎসক ভাষায় যাকে বলা হয় হিপক্রেটস ওথ। সমস্বরে সবাই প্রতিজ্ঞা করলেন, বৃহত্তর মানবসমাজের সেবার। তার পরও ‘শেষ হয়েও হইল না শেষ’। ভোজনপর্ব সমাধার পর সবার আব্দুল্লাহ আবু সায়ীদ ও আনিসুল হকের সঙ্গে একটু হলেও কথা বলতে চায়, জীবনের এই দিনকে তাঁরা ভুলবেন না কোনো দিন—তাও যেমন সত্য, তেমনি এই স্বপ্নের মুহূর্তকে ক্যামেরায় ধরে রাখার সুযোগটুকুই বা কেন তাঁরা ছাড়বেন। ছবির তোলার পালা যখন চলছে, তখন জানা গেল, অনুষ্ঠানের পরিচালক আবদুল হানিফ স্যারের আজ জন্মদিন। তাঁকে আমরা জানি টাবলু স্যার বলে। সঙ্গে সঙ্গে হাততালি ও গান গেয়ে সবাই মেতে উঠল শিশুর মতো, তাদের দেখে তখন বোঝা দায় যে এরাই কিছুক্ষণ আগে এত গুরুগম্ভীর আলোচনা করেছিলেন। শুধু ইন্টার্নি নয়, স্যারের জীবনের এই জন্মদিন নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে।এভাবেই আনন্দ, পরিবর্তনের প্রত্যাশা, দেশ গড়ার অঙ্গীকার ও আলোকিত মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে শেষ হয়ে গেল অন্য রকম এক অনুষ্ঠানের।