নতুন চেহারা পাচ্ছে চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরে চট্টগ্রামে একগুচ্ছ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে। শুরু হবে আউটার রিং রোড প্রকল্পের বাস্তবায়ন। এগিয়ে যাবে অনেকগুলো প্রকল্পের কাজ। চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) সূত্র এসব তথ্য জানিয়েছে। চট্টগ্রাম আউটার রিং রোড প্রকল্পের অধীনে পতেঙ্গা সমুদ্রসৈকত থেকে সাগরিকা পর্যন্ত সমপ্রসারণে প্রায় সাড়ে ছয় কিলোমিটার কাজের সম্ভাব্যতা যাচাই কাজও ইতিমধ্যে শেষ হয়েছে। প্রকল্প পরিচালক কাজী হাসান বিন সামস প্রথম আলোকে বলেন, ‘সড়কের নকশার কাজ শেষ হওয়ার পথে। আগামী এক মাসের মধ্যে ভূমি অধিগ্রহণের প্রস্তাব জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। তিন-চার মাসের মধ্যে অধিগ্রহণ কাজ শেষ করা গেলে আগামী বর্ষার আগেই আমরা সড়ক সমপ্রসারণকাজ শুরু করতে পারব বলে আশা করছি।’ সূত্র জানায়, বর্তমানে চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প এটি। জাপানি সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে ৮৫৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। আউটার রিং রোড ছাড়াও এ বছরই শেষ হবে বহদ্দারহাটের উড়াল সড়কের কাজ। একই সময়ে নতুন করে শুরু হচ্ছে শুলকবহর থেকে ওয়াসা পর্যন্ত নতুন উড়াল সড়ক নির্মাণ প্রকল্প। এ ছাড়াও বর্তমানে সমপ্রসারণের আওতাধীন পাঠানটুলী, ডিটি ও চট্টগ্রাম কলেজ সড়কের কাজও সিংহভাগ শেষ হবে বলে মন্তব্য করেছেন চউক চেয়ারম্যান আবদুচ ছালাম। তিনি বলেন, ‘নতুন বছরে নতুন চেহারা পাবে চট্টগ্রাম। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি।’ এসব কাজের বাইরে চউকের আরেকটি সড়ক সমপ্রসারণ প্রকল্প বর্তমানে একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সেটি হচ্ছে সিরাজদ্দৌলা সড়ক থেকে চাক্তাই পর্যন্ত বাকলিয়া সংযোগ সড়ক। দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার সড়ক যোগাযোগ সমপ্রসারণ করতে এ প্রকল্প নেওয়া হয় বলে চউক সূত্র জানায়। চউকের পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনও নতুন বছরে তিনটি প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে ৩৪৪ কোটি টাকা ব্যয়ে নগরের সড়ক সমপ্রসারণ ও উন্নয়ন, চাক্তাই খালের দুই পাশে সড়ক নির্মাণ ও ২৯৭ কোটি টাকা ব্যয়ে বহদ্দারহাট থেকে বলিরহাট হয়ে কর্ণফুলী পর্যন্ত একটি খাল খনন। নতুন খাল খনন প্রসঙ্গে চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের উন্নয়ন মহাপরিকল্পনায় এ খাল খননের বিষয়টি উল্লেখ রয়েছে। এটি খনন করা হলে বহদ্দারহাটসহ নগরের জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। সে অর্থে এ টাকা তেমন বেশি নয়। তা ছাড়া বেশির ভাগ টাকাই ব্যয় হবে ভূমি অধিগ্রহণে। এটিও বর্তমানে একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানান মেয়র।তবে সরকারের কাছ থেকে চাহিদা অনুযায়ী অর্থ না পাওয়ায় নগরের ঘনবসতিপূর্ণ এলাকা বাকলিয়ার ডিসি সড়কের সমপ্রসারণ কাজটি শুরু করা যাচ্ছে না বলে চউক ও সিটি করপোরেশন সূত্রে জানা গেছে। দুই প্রতিষ্ঠান ভাগ করে সড়কটি সমপ্রসারণের কথা ছিল। এ প্রসঙ্গে মেয়র বলেন, ‘আমরা বাংলাদেশ পৌর উন্নয়ন তহবিল (বিএমডিএফ) থেকে ১০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছি। ১০ কোটি টাকার উন্নয়ন কাজও শুরু হচ্ছে শিগগির। এসব কাজ পর্যায়ক্রমে চলবে।’ এদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী তৃতীয় সেতু থেকে সদরঘাট পর্যন্ত প্রায় ১০০ ফুট প্রস্থের সড়কের জন্য ভরাট কাজ শুরু করেছে। ভরাট শেষ হলেই শুরু হবে সড়কটির নির্মাণকাজ।