নতুন জরিপে ধসের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কঠিন সময়ের মধ্য দিয়ে চলছে ভারতের কেন্দ্রীয় ইউপিএ (ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স বা সংযুক্ত প্রগতিশীল মোর্চা) সরকার। ২২ মে দ্বিতীয় ইউপিএ সরকার চতুর্থ বছরে পা দিল। কিন্তু একদম স্বস্তিতে নেই তারা। নানা ঘটনায় এই সরকারের জনপ্রিয়তা বেশ কমে গেছে। ১২৬ বছরের পুরোনো দল কংগ্রেসের ওপরও আস্থা হারিয়ে ফেলেছেন অনেকে।ইউপিএ সরকারের বর্ষপূর্তির প্রাক্কালে এবিপি নিউজ-এসি নিয়েলসন এবং হিন্দুস্তান টাইমস-সি ফোর পৃথকভাবে দুটি সমীক্ষা চালায়। প্রসঙ্গত, স্টার নিউজ ১ জুন থেকে হয়ে যাচ্ছে এবিপি নিউজ। তো ওই দুই সমীক্ষায় ফুটে উঠেছে সরকারের জনপ্রিয়তায় ধস নামার নানান ছবি। এবিপি নিউজ ভারতের ২৮টি শহরে এবং হিন্দুস্তান টাইমস ১১টি শহরে এই সমীক্ষা চালায়। এবিপি নিউজের সমীক্ষায় বলা হয়েছে, এখনই নির্বাচন হলে কংগ্রেস পাবে ২০ শতাংশ ভোট আর বিজেপি পাবে ২৮ শতাংশ ভোট। সমীক্ষায় প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন ও রাহুল গান্ধীকে পেছনে ফেলে পছন্দের শীর্ষে উঠে এসেছে বিজেপি নেতা ও গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। সমীক্ষায় আরও বলা হয়েছে, গত নির্বাচনে যাঁরা কংগ্রেসকে ভোট দিয়েছেন এবার তাঁদের সবাই দলটিকে ভোট দিতে রাজি নয়। এদের ৬৯ শতাংশ বলেছেন, তাঁরা কংগ্রেসকেই ভোট দেবেন। অন্যদিকে হিন্দুস্তান টাইমস ও সি-ফোরের জনমত সমীক্ষা বলছে এখন নির্বাচন হলে জয়ের সম্ভাবনা বিজেপিরই বেশি। ভারতের ১১টি গুরুত্বপূর্ণ শহরের পাঁচ হাজার ২৩ জন ভোটারের মধ্যে এই সমীক্ষা চালানো হয় ১ থেকে ১০ মে পর্যন্ত। সমীক্ষায় বলা হয়, এই মুহূর্তে ভোট হলে বিজেপি পাবে ৩৯ শতাংশ, কংগ্রেস ৩৪ শতাংশ, আঞ্চলিক দল ৮ শতাংশ এবং বামদল ৫ শতাংশ। বিজেপির সেরা প্রধানমন্ত্রী হিসেবে ৫৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন নরেন্দ্র মোদী, ২৪ শতাংশ লালকৃষ্ণ আদভানি ও ১৫ শতাংশ সুষমা স্বরাজকে। বর্তমান প্রধানমন্ত্রীর কাজের মূল্যায়ন করে মাত্র ৪ শতাংশ ভোটার বলেছেন খুব ভালো, ২১ শতাংশ বলেছেন ভালো, ৪৪ শতাংশ বলেছেন গড়পড়তা আর ২৯ শতাংশ বলেছেন খারাপ। হিন্দুস্থান টাইমস-এর জরিপে বর্তমান ইউপিএ সরকার মেয়াদ পূর্ণ করতে পারবে কি না—এই প্রশ্নের জবাবে ৪৪ শতাংশ বলেছে, হ্যাঁ। না বলেছে ২৪ শতাংশ। রাহুল গান্ধী কি কংগ্রেসের ভাগ্য ফেরাতে পারবেন—এই প্রশ্নের জবাবে মাত্র ৪১ শতাংশ বলেছে পারবে, ৩৩ শতাংশ বলেছে পারবে না। দ্বিতীয় ইউপিএ সরকারের কাজের মূল্যায়ন নিয়ে ১ শতাংশ বলেছে খুব ভালো, ১৮ শতাংশ ভালো, ৫২ শতাংশ গড়পড়তা ও ২৬ শতাংশ বলেছে খারাপ। দুটি জনমত সমীক্ষায় এই চিত্র ফুটে ওঠায়, এখন খুবই উদ্বিগ্ন কংগ্রেস। দু-একটি বিরোধী দল অবিলম্বে ‘দুর্নীতিগ্রস্ত’ কংগ্রেস সরকারকে পদত্যাগ করে নতুন করে জনগণের রায় নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে অধিকাংশ বিরোধী দল এই মুহূর্তে দেশে নির্বাচন চায় না। লোকসভার নির্বাচন হতে এখনো প্রায় দুই বছর বাকি। ২০১৪ সালের এপ্রিল-মে মাসে নির্বাচন হওয়ার কথা। নতুন জনমত সমীক্ষা কংগ্রেসকে হতাশ করলেও উজ্জীবিত করেছে এনডিএ জোটের প্রধান বিজেপিকে। যদিও বিজেপির নিজের রয়েছে নেতৃত্বের তীব্র কোন্দলের সমস্যা। বর্তমান মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আছে দীর্ঘ আট বছর ধরে। সেই ২০০৪ সাল থেকে। সর্বশেষ ২০০৯ সালের নির্বাচনে জয়ী হয়ে কংগ্রেস জোট ক্ষমতায় বহাল থাকে। এই দ্বিতীয় মেয়াদের সরকার বেশ কিছুদিন ধরেই নানা দুর্নীতির জালে আটকে সমালোচনার মুখে পড়ে। মোবাইল ফোনের তরঙ্গ দৈর্ঘ্য বরাদ্দের টুজি কেলেঙ্কারি, কমনওয়েলথ গেমস, আইপিএল, মহারাষ্ট্রের আদর্শ আবাসন কেলেঙ্কারির মতো একের পর এক দুর্নীতির অভিযোগ ইউপিএ সরকারের ভিত নড়িয়ে দেয়। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে বাড়তে থাকে গণ-অসন্তোষ। এসবের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে দেশজুড়ে জনপ্রিয় হয়ে ওঠেন সমাজসেবী আন্না হাজারে। জোট শরিকদের দ্বন্দ্বও তীব্রভাবে মাথাচাড়া দিয়ে ওঠে ইউপিএতে। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শরিকেরা নতুন নতুন দাবি তুলে সরকারকে অস্বস্তিতে ফেলে।  অমর সাহা, কলকাতা