নতুন জাতের ঢ্যাঁড়স চাষে দ্বিগুণ লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাত্র ৪০ দিনে ঢ্যাঁড়সের এমন ফলন পাব তা প্রথমে বিশ্বাস করতে পারিনি। সন্দেহ নিয়েই পাঁচ গন্ডা (১০ শতক) জমিতে হাইব্রিড স্টার প্লাস-১ জাতের ঢ্যাঁড়স চাষ করি। ৪০ দিনের মাথায় মাত্র এক ফুট উচ্চতার ছোট গাছে ঢ্যাঁড়সের বাম্পার ফলন দেখে আমি অবাক। দেড় মাসেই দ্বিগুণের বেশি মুনাফা।’ হঠাৎ কিছু বেশি পাওয়ার মতোই হাসিমুখে বলছিলেন চন্দনাইশ উপজেলার শঙ্খচরের চাগাচর এলাকার চাষি আবদুল হাফেজ। তাঁর সাফল্যে উদ্বুদ্ধ হয়ে একই জাতের ঢ্যাঁড়স চাষে এগিয়ে এসেছেন অনেকে। আগামী দিনে আরও অনেকে এ রকম ঢ্যাঁড়স চাষ করে ভালো মুনাফা অর্জনের স্বপ্ন দেখছেন। আবদুল হাফেজ জানান, তাঁকে দোহাজারী চাষি কল্যাণ বীজ ভান্ডারের মালিক আবদুল মালেক হাইব্রিড স্টার প্লাস-১ জাতের ঢ্যাঁড়স চাষের পরামর্শ দিয়ে বলেন, ‘৪০ দিনের মধ্যে ঢ্যাঁড়সের ফলন পাওয়া যাবে। এতে লাভও হবে প্রায় দ্বিগুণ।’ কিন্তু প্রথমে তা হাফেজের বিশ্বাস হচ্ছিল না। মালেকের বারবার অনুরোধের পরিপ্রেক্ষিতে গত অক্টোবরের মাঝামাঝি সময়ে চাগাচর এলাকায় ১০ শতক জমিতে ঢ্যাঁড়স চাষ করেন তিনি। নভেম্বরের শেষে দেখেন স্থানীয় বীজ থেকে পাওয়া ফলনের চাইতে দ্বিগুণ ফলন হয়েছে। ১০ শতক জমিতে ঢ্যাঁড়স চাষ করতে বীজ, সার, কীটনাশকসহ তাঁর খরচ হয়েছে প্রায় পাঁচ হাজার টাকা। এ পর্যন্ত তিনি খেত থেকে আট হাজার টাকার ঢ্যাঁড়স বিক্রি করেছেন। কয়েক দিনে আরও তিন-চার হাজার টাকার ঢ্যাঁড়স বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।এলাকার আবদুল কুদ্দুস, আবদুল মোমেন এবং আবদুর রহিম জানান, হাফিজের দেখাদেখি তাঁরাসহ ছয়-সাতজন স্টার প্লাস-১ জাতের হাইব্রিড ঢ্যাঁড়সের চাষ করেছেন। তাঁদের প্রত্যেকের ১৫-২০ শতক জমিতে ঢ্যাঁড়স চাষ করতে ছয়-সাত হাজার টাকা খরচ হয়েছে। এরই মধ্যে খরচ উঠে তিন-চার হাজার টাকা করে লাভ পাওয়া গেছে। চন্দনাইশ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা তপন কুমার দে বলেন, কয়েকটি খেতে হাইব্রিড স্টার প্লাস-১ জাতের ঢ্যাঁড়স চাষ হয়েছে। তাতে ভালো ফলন হওয়ায় চাষিদের খুশি দেখা গেছে। আশা করি, এ জাতের ঢ্যাঁড়সের চাষ বাড়বে।