নতুন জাতের বিলাতি গাব
পাহাড়ে নতুন জাতের বিলাতি গাবের চাষ হচ্ছে। ২০১১ সালে খাগড়াছড়ি পাহাড়ি কৃষি-গবেষণাকেন্দ্রের বিজ্ঞানীরা বারি-১ নামে একটি উন্নত জাতের বিলাতি গাব উদ্ভাবন করে কৃষকদের মধ্যে বিলি করেন।খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবদুর রউফ জানান, তাঁরা গাবচাষের জন্য কৃষকদের প্রশিক্ষণ দিয়েছেন। বিভিন্ন বাড়ি গিয়ে দেখা যায়, গবেষণায় উদ্ভাবিত বারি-১ জাতের বিলাতি গাব অনেক বাড়িতে লাগানো হয়েছে। খাগড়াছড়ির খেজুরবাগান হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ ওমর ফারুক জানান, কাঁচা গাবের কষ জালে লাগিয়ে জাল শক্ত ও টেকসই করা হয়। পাকা ফলের স্বাদ খুবই মিষ্টি। পাকা গাবের শাঁস নরম ও মিষ্টি। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাজহারুল করিম জানান, পার্বত্য অঞ্চলে গাব চাষ সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিলাতি গাবে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে, রক্ত-আমাশয় ও উদরাময় রোগের উপশম করে। তিনি বলেন, গাছের বাকলও চিকিৎসার কাজে লাগে। তাই গাবচাষে চাষিরা নানাদিক থেকে লাভবান হতে পারেন। খাগড়াছড়ি পাহাড়ি কৃষি-গবেষণাকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তারা জানান, গাবের বীজ থেকে চারা হয়। বীজ বপনের পর ফল ধরতে আট থেকে ১০ বছর সময় লাগে। কলমের গাছে পাঁচ থেকে ছয় বছরেই ফল ধরতে শুরু করে। একটি গাছে ১০০ থেকে ৫০০টি পর্যন্ত ফল ধরে।