নতুন জাতের মাশরুম চাষে দুই ভাইয়ের সাফল্য

সুদর্শন চাকমা ও সুমন চাকমা যমজ ভাই। কয়েক বছর ধরে খাগড়াছড়ির এই দুই তরুণ নিরলস গবেষণা করে নতুন জাতের মাশরুম ফলিয়েছেন। খাওয়ার যোগ্য মাশরুমের পাশাপাশি ওষধি গুণাগুণসম্পন্ন মাশরুম চাষ করে সাফল্য পেয়েছেন তাঁরা। বাণিজ্যিকভাবে বিক্রির পাশাপাশি এলাকার কৃষকদের প্রশিক্ষণ দেন তাঁরা। বিতরণ করছেন মাশরুমের বীজও।

বর্তমানে মিল্কি হোয়াইট নামের নতুন জাতের মাশরুম চাষ করছেন এ দুই ভাই। পুষ্টি ও স্বাদের জন্য সারা বিশ্বেই মিল্কি হোয়াইট জাতের মাশরুমের কদর আছে। এ ছাড়া ওষধি গুণসম্পন্ন জিএল-৪ ও জিএল-৭ মাশরুমও উৎপাদন করছেন তাঁরা। থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা এসব মাশরুম তাঁরা উৎপাদন করছেন টিস্যু কালচারের মাধ্যমে। এই উন্নত প্রযুক্তির মাধ্যমে বীজ উৎপাদনেও সফল হয়েছেন। বর্তমানে মাশরুম ও এর বীজ বিক্রি করে মাসে ৪০ হাজার টাকা আয় হচ্ছে দুই ভাইয়ের।
খাগড়াছড়ি এলাকার খবংপড়িয়া গ্রামে মাশরুমচাষিদের নিয়ে কল্যাণ সমিতিও গড়ে তুলেছেন তাঁরা। সেখানেই তাঁদের গবেষণাগার। বর্তমানে তাঁদের গবেষণাগারে মাসে ছয় হাজার বীজ উৎপাদিত হচ্ছে। তিন থেকে চার শ চাষি এই বীজ সংগ্রহ করে মাশরুম চাষ করছেন। তাঁদের লক্ষ্য খাগড়াছড়িতে একটি বড় আকারের মাশরুম উৎপাদনকেন্দ্র প্রতিষ্ঠা করা। যেখান থেকে প্যাকেটজাত মাশরুম ও মাশরুম থেকে তৈরি বিভিন্ন খাবার বিপণন হবে। ইতিমধ্যে ইউএনডিপিসহ বিভিন্ন উন্নয়ন সংস্থা এগিয়ে আসায় লক্ষ্যের দিকে এগিয়েও যাচ্ছেন তাঁরা।
১৮ জুন খাগড়াছড়ি সদরের খবংপড়িয়া গ্রামের মাশরুম চাষি কল্যাণ সমিতির কার্যালয়ে গিয়ে দেখা যায়, দুই ভাই গবেষণাগারে মাশরুম পরিচর্যায় ব্যস্ত। তাকের ওপর থরে থরে সাজানো মাটিভর্তি প্লাস্টিকের ব্যাগ থেকে গজিয়েছে মাশরুম। দুধ রঙের মিল্কি হোয়াইট বাজারের প্রাপ্ত মাশরুমের চেয়ে দেখতে বেশ আলাদা। অন্য দিকে ওষধি গুণসম্পন্ন জিএল-৪ ও জিএল-৭ মাশরুম দেখতে অনেকটা ফুলের পাপড়ির মতো। এই কয়েক জাতের মাশরুম ছাড়াও আছে ওয়েস্টার জাতের মাশরুম।
একসময় সাভার রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার শ্রমিক হিসেবে কাজ করতেন সুমন চাকমা। ২০১১-১২ সালে জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্রে দুই মাসের প্রশিক্ষণ নেন তিনি। প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরে মাশরুম চাষ শুরু করেন। তার সঙ্গে যোগ দেন যমজ ভাই সুদর্শন চাকমা। দুই ভাই প্রথমে মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকায় ও পরবর্তী সময়ে খাগড়াছড়ি সদরে মাশরুম চাষ শুরু করেন।
মাশরুম চাষ করতে গিয়ে দুই ভাই লক্ষ করলেন, খাগড়াছড়িতে মাশরুম চাষের প্রধান অন্তরায় ভালো বীজের অভাব। তাই তাঁরা ঠিক করলেন নিজেরাই বীজ উৎপাদন করবেন। পাশাপাশি প্রচেষ্টা চালান খাগড়াছড়ির মাশরুম চাষিদের সংগঠিত করার। ২০১৩ সালের এপ্রিল মাসে গঠন করা হয় খাগড়াছড়ি পার্বত্য জেলা মাশরুম চাষি কল্যাণ সমিতি। এ সমিতির সদস্যদের মাশরুম চাষ, পরিচর্যার বিভিন্ন পরামর্শ ও প্রশিক্ষণ দেন তাঁরা।
সম্ভাবনার পাশাপাশি কিছু সমস্যার কথাও জানালেন তাঁরা। মাশরুম গবেষণা কেন্দ্রের তাপমাত্রা সব সময় ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হয়। এর বেশি তাপমাত্রা হলে বীজ নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহার করতে হয়। কিন্তু খাগড়াছড়িতে বিদ্যুতের সমস্যা প্রকট বলে উৎপাদন ব্যাহত হচ্ছে। এ ছাড়া ওষধি মাশরুম ফলাতে প্রয়োজন হয় গাছের গুঁড়ির। কিন্তু প্রয়োজন অনুযায়ী গাছের গুঁড়িও মেলে না।
পাহাড়ে মাশরুম চাষ ছড়িয়ে দিতে চান সুমন ও সুদর্শন। সে লক্ষ্যে প্রতিষ্ঠা করতে চান মাশরুম উৎপাদন কেন্দ্র। যেটির দৈনিক উৎপাদন হবে এক মণ। এমন লক্ষ্য অর্জন কঠিন হলেও অসম্ভব নয় বলেই মনে করেন তাঁরা।