নতুন জামা পরা হলো না ফাহিমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ঈদে (ঈদুল ফিতর) ফাহিমের বয়স ছিল মাত্র দেড় মাস। খুব বেশি ছোট হওয়ায় সেই ঈদে তাকে নতুন জামা কিনে দেওয়া হয়নি। এবার ঈদুল আজহার সময় ওর বয়স চার মাস হওয়ায় তার জন্য একসেট নতুন জামা কিনবেন বলে ঠিক করেন ওর মা। আর জামা কিনতে গিয়েই পৃথিবী থেকে চিরবিদায় নিলেন শিশু ফাহিমসহ মা ফাতেমা বেগম (২৫)। গত ঈদের আগের দিন কাপ্তাইয়ে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তাঁরা। কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলছিলেন ফাতেমার স্বজনেরা ।একই দুর্ঘটনায় মারা যান কাপ্তাইয়ে অবস্থিত ৪ বর্ডার গার্ড বাংলাদেশের নায়েক মো. আবদুস সালাম। তিনি ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়ি গোপালগঞ্জ যাচ্ছিলেন। জানা যায়, ঈদের আগের দিন (গত ২৬ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের উদ্দেশে কাপ্তাই ছেড়ে যায় যাত্রীবাহী বাস নূরে মদিনা। বাসে ৫৫ জন যাত্রী ছিলেন। বাসটি রেশমবাগান নামক স্থানে আসার পর স্থানীয় একটি সেতুর রেলিং ভেঙে প্রায় এক শ ফুট গভীর পাহাড়ি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজনসহ মোট সাতজনের প্রাণহানি ঘটে। এ ছাড়া সব যাত্রীই কমবেশি আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, ৪ বর্ডার গার্ড বাংলাদেশ, কাপ্তাই ফায়ার সার্ভিস, প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজন ছুটে এসে হতাহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করেন। ওই দিন হাসপাতালে গিয়ে দেখা যায় দুর্গটনায় কেউ মাথায়, কেউ হাত ও পায়ে আঘাত পেয়েছেন। মহিলা ওয়ার্ডে কাতরাচ্ছিলেন খাগড়াছড়ির অনিমা চাকমা (৬০)। পুরুষ ওয়ার্ডে আহত অবস্থায় ছটফট করছিলেন তাঁর ছেলে বিজয় চাকমা (২৫)। সন্ধ্যা সাতটায় অনিমা চাকমা মারা যান। রাত ১০টা পর্যন্ত ছেলেকে মায়ের মৃত্যুসংবাদ শোনানো হয়নি। অনিমার স্বজনেরা জানান, তাঁরা কয়েকজন খাগড়াছড়ি থেকে কাপ্তাইয়ের চিৎমরম এসেছিলেন বৌদ্ধবিহারে শ্রমণ করাতে। শ্রমণ করানো শেষে তাঁরা চট্টগ্রাম হয়ে পুনরায় খাগড়াছড়ি যাবার জন্য নূরে মদিনা নামের বাসটিতে উঠেছিলেন।কাপ্তাই থানা সূত্র জানায়, বিজিবির নায়েক আবদুস সালাম, ফাতেমা, মো. ফাহিম ও অনিমা চাকমা ছাড়াও আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য মৃত ব্যক্তিরা হলেন কাপ্তাই উপজেলার শীলছড়ির বাসিন্দা শাহজাহান বেগম (৬২), মাজেদা বেগম (৬০), আবদুল আজিজ (৬৫)।