নতুন ঠিকানার গোছগাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

আপন আবাসে খেয়ালখুশি মতো ঘর-দুয়ার সাজিয়ে থাকতে কে না চান। শহুরে জীবনে নিজস্ব বাড়ি সবার নেই। তবে ভাড়াবাড়িতেও নিজের চাহিদা আর শখ মিটিয়ে থাকতে চান সবাই। স্বাভাবিক এই চাওয়ার মধ্যেও ঝক্কি-ঝামেলা হয়ে দেখা দিতে পারে বাসা বদলের চিন্তা। এমনটা হলে ঝক্কি কমানো যায় কীভাবে তা জেনে নেওয়া যাক।
ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রিনিউরশিপ বিভাগের প্রভাষক তাসমিয়া জান্নাত বলেন, ‘বাসা বদলের সময় সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রয়োজন অনুসারে ব্যবহারসামগ্রী গুছিয়ে নেওয়ার পরিকল্পনা করা বেশ গুরুত্বপূর্ণ।’
কাজের ধরন অনুযায়ী আলাদা আলাদাভাবে কাজ ভাগ করে নিলে ঝামেলা কম হবে। জিনিসপত্র পরিপাটি করে গুছিয়ে নিলে পরে তা খুঁজে পাবেন অনায়াসেই। বাসা বদলের সময় কী করা উচিত, এ সম্পর্কে আরও জানালেন তাসমিয়া জান্নাত-
*বিছানার চাদর, পর্দা, টেবিল ক্লথ প্রভৃতি পরিষ্কারভাবে ধুয়ে ইস্তিরি করে প্যাকেট করে নেওয়া ভালো।
*বাক্সে যে জিনিসগুলো ভরবেন, সেগুলোর নাম বাক্সের ওপর মোটা করে লিখে রাখা ভালো। পরে খুঁজে পেতে সুবিধা হবে।·
*আসবাব পরিষ্কার করে নিয়ে ভালোভাবে কাগজে মুড়িয়ে নিয়ে স্কচটেপ দিয়ে ভালোমতো আটকে নিন। স্কচটেপের পরিবর্তে মজবুত দড়ির সাহায্যেও আসবাবের সঙ্গে কাগজগুলো ভালোমতো বেঁধে নিতে পারেন। আজকাল সহজেই অনেক আসবাবের স্ক্রু খুলে এর বিভিন্ন অংশকে আলাদা করে নেওয়া যায়। এতে আসবাব পরিবহন করতে সুবিধা হয়।

*ড্রেসিং টেবিল বা আলমারির আয়না এবং শোকেসের কাচ ভঙ্গুর। টেলিভিশন ও কম্পিউটার মনিটরেও আঘাত লেগে ক্ষতি হতে পারে। অনেক ক্ষেত্রে আসবাবের আয়না ও কাচ খুলে আলাদাভাবে নেওয়ার সুযোগ থাকে। খুলে নেওয়ার পর এসব ভঙ্গুর সামগ্রী খুব যত্ন করে ভারী কাগজের স্তর দিয়ে পেঁচিয়ে নিন। যেসব জিনিসের ক্ষেত্রে ভঙ্গুর অংশটি সরিয়ে নেওয়া সম্ভব নয়, সেগুলো বহনে বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। পরিবহনের সময় এগুলো উল্টোভাবে রাখলে (অর্থাৎ, গাড়ির আবদ্ধ অংশের দিকে আসবাবের ভঙ্গুর অংশ ঘুরিয়ে রাখলে) ভাঙার আশঙ্কা কম থাকে। তবে যেকোনো আসবাব পরিবহনের আগেই পরিষ্কার করে নিয়ে কাপড় বা কাগজের ভারী স্তর দিয়ে পেঁচিয়ে নিতে ভুলবেন না। কাপড়-কাগজের ওপর দিয়ে পলিথিন পেঁচিয়ে নেওয়াও প্রয়োজন।

*বাসনকোসন বহন করার জন্য বাক্স বা লাগেজের ভেতর ছোট ছোট কাপড় বা কাগজ পেঁচিয়ে রাখুন। এগুলোর মধ্যে ভালোভাবে বসিয়ে নিন কাচ ও সিরামিকের সামগ্রী। মাঝে কোনো ফাঁকা রাখা চলবে না; ফাঁকা থাকলে ওই অংশে কাপড় বা কাগজ ঢুকিয়ে দিতে হবে। শখের ঘড়ি, বাঁধানো ছবি বা অন্যান্য ভঙ্গুর সামগ্রীও একইভাবে বহন করা সম্ভব।

*বাল্ব, ফ্যান সাবধানে খুলে নিয়ে পরিষ্কার করুন। এরপর খুব ভারী কাপড় বা কাগজের স্তর দিয়ে পেঁচিয়ে নিন। বৈদ্যুতিক সামগ্রীর সংযোগ বিচ্ছিন্ন করতে বৈদ্যুতিক মিস্ত্রির সাহায্য নিন।

*গ্যাসের চুলার সংযোগ বিচ্ছিন্ন করতে এবং নতুন বাসায় চুলার সংযোগ দিতে অবশ্যই চুলার মিস্ত্রির সাহায্য নিন। আপনার নতুন বাসা এবং যে বাসা ছেড়ে যাচ্ছেন, গ্যাসের চুলা বা গ্যাসলাইনের ত্রুটিজনিত দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকার দায়িত্ব আপনার। গ্যাসের চুলা কেনার সময় যে প্যাকেটে রাখা থাকে, তা বাসা বদলানোর সময় চুলাটি বহন করতে কাজে লাগাতে পারেন। তবে কেনার সময়কার প্যাকেট সংরক্ষিত না থাকলে অবশ্যই নতুন প্যাকেটের ব্যবস্থা করতে হবে।

*ফ্রিজ বহনের সময়ও ভারী এবং মজবুত আচরণের প্রয়োজন, নইলে ফ্রিজের গায়ে দাগ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। দা, বঁটি, চাকু, চাপাতি প্রভৃতি ধারালো সামগ্রী বহনের সময় অবশ্যই ভারী কাগজ ও কাপড় দিয়ে শক্তভাবে পেঁচিয়ে নিন।

বাসা বদলের আগে জিনিসপত্র গুছিয়ে নেওয়ার সময়ও কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন। এতে নতুন বাড়িতে উঠেই কোন বাক্স আগে খুলবেন বা কোনটি পরে, সে নিয়ে বিপত্তিতে পড়তে হবে না। এ ব্যাপারে তাসমিয়া জান্নাতের পরামর্শ-

*বাসা বদল করে খুব দূরে কোথাও না গেলে ফ্রিজে সামান্য কিছু হিমায়িত খাবার রাখতে পারেন। অন্তত দুই দিনের খাবার ফ্রিজে ঢুকিয়ে নিলে নতুন বাসায় ওঠার পর ঝক্কি অনেকটা কম হবে।

*বাসা বদলের আগেই সব আসবাব এবং অন্যান্য সামগ্রী পরিষ্কার করে রাখার পাশাপাশি বেশ কিছু পুরোনো কাপড় ও কাগজ জোগাড় করে রাখুন। কাপড় ও কাগজগুলোও যেন পরিষ্কার থাকে, সেদিকে খেয়াল রাখুন।

*পর্দা, তোয়ালে, দুই সেট জামাকাপড়সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী একটি আলাদা বাক্সে গুছিয়ে নিন। এতে নতুন বাসায় গিয়েই এগুলো খুঁজে পাবেন সহজে।

*নির্দিষ্ট ট্রাঙ্ক বা বাক্সে আলাদা কিছু জিনিস গুছিয়ে রাখতে পারেন। পানি, কিছু শুকনো খাবার, রান্নাঘরের সামগ্রী, বাথরুমের প্রয়োজনীয় সামগ্রী, শিশুর খাবার, শিশুর পোশাক, শিশু ও বয়স্ক ব্যক্তিদের প্রয়োজনীয় ওষুধ, বাড়ির স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়পড়ুয়া সদস্যদের বই, খাতা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আলাদা আলাদা বাক্সে রাখুন এবং বাক্সের গায়ে লিখে রাখুন কোনটিতে কী আছে। মালামাল গুছিয়ে রাখতে গিয়ে বা ভারী আসবাব টানতে গিয়ে হাত-পা কেটে যাওয়ার আশঙ্কা থাকে। তাই প্রাথমিক চিকিৎসার সামগ্রী দিয়ে সাজানো একটি বাক্সও কাছে রাখা জরুরি। এই বাক্সটিতে স্যাভলন, তুলা, ব্যান্ডেজ প্রভৃতি রাখা প্রয়োজন।

*চাইলে বাসা বদলের কাজে অভিজ্ঞ লোকজনের সাহায্য নিতে পারেন।

ঢাকার বিভিন্ন এলাকায় বাসা বদলের জন্য নানা প্রতিষ্ঠান রয়েছে। চাইলে অনলাইনেও যোগাযোগ করতে পারেন। প্যাক অ্যান্ড শিফট, ভাড়াবাড়ি ডট কম, ঢাকা মুভার্স, আর এম মুভার্স অ্যান্ড প্যাকার্সসহ অন্যান্য প্রতিষ্ঠান এ ধরনের কাজ করে থাকে। বেশ কিছু প্রতিষ্ঠান ঢাকার বাইরেও কাজ করে দিয়ে থাকে। অনভিজ্ঞ হাতে কাজ করালে জিনিস নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না, তাই সম্ভব হলে এসব প্রতিষ্ঠানের সাহায্য নিতে পারেন।

প্যাক অ্যান্ড শিফটের ব্যবস্থাপনা পরিচালক মো. কাওসার আলম খসরু বলেন, ‘মালামালের পরিমাণ, মালামালের গুণাগুণ, প্যাকেট করার ধরন, কত তলার বাসা থেকে কত তলা বাসায় নেওয়া হচ্ছে, এসবের ওপর খরচ নির্ভর করে। ঢাকা শহরের এক স্থান থেকে অন্য স্থানে মালামাল আনা-নেওয়ার ক্ষেত্রে দূরত্বের সঙ্গে খরচের তেমন সম্পর্ক নেই।’

এ ছাড়া প্রায় প্রতিটি পাড়াতেই বাড়ি বদলের জন্য ভ্যান বা অন্যান্য ব্যবস্থা করার খোঁজ পাবেন। স্থানীয়ভাবেই বাসা বদলের জন্য অনেকে কাজ করেন, তাঁদের সঙ্গে যোগাযোগের জন্য ফোন নম্বরও পেয়ে যাবেন পাড়ার ছোটখাটো দোকানগুলোর আশপাশে লাগানো পোস্টার থেকেই।