চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে নতুন তিনটি বিভাগ। এসব বিভাগে স্নাতক প্রথম বর্ষে (২০১১-১২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। বিভাগগুলো হচ্ছে—বিজ্ঞান অনুষদের অধীনে ফলিত ও পরিবেশ রসায়ন, জীব বিজ্ঞান অনুষদের অধীনে ফার্মেসি এবং কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ প্রথম আলোকে বলেন, ‘যুগের চাহিদা বিবেচনা করে এসব বিভাগ চালু করা হয়েছে। ’জানা যায়, তিনটি বিভাগে আসন রয়েছে ৬০টি। ফলিত ও পরিবেশ রসায়ন এবং ফার্মেসি বিভাগে ২৫টি করে, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে ১০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। প্রশাসন সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিনকে ফলিত ও পরিবেশ রসায়ন এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক মো. আবুল হাসেমকে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন বিভাগ তিনটিতে শিক্ষক নিয়োগের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। ইতিমধ্যে ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগে প্রভাষক পদে শিক্ষক নিয়োগের বিষয়টি অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।