টিনের ছাউনি আধাপাকা ভবনে ১৭৫ বছর কাজ চলার পর অবশেষে নতুন ভবনে শুরু হয়েছে পটিয়া থানার দাপ্তরিক কাজ। ১৮৪৫ সালে নির্মিত জরাজীর্ণ থানা ভবনটি ভেঙে এক কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন তৈরি করা হয়েছে সম্প্রতি। ১৬ ফেব্রুয়ারি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নতুন থানা ভবনে দাপ্তরিক কাজকর্মের জন্য পরিবেশ সৃষ্টি হলেও থানার কর্মকর্তা ও কনস্টেবলদের আবাসন সমস্যার কোনো সমাধান হয়নি। রয়েছে লোকবল ও যানবাহন-সংকটও।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জেড এ মোরশেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ আকতারুজ্জামান চৌধুরী, পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, সাংসদ চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী। সূত্র জানায়, চার হাজার ৯৭২ বর্গফুট আয়তনের নতুন থানা ভবনের নিচতলায় রয়েছে কিশোর-কিশোরী ও নারী-পুরুষদের জন্য পৃথক হাজতখানা, অপরাধীদের জিজ্ঞাসাবাদ কক্ষ, কমিউনিটি পুলিশিং পয়েন্ট, পরিদর্শকসহ (ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তদন্ত) বিভিন্ন কর্মকর্তার কক্ষ, কম্পিউটার ও বেতার কক্ষ, অভ্যর্থনা এবং সেবাদান ও সম্মেলন কক্ষ। ওপরের তলায় রয়েছে পুলিশ ব্যারাক। অন্যদিকে, থানা অঙ্গনে কর্মকর্তা ও কনস্টেবলদের বাসভবনগুলো আগের মতোই জরাজীর্ণ রয়ে গেছে। গণপূর্ত বিভাগ তিন বছর আগেই এসব বাসভবন পরিত্যক্ত ঘোষণা করে। বর্তমানে চার-পাঁচজন কর্মকর্তা কনস্টেবলসহ ১০ থেকে ১২ জন জীবনের ঝুঁকি নিয়ে এসব পরিত্যক্ত ভবনে থাকলেও বেশির ভাগ কর্মকর্তা-কনস্টেবল থাকেন বাইরের ভাড়া বাসায়। জানা যায়, টহল ও আইনশৃঙ্খলার কাজে ব্যবহারের জন্য থানায় পুরোনো দুটি পিকআপ রয়েছে। এগুলো প্রায় সময় পথে বিকল হয়ে পড়ে। এতে পুলিশ বেকায়দায় পড়ে। জানা যায়, পটিয়া উপজেলার ২২টি ইউনিয়নের মধ্যে পশ্চিম পটিয়ার চরলক্ষ্যা, চরপাথরঘাটা, জুলধা ইউনিয়নের আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছে কর্ণফুলী থানা। বাকি ১৯ ইউনিয়নের পাঁচ লক্ষাধিক মানুষের নিরাপত্তার দায়িত্ব পটিয়া থানার। এখানে বিভিন্ন পর্যায়ের ২০ জন কর্মকর্তা ও ২৬ জন কনস্টেবলসহ মোট লোকবল থাকার কথা ৪৬ জন। এর মধ্যে একজন পরিদর্শক (তদন্ত), দুজন উপপরিদর্শক (নারী) ও একজন সহকারী উপপরিদর্শকের পদ শূন্য রয়েছে। অন্য তিন থেকে চারজনকে প্রায় সময় বাইরের কোনো না কোনো কাজে এলাকার বাইরে যেতে হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ সবুর বলেন, ‘নতুন থানা ভবন হলেও তিন বছর আগে গণপূর্ত বিভাগ থেকে পরিত্যক্ত ঘোষিত তিনটি বাসভবনে জীবনের ঝুঁকি নিয়ে ছয়-সাতজন কর্মকর্তা ও একাধিক কনস্টেবলকে থাকতে হয়।’ আইনশৃঙ্খলার উন্নয়নের স্বার্থে আরও অন্তত তিনজন কর্মকর্তা ও সাত থেকে আটজন কনস্টেবল এবং দুটি পিকআপ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।