নতুন দিগন্ত উন্মোচিত হবে সড়ক যোগাযোগের ক্ষেত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা সদরের রুমা ও থানচি উপজেলার সঙ্গে সরাসরি সংযোগ সড়ক স্থাপনের লক্ষ্যে দুটি সেতুর নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলেছে। সেতু দুটির নির্মাণকাজ আগামী ফেব্রুয়ারি মাসে শেষ করে মার্চ-এপ্রিলে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে বলে সেনাবাহিনীর প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে। সেতু দুটি খুলে দেওয়া হলে দুর্গম রুমা এবং থানচি উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিশেষ করে পণ্য উৎপাদন, পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যের উন্নয়নের অপার সম্ভাবনা তৈরি হবে এলাকায়। স্থানীয় লোকজন জানান, রুমা সেতু ও থানচি সেতু নামে সেতু দুটি সাঙ্গু নদীর ওপর চতুর্থ ও পঞ্চম সেতু। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সেনাবাহিনীর ১৯ ইসিবি (ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটেলিয়ন) সেতু দুটির নির্মাণকাজ শুরু করে। বর্তমানে প্রায় ৭৫ শতাংশ নির্মাণকাজ শেষ হয়েছে। জানা যায়, ৮০ ও ৯০ দশকে বান্দরবান জেলা সদর থেকে থানচি উপজেলার ৮১ কিলোমিটার এবং রুমা উপজেলার ৫৫ কিলোমিটার সড়ক নির্মাণ শেষ হয়। কিন্তু সাঙ্গু নদীর ওপর সেতু নির্মাণ না হওয়ায় এতদিন দুই উপজেলার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন সম্ভব হয়নি। ফলে এলাকার মানুষ পণ্য পরিবহনসহ যোগাযোগের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাচ্ছে। থানচি বলীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ক্যসাউ মারমা জানান, চিম্বুক ২৬ কিলোমিটার থেকে সেনাবাহিনীর প্রকৌশল শাখার ১৬ ইসিবি ১৯৯৪-৯৫ সালে বান্দরবান-থানচি সড়কের নির্মাণকাজ শুরু করে। সড়কের কাজ শেষ হওয়ার পর ১৭ ইসিবি ২০০৭ সালে শুরু করে থানচি সেতুর নির্মাণকাজ। আশির দশকে বান্দরবান-রুমা সড়ক নির্মাণ শেষ হওয়ার পর নব্বইয়ের দশকে রুমা সেতুর নির্মাণকাজ শুরু হয়। কিন্তু বিএনপি সরকারের শুরু করা সেতু নির্মাণকাজের ধারাবাহিকতা আওয়ামী লীগ সরকার বজায় রাখেনি। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার নতুন করে ভিত্তিপ্রস্তর স্থাপন করে নির্মাণকাজ শুরু করায় চারদলীয় জোট সরকার তা পরিত্যক্ত অবস্থায় রেখে দেয়। তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সেই অসমাপ্ত নির্মাণকাজ শুরু করে সেনাবাহিনীর ১৯ ইসিবি। থানচি বাজারের ব্যবসায়ী আহমদুর রহমান বলেন, এ সেতুটি না হওয়ার কারণে ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক উন্নয়নে থানচি পিছিয়ে রয়েছে। নদীর ওপার থেকে আনা-নেওয়ার ক্ষেত্রে খরচ বেশি পড়ায় পণ্যের বেচা-কেনার খরচ বেড়ে যায়। মানসম্পন্ন অনেক জিনিসপত্র পাওয়াও যায় না। অন্য এক ব্যবসায়ী নিকুঞ্জ বড়ুয়া জানান, সেতু নির্মাণ শেষ হলে থানচি উপজেলার উৎপাদিত কৃষি পণ্য সরাসরি জেলা সদরে নিয়ে যাওয়া সম্ভব হবে। ঊর্ধ্বতন কর্মকর্তারা থানচি এসে কার্যক্রম পরিদর্শন করে যেতে পারবেন। এতে উপজেলার কর্মকর্তা-কর্মচারীরাও এলাকায় থাকতে উৎসাহিত হবেন। রুমা উপজেলা ভাইস-চেয়ারম্যান উমেচিং মারমা জানান, দুই দশক ধরে রুমা উপজেলাবাসীর প্রাণের দাবি ছিল রুমা সেতু নির্মাণ। কারণ এ সেতু না হওয়ায় রুমা উপজেলা অন্যান্য উপজেলা ও জেলা সদরের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। সেতুটি উদ্বোধন ও খুলে দেওয়া হলে এখানকার আর্থ-সামাজিক অবস্থার আমূল পরিবর্তন হবে।