নতুন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল মধুসূদন দত্তের ভুল ভাঙতে অনেক দিন লেগেছিল, আমার লাগল হাতে গোনা কয়েকটি দিন। মাস্টার্সের শ্মশ্রুমণ্ডিত কামরুল ভাইকে দেখে ভেবেছিলাম—তিনি খুব সাম্প্রদায়িক! ভেবেছিলাম তাঁর সঙ্গে মেশাই যাবে না। ধারণা মিথ্যে হলো, তাঁর অমায়িক আন্তরিক ব্যবহারে ভক্তই বনে গেলাম। সবকিছু শেয়ার করার মতো একজন বড় ভাই পেলাম। একবার তাঁর রুমে গিয়ে দেখি, তার চোখে পানি। ব্যাপার কী জানতে চাইলে তিনি বললেন, ‘জানালার পাশ দিয়ে একজন ছিন্নবস্ত্রধারী মধ্যবয়স্কা মহিলাকে যেতে দেখলাম, পাতা কুড়িয়ে বস্তা ভরে নিয়ে যাচ্ছেন। সঙ্গে পিচ্চি দুটি ছেলে। আমার মা-ও পাতা কুড়াতেন, সঙ্গে আমরা থাকতাম। কত বড় বোঝা নিয়ে মা হাঁটতেন জঙ্গলের ভেতর দিয়ে, দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠতেই মনটা খারাপ হয়ে গেল।’ কামরুল ভাই এক ধনীর দুলালকে পড়ান, বেশ আয়ও করেন। কিন্তু এক টাকাও বাড়িতে পাঠাতে পারেন না। পাঠাবেন কী করে! রাস্তার পাশে কিংবা ডাস্টবিনের আশপাশে তিনি যদি কাউকে পচা-বাসি খাবার খেতে দেখেন, তবে তো কথাই নেই, তাকে ধরে নিয়ে এসে পেট ভরে খাওয়াবেন, পকেটে টাকা থাকলে কিছু টাকা দিয়েও দেবেন। এমন লোক টাকা জমাতে পারে, কখনো না! আর আমার কাছে এসে হিসাব কষবেন। তাঁর হিসাব একটু অন্য রকম। তিনি যে পাড়ায় পড়াতে যান সেখানে দশতলা বিল্ডিং আছে প্রায় তের-চৌদ্দটি। বাসা ভাড়া বলতে গেলে ২০ থেকে ৩০ হাজার মাসে। তাঁর হিসাবমতে, বাড়ির মালিকেরা যদি ১০০ পরিবার থেকে এক হাজার টাকা করে কম নেন এবং ভাড়াটেরা ওই টাকার সঙ্গে ১০০ করে জমান তাহলে মাস শেষে এক কোটি টাকা আসে। সেই টাকা দিয়ে ১০০-এর বেশি গরিব পরিবারের মুখে হাসি ফোটানো যাবে বলে আশা করেন। এটা তো গেল একটি হিসাব, তাঁর মাথায় আরও অনেক হিসাব-জরিপ আসে। মাঝেমধ্যে মনে হয়, আমাদের দেশে অনেকগুলো কামরুল ভাই দরকার। তুষার রায়ফরেস্ট্রি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়