
এমনিতে অসহনীয় গরম পড়ছে। তার মধ্যে আগামীকাল সারা দিন নববর্ষ উপলক্ষে ঘোরাঘুরি করতে হবে। গরম হলেও ঘোরাঘুরি তো আর থেমে থাকবে না। শরীর যেন পানিশূন্য না হয়ে যায়, তাই বেশি করে পানীয় পান করতে হবে। এ প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, পয়লা বৈশাখে সারাটা দিনই মূলত বাইরে থাকা হয়। বাইরের খাবার দিয়েই ভূরিভোজ করেন বেশির ভাগ লোক। তবে খাবার খাওয়ার আগে খেয়াল রাখতে হবে, খাবারটি খোলা, পচা-বাসি ও অস্বাস্থ্যকর কি না। সঙ্গে অবশ্যই পর্যাপ্ত পানি রাখতে হবে।
গরমে কী কী সমস্যা হতে পারে?
এই গরমে ঘামে শরীর থেকে প্রচুর লবণ-পানি বের হয়ে যায় বলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। অতিরিক্ত গরমে হিটস্ট্রোকও হতে পারে। এই বিপদ থেকে মুক্ত থাকতে প্রচুর পানি পান করতে হবে। তবে এই পানি যেন বিশুদ্ধ হয়। তা না হলে এই পানি থেকে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এই পানির পিপাসা মেটানোর জন্য বাসায় তৈরি ফলের রসও সঙ্গে নিতে পারেন। ভাজা খাবার একদমই এড়িয়ে যেতে হবে। তবে বাচ্চাদের জন্য বাসায় তৈরি খাবার সঙ্গে নিতে পারেন। বাইরের খাবার এড়িয়ে যাওয়াই ভালো। কারণ, এই গরমে খাবার দ্রুত নষ্ট হয়ে যায়। রাস্তার যেকোনো খোলা খাবার গ্রহণ করবেন না। একটানা না হেঁটে মাঝেমধ্যে একটু বসে নিতে হবে। তা হলে বেশি ক্লান্ত হবেন না।
বাচ্চাদের দিকে বিশেষ নজর
শিশুদের নিয়ে খুব ভিড়ের মধ্যে না যাওয়াই ভালো এবং তাদের সব সময় দেখে রাখতে হবে। একটু ঘামলেই শিশুরা পানিস্বল্পতায় বেশি ভোগে। হিটস্ট্রোকেও বেশি আক্রান্ত হয় শিশুরা। বাইরে গেলে তাদের দুরন্তপনার কোনো শেষ নেই। তাই শিশুদের দিকে বেশি খেয়াল রাখুন। রোদে যেন বেশি দৌড়াদৌড়ি না করে, সেদিকে খেয়াল রাখুন। পানি ও অন্যান্য তরল খাবার বেশি পরিমাণে দিতে হবে। বাচ্চাদের অ্যালার্জির সমস্যা থাকলে তাদের মুখ বা শরীরের অন্য কোথাও বেশি আঁকা বা রং না লাগানোই ভালো; যা চর্মরোগ বা বিভিন্ন সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। অল্প পরিমাণে লাগালেও তা বাসায় এসে সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলা উচিত। বাচ্চাদের প্রয়োজনীয় খাবার যেমন: দুধ, পানি ও অন্য কিছু সঙ্গে করে নিতে ভুল করা যাবে না। শিশুদের কড়া রোদ থেকে নিরাপদে রাখতে হবে। পাখা, ক্যাপ, রোদচশমা নিতে ভুলবেন না।
বাড়ি থেকে ছোট বোতলে পানি নিতে হবে। গরমে ঘেমে শিশুর পানিস্বল্পতা হতে পারে। তাই একটু পরপর পানি পান করাতে হবে। ডাবও খাওয়াতে পারেন। বিশেষজ্ঞরা বলেন, বাইরের খাবার শিশুরা যেন না খায়, সেদিকে খেয়াল রাখতে হবে। ছয় মাস বয়সের আগ পর্যন্ত নবজাতককে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। বেশিক্ষণ রোদের মধ্যে নবজাতককে না নেওয়া ভালো।
ডায়াবেটিসে আক্রান্তদের বৈশাখী দিন
নববর্ষে ঘুরতে বের হলে বেশ পরিশ্রম হয়। বেশি পরিশ্রম করলে দেখা দিতে পারে হাইপোগ্লাইসেমিয়া। রক্তে শর্করার মাত্রা কমলে এটা হতে পারে। হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হলে মাথা ঘোরে, মাথা ঝিঁঝি করে, অস্থির লাগে, চোখে অন্ধকার দেখে, মেজাজ খিটমিটে হয়, শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়। এ লক্ষণ দেখা দিলে আক্রান্ত ব্যক্তির মুখে মিষ্টিজাতীয় খাবার পুরে দিন। কিছুটা শক্তি ফিরে পাবেন তিনি।
পানি কতটুকু পান করবেন?
পানি পান বিষয়টি শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হয়ে যাওয়ার ওপর নির্ভর করে। সাধারণত এই গরমে পানি পানের পরিমাণ বাড়াতে হবে সবার জন্য। সাধারণত দিনে সাত-আট গ্লাস পানি পানের কথা থাকলেও এ সময় ১০-১২ গ্লাস পানি পানের চেষ্টা করতে হবে। সাত-আট বছরের শিশুদের পাঁচ-ছয় গ্লাস পানি পান করাতে হবে। পানির পাশাপাশি ফলের রস এবং রসাল ধরনের ফল দেওয়া যেতে পারে।
রাস্তার পানীয়-খাবার এড়িয়ে চলুন
নববর্ষের দিন বাইরে ঘুরতে এসে গরমে অনেকেই রাস্তার পাশের জুস, ফলমূল, আখের রস দেদার পান করেন। এটা খুবই ক্ষতিকর। রাস্তার পাশের দোকানগুলো জুস বানাতে ফোটানো পানি ব্যবহার করা হয় না, বেশির ভাগই কলের পানি। এই জুস পান করলে পেটের পীড়া হওয়ার আশঙ্কা থাকে।
দিন শেষে
সারা দিন রোদে ঘুরে বাসায় এসেই ঠান্ডা পানি পান করবেন না। কিছুক্ষণ বসে থাকার পর পান করবেন, তা হলে সর্দি বা ঠান্ডা লাগার ভয়
থাকবে না।
একটু চিনি-লবণ-লেবুর শরবত পান করতে পারেন। এক ফাঁকে একটু চা পান করতে পারেন।
বাইরে থেকে এসে বিভিন্ন ফলের রস বা লেবুর শরবত পান করতে পারেন। এতে শরীর থেকে ঘামের সঙ্গে বের হয়ে যাওয়া পানির ঘাটতি পূরণ হবে।
সারা দিনই ঘোরাফেরার ফলে শরীরে ব্যথা অনুভব হবে। তাই ফিরে গরম পানি দিয়ে গোসল করলে ব্যথা ও ক্লান্তি অনেকাংশে দূর হয়ে যাবে।
লেখক: চিকিৎসক