নতুন দিনের পদধ্বনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে হালখাতার রেওয়াজটা পুরোনো। ‘ছুটির দিনে’ প্রতিবছর বাংলা নতুন বছরের শুরুতেই মেলে ধরে একটা হালখাতা, যাতে পুরোনো বছরের হিসাব থাকে না, থাকে নতুন দিনের আশার আলো। তরুণদের কথা থাকে এতে, তারুণ্যের সম্ভাবনার কথা থাকে। বাংলাদেশের সম্ভাবনার জায়গাটা আসলে এর তারুণ্য। জনমিতির হিসাবেও এই দেশে তরুণেরা সংখ্যায় বিশাল এবং এটা সহজবোধ্য যে, আজকের তারুণ্যই আগামীকালের বাংলাদেশ। কথাটাকে বোধ হয় এইভাবে বললে আরও ভালোভাবে বলা হয়, তারুণ্যই আজকের বাংলাদেশ। কারণ বাংলাদেশটাকে আসলে বদলে দিচ্ছে এই দেশের তরুণেরা। তারাই হাতে নিচ্ছে নিত্যনতুন উদ্যোগ, ব্যবসায়িক উদ্যোগ, শিল্প-কলকারখানার উদ্যোগ, তারাই আকৃতি দিচ্ছে আমাদের সংস্কৃতির জমিনটাকে, শিল্প-সাহিত্যের ক্ষেত্রগুলোকে। তারা নতুন দেশের মানুষ। নতুন ধরনের মানুষ। তারা বসবাস করে বৈশ্বিক গ্রামে। কিন্তু তাদের হূদয়ে বাংলাদেশ। সেসব তরুণদের মধ্য থেকে বাছাই করে নেওয়া হয়েছে কয়েকজনকে, কয়েক বছর ধরেই করা হচ্ছে এই আয়োজন, কয়েকজন কীর্তিমান তরুণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে বৃহত্তর পাঠকগোষ্ঠীকে। যাদের উদ্দেশে বহু আগে রবীন্দ্রনাথ বলে রেখেছেন, ‘ওরে সবুজ ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা’। আমাদের মুমূর্ষু স্বপ্নকে ঘা মেরে বাঁচিয়ে রাখছে এই তরুণেরাই। তারা মাত্র কয়েকজন নয়, তারা নিযুতজন। ইমরুল কায়েস বিশ্বকাপ ক্রিকেটে পরপর দুটো ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ। মেহেরপুরের ইমরুল কায়েস প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রমাণ করে ফেলেছেন জীবনের প্রথম বিশ্বকাপেই। নিজের এলাকায় চালু করেছেন ক্রিকেট প্রশিক্ষণ একাডেমি, যেখানে তিনি সুযোগ করে দিচ্ছেন এলাকার নবীন খেলোয়াড়দের ক্রিকেটের ব্যাকরণ হাতে-কলমে শেখার। সার্ফার জাফর আলমের পরিচয় এখন ছড়িয়ে গেছে দেশের বাইরেও। পুরোপুরি নিজের চেষ্টায় গড়া তাঁর সার্ফিং বাংলাদেশে জনপ্রিয় করে তুলেছে সার্ফিং নামের জলক্রীড়া। দৃষ্টিপ্রতিবন্ধী ভাস্কর ভট্টাচার্য তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিজে সাবলম্বী তো হয়েছেনই, আরো অনেক প্রতিবন্ধীকে কম্পিউটার শিখিয়ে খুলে দিয়েছেন স্বপ্নের জানালা। নিজে হয়ে উঠেছেন তথ্যপ্রযুক্তির পেশাজীবী। কাজ করছেন চট্টগ্রামের ইপসায়।মেজবাউর রহমান সুমনের নাটক জিতেছিল মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার। তারপর পারুলের দিন, তারপরও আঙুরলতা নন্দকে ভালোবাসে, ফেরার পথ নেই, ছিল না কোনকালে-এর মতো নাটক দিয়ে সুমন শক্ত করেছেন নিজের অবস্থান।রয়টার্সের আলোকচিত্রী এন্ড্রু বিরাজ পেয়েছেন ফটোগ্রাফির নোবেল হিসেবে স্বীকৃত ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ড। ন্যান্সি আর ‘বাহির বলে...ভিতর বলে...’ এখন প্রায় সমার্থক। ন্যান্সি গেলবার পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কার। এখনো তাঁর জনপ্রিয়তা সমান অটুট। সিদ্দিকুর রহমান বাংলাদেশের প্রথম পেশাদার গলফার। দেশের বাইরে জিতেছেন একাধিক শিরোপা। এশিয়ায় গলফারদের মধ্যে তাঁর অবস্থান ষষ্ঠ। আয়েশা সানিয়া। আইসিডিডিআর, বি গবেষক। শিশুস্বাস্থ্য গবেষণায় রেখেছেন উল্লেখযোগ্য অবদান। এখন কাজ গবেষণা করছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। সম্প্রতি দাবায় এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছেন লিজা। দাবায় রানী হামিদ আন্তর্জাতিক মাস্টার খেতাব পাওয়ার তিন দশক পর এই খেতাব পেলেন বাংলাদেশি এই নারী। আমরা জানি, এঁদের দিয়েই শেষ হওয়ার নয় আমাদের প্রতিভাধর আর সম্ভাবনাময় তরুণদের তালিকা। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের আনাচে-কানাচে লুকিয়ে আছেন এমন আরও অসংখ্যা সম্ভাবনাময় তরুণের মুখ। যাঁরা ক্ষমতা রাখেন আমাদের ভালোবাসার বাংলাদেশকে বদলে দেওয়ার। পয়লা বৈশাখকে সামনে রেখে ‘ছুটির দিনে’র এই আয়োজন আসলে সব প্রতিভাধর আর অমিত সম্ভাবনাময় তরুণদের শক্তিমত্তার প্রতি বিনীত শ্রদ্ধা নিবেদন।