চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২ অক্টোবর থেকে আরও দুটি অনুষদের কার্যক্রম শুরু হয়েছে। নতুন দুটি অনুষদ হলো—পুরকৌশল ও যন্ত্রকৌশল অনুষদ। এ নিয়ে মোট পাঁচটি অনুষদ হলো চুয়েটে। এর আগের তিনটি অনুষদ হলো— তড়িৎ ও কম্পিউটার কৌশল, স্থাপত্য ও পরিকল্পনা এবং প্রকৌশল অনুষদ।চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাস বলেন, চুয়েটের বিস্তৃতি দিন দিন বাড়ছে। গত দুই বছরে নতুন তিনটি বিভাগও চালু হয়েছে। আরও দুটি নতুন বিভাগ চালু করার সুপারিশ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে নতুন দুটি অনুষদের কার্যক্রম শুরু হলো।জানা যায়, গত ১২ জুলাই অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৬৮ তম সভার সুপারিশ এবং ২২ জুলাই অনুষ্ঠিত সিন্ডিকেটের ৬৫তম সভার অনুমোদনের পরিপ্রেক্ষিতে চুয়েটের এসব অনুষদ গঠন করা হয়। পুরকৌশল অনুষদের ডিনের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, ‘এ অনুষদের আওতায় দুটি বিভাগ রয়েছে। পানিসম্পদ কৌশল নামে আরও একটি বিভাগের সুপারিশ করা হয়েছে। আশা করছি এ নতুন অনুষদের কার্যক্রমে শিক্ষার্থীরা উপকৃত হবে।’যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম বলেন, ‘নতুন অনুষদ নিয়ে নতুন উদ্যমে এগিয়ে যেতে চাই। তাই অনুষদের কার্যক্রমগুলোও নতুনভাবে সাজিয়ে নিচ্ছি। এ ছাড়া এ অনুষদের আওতায় ইন্ডাসট্রিয়াল প্রোডাকশন ও মেকাটনিক্স নামে নতুন বিভাগ চালুর সুপারিশ ইতোমধ্যে করা হয়েছে’। পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, ‘এটি একটি ভালো খবর। আশা করছি নতুন অনুষদের কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা আরও অনেক সুযোগ-সুবিধা পাবে। ফলে আমাদের শিক্ষার মান বাড়বে।’