নতুন দৃষ্টিভঙ্গি বেইজিংয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় পাল্টেছে। পাল্টেছে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের দৃষ্টিভঙ্গি। এখন যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ বা বৈশ্বিক সমস্যা সমাধানে একত্রে কাজ করার ব্যাপারে অনীহা তেমন গায়ে মাখছে না চীন। আর এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সাম্প্রতিক প্রকাশটি ঘটেছে ওবামা-দালাই লামা বৈঠক নিয়ে। অবশ্য চীনের কর্মকর্তারা এর আগেই তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের ৬৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি নিয়েও তীব্র আপত্তি জানিয়েছিলেন। সবমিলিয়ে বর্তমান বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে তেমন একটা আগ্রহী মনে হচ্ছে না বেইজিংকে—চীনের শীর্ষ আমেরিকা বিশ্লেষকেরা এমন ধারণার কথাই জানাচ্ছেন। তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের ব্ল্যাকহক হেলিকপ্টার, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সমরাস্ত্র বিক্রি নিয়ে বেইজিং এরই মধ্যে ওয়াশিংটনের সঙ্গে সামরিক সহযোগিতা স্থগিত করেছে। পাশাপাশি এই প্রথমবারের মতো চীন প্রকাশ্যে মার্কিন অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে। অথচ এর আগে একই ধরনের ঘটনায় সাধারণত বেইজিং নীরবে মার্কিন কোম্পানিগুলোকে বর্জন করত। মার্কিনদের প্রতি চীনাদের অবস্থানের পরিবর্তনের আরও ঘটনা ঘটেছে। গত বছর সুইজারল্যান্ডের দাভোসে অর্থনৈতিক সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও যুক্তরাষ্ট্রের আর্থিক নীতির প্রকাশ্য সমালোচনা করেছিলেন।চীনের সংবাদপত্রগুলো বলছে, পরিস্থিতি অনেক বদলে গেছে। চীনের একটি সরকার নিয়ন্ত্রিত পত্রিকা গ্লোবাল টাইমস যুক্তরাষ্ট্রের প্রতি তাদের দেশের সরকারের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের পেছনে দুটি কারণ উল্লেখ করেছে। একটি হলো, চীনের সাধারণ মানুষদের মনোভাবের পরিবর্তন। মার্কিন ‘হেজিমনি’ (চাপিয়ে দেওয়া ধারণা) থেকে কয়েক বছর আগেই বের হয়ে এসেছে তারা। আরেকটি কারণ হলো, চীনের শক্তিশালী হয়ে ওঠা।বিষয়টি এমন নয় যে, যুক্তরাষ্ট্র কী ভারছে তা নিয়ে চীনা নেতারা এখন আর মাথা ঘামাতে চাইছেন না। কিন্তু যুক্তরাষ্ট্রের চেয়েও তাদের কাছে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ চীনারা কী ভাবছে। দেশের এগিয়ে চলা ও বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের সুযোগ বেড়ে যাওয়ার কারণে ১৩০ কোটি নাগরিককে সামলাতে এখন আরও বেশি তত্পর থাকতে হচ্ছে চীন সরকারকে। জনগণের মতামতের প্রতি গুরুত্ব দেওয়া এখন চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের জন্য অস্তিত্ব রক্ষার জন্য অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে।চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের ডিন ওয়াং জিসি বলেন, ‘নিজেদের জনগণের মধ্যে জাতীয়তাবোধ গড়ে তোলার জন্য এখনকার সরকারকে আরও বেশি তত্পরতার সঙ্গে কাজ করতে হবে।’ ওয়াং জিসিকে চীনের শীর্ষ একজন আমেরিকাবিষয়ক বিশ্লেষক মনে করা হয়। যুক্তরাষ্ট্র সম্পর্কে জানার জন্য দেশটি চষে বেড়াতে হয়েছে তাঁকে। কিন্তু এখন যুক্তরাষ্ট্র তাঁর কাছে আর তেমন গুরুত্বপূর্ণ নয়। জিসি বলেন, ‘বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আমি যুক্তরাষ্ট্রের চেয়ে চীন নিয়ে বেশি কাজ করছি।’চীনা সরকারের ঊর্ধ্বতন নেতা ও কর্মকর্তারা এখন জনগণের মতামত জানার জন্য অনেক বেশি সময় ও অর্থ ব্যয় করছেন। এ কাজের জন্য তাঁরা সামাজিক গবেষণার পাশাপাশি গোপনে বিভিন্ন গবেষণাও পরিচালনা করছেন। এসব গবেষণায় জনগণের মত জানার অন্যতম বড় উত্স ইন্টারনেট। এখন অনলাইনে প্রকাশিত বিভিন্ন মন্তব্য চীনা জনমত জানার একটি পরিমাপক হিসেবে কাজ করছে।এ ব্যাপারে আরেক যুক্তরাষ্ট্র বিশ্লেষক ও রেনমিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউটের ডিন জিন ক্যানরং বলেন, ‘(চীনে) জনমত বলতে এখন আমরা ইন্টারনেট ব্যবহারকারীদের মতামতকেই গণ্য করি।’ তিনি জানান, চীনে ৩৮ কোটি ৪০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। সংখ্যাটি যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যার চেয়ে ১৫ কোটি বেশি।জনমত বিষয়ে চীনা সরকারের এই গুরুত্বের পেছনে একটি আশঙ্কাও কাজ করে। কারণ, সেখানকার ইন্টারনেট ব্যবহারকারীদের একটি বড় অংশ শহরে বসবাসকারী তরুণ। আর তারা সরকারের কোনো দুর্বলতার সুযোগ কাজে লাগাতে সক্ষম। তারা রাজপথে সরকারবিরোধী বিক্ষোভ করার মাধ্যমে রাজনৈতিক সংকট তৈরির সামর্থ্য রাখে।চীনের অর্থনৈতিক ভিত্তি মজবুত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির আরও জোরালো ভূমিকা পালনের দাবি তীব্র হচ্ছে। এরই মধ্যে জলবায়ু সম্মেলনে অসহযোগিতামূলক মনোভাবের অভিযোগ তুলে চীনের সমালোচনা করেছে বিশ্বের অন্যান্য দেশ। ইরানের পরমাণু-সংকট নিয়েও অনেকটাই একা হয়ে পড়ছে তারা। মুদ্রার মানের পুনর্মূল্যায়ন না করায়ও যুক্তরাষ্ট্র ও ইউরোপের উন্নত দেশগুলো চীনের ওপর নাখোশ। সব মিলিয়ে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে আরও নিবিড়ভাবে কাজ করার তাগিদ বাড়ছে। কিন্তু দুই দেশের মধ্যে দূরত্ব বাড়ার জন্য ওয়াশিংটনের দায়ও কিছু কম নয়।চীনাদের যুক্তরাষ্ট্র সফরের জন্য এর আগে ওয়াশিংটনের কাছ থেকে যে বৃত্তি বা সহায়তা পাওয়া যেত, তা অনেক কমে গেছে। অথচ আশি ও নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্র সম্পর্কে জানার জন্য চীনের যুক্তরাষ্ট্র পর্যবেক্ষকেরা বছরের পর বছর সেখানে সরকারি খরচেই অবস্থান করেছেন। তখন যুক্তরাষ্ট্র ও চীন দুই পক্ষই তাঁদের প্রতিবেদনের ব্যাপারে আগ্রহী ছিল। ওয়াং জিসি বলেন, ওই সময় যুক্তরাষ্ট্রের সরকার চাইত চীনারা তাদের দেশে এসে গণতন্ত্র শিখুক এবং এ সম্পর্কে আগ্রহী হয়ে উঠুক। কিন্তু এখন সেই কার্যক্রম থমকে গেছে এবং গোটা বিশ্ব চীন সম্পর্কে জানতে বেশি আগ্রহী হয়ে উঠেছে। তিনি জানান, যুুক্তরাষ্ট্রের ওকলাহোমায় নির্বাচন নিয়ে গবেষণা করার চাইতে জিনজিয়াং প্রদেশে বিক্ষোভ বিষয়ে গবেষণার জন্য এখন আর্থিক সহায়তা পাওয়া সহজ। বেইজিংয়ের এই সাম্প্রতিক উত্থান নিয়ে কিছুটা শঙ্কা জানিয়ে চীনের মার্কিন বিশ্লেষকেরা মন্তব্য করেছেন, এর আগে চীন বিশ্বের কেন্দ্র হয়ে উঠেছিল মিং সাম্রাজ্যের শাসনামলে। আর তখন তারা অন্তর্মুখী হয়ে পড়ে। চীনের বর্তমান উত্থান এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি যে যুক্তরাষ্ট্রকে তারা অবজ্ঞা করতে পারে। সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রধান ইয়ান জুয়েতং বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভাগ্য ভালো থাকলে এবং চীন ভুল করলে যুক্তরাষ্ট্রই শীর্ষে অবস্থান করবে।’