নতুন ধরনের পাওয়ার ব্যাংক প্রযুক্তি বাজারে
স্মার্টফোন, ট্যাবলেট, আইফোন, আইপডসহ সব ধরনের মোবাইল ডিভাইস চার্জ দেওয়ার উপযোগী দুটি পাওয়ার ব্যাংক মিলছে এখন প্রযুক্তি বাজারে। এগুলো হলো অ্যাপাসার বি১২০-এর ব্যাটারি ক্যাপাসিটি ৬৬০০ মিলি অ্যাম্পিয়ার এবং বি১১০-এর ব্যাটারি ক্যাপাসিটি ৪৪০০ মিলি অ্যাম্পিয়ার।
অ্যাপাসার বি১২০ পাওয়ার ব্যাংকের সাহায্যে তিনবার এবং বি১১০ পাওয়ার ব্যাকআপ দিয়ে অন্তত দুবার স্মার্টফোনে চার্জ দেওয়া যায়। দুটি পাওয়ার ব্যাংকেই রয়েছে ডুয়াল মাইক্রো ইউএসবি আউটপুট, এলইডি ইনডিকেটর, শর্টসার্কিট, ওভার ভোল্টেজ ইত্যাদি সমস্যা থেকে নিরাপদ রাখতে বহুমুখী ব্যবস্থা।
অ্যাপাসার বি১২০-এর দাম পড়বে এক হাজার ৭০০ এবং অ্যাপাসার বি১১০-এর দাম পড়বে এক হাজার ৩০০ টাকা।
এদিকে জাপানে তৈরি ফুজিৎসু ব্র্যান্ডের ই-সিরিজের লাইফবুক এসেছে প্রযুক্তি বাজারে। এতে টানা ১১ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। লাইফবুকটিতে রয়েছে ৫০০ জিবি হাইব্রিড হার্ডডিস্ক। এতে ব্যবহার করা হয়েছে পানি নিরোধক কি-বোর্ড। আছে ৪জিবি র্যাম, যা প্রয়োজনে ১৬জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যায়।
ফুজিৎসু লাইফবুক ই৭৩৩ মডেলের ল্যাপটপটিতে নিরাপত্তাব্যবস্থা হিসেবে রয়েছে বায়স লক, হার্ডডিস্ক লক, অ্যান্টিথেফট লক স্লট, আরএফ ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং টিপিএম। ফলে, পিসির ডেটা থাকে সুরক্ষিত। আর এটিতে ডকিং স্টেশন থাকায় বৈদ্যুতিক সংযোগের জন্য আলাদা পোর্ট ব্যবহার করার প্রয়োজন হয় না। উইন্ডোজ আট প্রফেশনাল অপারেটিং সিস্টেম বিল্ট ইন থাকা ল্যাপটপটির দাম রাখা হচ্ছে এক লাখ ৩০ হাজার টাকা। রুপালি রঙের ল্যাপটপটির সঙ্গে এক বছরের বিক্রয়োত্তর সেবা ছাড়াও একটি ফুজিৎসু ক্যারিকেস উপহার হিসেবে দেওয়া হচ্ছে। নিজস্ব প্রতিবেদক