‘ধান কাটা শেষ। মাড়ানিও শেষ। এখন গোলায় ভরার পালা। এবার ফলন হয়েছে বেশ। সারা বছরের জন্য আর কোনো চিন্তা নেই।’ হাসিমুখে কথাগুলো বললেন কৃষক দলিলুর রহমান। দলিলুর রহমানের বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া গ্রামে। গত বছর দেড় একর জমিতে বোরো চাষ করেছিলেন। নাফ নদীর লোনা পানিতে আর কয়েক দফা ঝড়বৃষ্টিতে সব ধান নষ্ট হয়েছিল। কিন্তু এবার তাঁর মুখে হাসি। দলিলুর রহমান জানান, ‘আগে স্থানীয় বীজ দিয়ে ধান চাষ করতাম। মৌসুম শেষে প্রতি হেক্টরে ধান পেতাম দেড়-দুই মেট্রিক টন। কিন্তু এবার উচ্চফলনশীল বীজ নিয়ে চাষ করেছি। আবহাওয়াও অনুকূলে ছিল। তাই প্রতি হেক্টরে ধান পেয়েছি চার মেট্রিক টনেরও বেশি।’ দলিলুর রহমানের মতো উলুবনিয়া, উনচিপ্রাং গ্রামের চাষি সৈয়দুল আমিন, মোজাম্মেল হোসেনসহ অনেকে উচ্চফলনশীল বীজ দিয়ে চাষ করে লাভবান হয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয় সূত্র জানায়, এবারের বোরো মৌসুমে জেলার টেকনাফ, উখিয়া, রামু, সদর, চকরিয়াসহ বিভিন্ন উপজেলায় ধান চাষের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫০ হাজার ৮২৬ হেক্টর জমি। কিন্তু চাষ হয়েছে ৫৩ হাজার ৪৪৯ হেক্টর জমিতে। এর মধ্যে ৪৪ হাজার ৮৯৬ হেক্টরে উচ্চফলনশীল বীজ, আট হাজার ৪০৩ হেক্টরে হাইব্রিড বীজ ও ৯৩০ হেক্টর জমিতে স্থানীয় বীজ দিয়ে চাষ হয়েছে। ইতিমধ্যে সব জমির ধান কাটা শেষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম জোয়ার্দার প্রথম আলোকে জানান, ‘পরিবেশ অনুকূলে থাকায় এবার জেলায় বোরোর বাম্পার ফলন হয়েছে। হাইব্রিড ও উচ্চফলনশীল পদ্ধতির চাষাবাদ বাড়ানোর জন্য আমরা চাষিদের আরও উৎসাহিত করছি।’ সূত্র জানায়, এবার জেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল দুই লাখ ৬৪ হাজার ৮৫৪ মেট্রিক টন (চাল এক লাখ ৯৮ হাজার ৬৪১ মেট্রিক টন)। কিন্তু গত মঙ্গলবার পর্যন্ত ধান উৎপাদিত হয়েছে দুই লাখ ৭৬ হাজার ৩৯৬ মেট্রিক টন (চাল দুই লাখ সাত হাজার ২৯৭ মেট্রিক টন)। অর্থাৎ এ পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে ১১ হাজার ৫৪২ মেট্রিক টন ধান ( চাল আট হাজার ৬৫৬ মেট্রিক টন) বেশি উৎপাদিত হয়েছে। এ দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা আশীষ কুমার দে জানান, উচ্চফলনশীল বীজ দিয়ে চাষাবাদ বেশি হওয়ায় এবার উৎপাদনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এবার প্রতি হেক্টরে সর্বোচ্চ ৫ দশমিক ১৬ মেট্রিক টন (চাল ৩ দশমিক ৮৭ মেট্রিক টন) ধান উৎপাদিত হয়েছে। সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের মামুনপাড়ার চাষি আবদুল মোনাফ (৪৫) জানান, গত রোববার তিনি ৭৮০ টাকা দামে ৫০ মণ ধান বিক্রি করেছেন। টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাষি মিনহাজ উদ্দিন (৪৭) ও কামাল হোসেন (৩২) জানান, এবার প্রতি হেক্টর জমিতে ধান আবাদ করতে তাঁদের সার, বীজ, পানি ও শ্রমিকসহ খরচ গেছে প্রায় ২৯ হাজার টাকা। কিন্তু প্রতি হেক্টরে ধান পাওয়া গেছে গড়ে ১৪২ মণ। প্রতি মণ ৭৫০ টাকা দরে ওই ধান বিক্রি করলে পাওয়া যাবে এক লাখ ছয় হাজার ৫০০ টাকা।