নতুন ধারার গয়না অনলাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিত্যনতুন নকশা আর উপাদানের কারণে জনপ্রিয় হয়েছে অনলাইনের গয়না। মডেল: শবনম ফারিয়া, গয়না: সিক্স ইয়ার্ডস স্টোরি, সাজ: অরা বিউটি লাউঞ্জ, ছবি: কবির হোসেন
নিত্যনতুন নকশা আর উপাদানের কারণে জনপ্রিয় হয়েছে অনলাইনের গয়না। মডেল: শবনম ফারিয়া, গয়না: সিক্স ইয়ার্ডস স্টোরি, সাজ: অরা বিউটি লাউঞ্জ, ছবি: কবির হোসেন

নেই ভিড়ভাট্টা। নেই কোনো ধাক্কাধাক্কি। নেই বিশাল লম্বা লাইন। বাড়তি সুবিধা, কিনে ফেলা জিনিসটি পৌঁছে যাবে বাড়ি। দরকার শুধু ইন্টারনেটের সংযোগ। বাসায় বসে তো বটেই, হাতের মুঠোয় থাকা স্মার্টফোনেই সারা যাবে কেনাকাটা। ডেস্কটপ, ল্যাপটপ আর ট্যাবলেট কম্পিউটার তো রইলই। যেকোনো সময়ই ফরমাশ দিতে পারবেন পছন্দের পণ্যের জন্য। অনলাইনভিত্তিক দোকানগুলো অধুনা জনপ্রিয়তা পেয়েছে এসব কারণেই। এসব ভার্চ্যুয়াল দোকানে গয়নার ধারাটি এখন বেশ নজর কাড়ছে। দেশীয় মালিকানা, দেশীয় কারিগর, তবে নকশার মধ্যে থাকছে দেশি ও আন্তর্জাতিক ছোঁয়া। তাই অনলাইন থেকে গয়না কিনতে দেখা যাচ্ছে অনেককেই।

গলার হারটি কলারের মতো করে বানানো। গয়না: বীরা
গলার হারটি কলারের মতো করে বানানো। গয়না: বীরা

বাজারে থাকা দোকানের মতোই অনলাইন গয়নার নকশায় হাল সময়ের ধারা অনুসরণ করা হয়। নকশায়, উপাদানে ভিন্নতা চোখে পড়ার মতো। রুপা, ধাতব, কাঠ, কাপড়—নানা উপাদান দিয়েই বানানো হচ্ছে গয়নাগুলো। নকশায় বাজিমাত করে দিচ্ছেন নির্মাতারা। ধাতব গয়নায় থাকছে রুপা কিংবা সোনার পানির প্রলেপ। মাথার টিকলি থেকে শুরু করে পায়ের পায়েল পর্যন্ত সব ধরনের গয়নাই পাওয়া যাচ্ছে।

.
.
কাঠের গয়নায় রঙিন ছবি ফুটিয়ে তোলা হচ্ছে। গয়না: বোকা বাক্স
কাঠের গয়নায় রঙিন ছবি ফুটিয়ে তোলা হচ্ছে। গয়না: বোকা বাক্স

নামে কাজের পরিচয়

অনলাইনভিত্তিক গয়নার দোকানের নামগুলো বেশ নজরকাড়া। প্রতিটি নামের পেছনে মজার কিছু কাহিনিও আছে। সিক্স ইয়ার্ড স্টোরি, বোকা বাক্স, বীরা ইত্যাদি নাম বহন করে চলেছে নিজস্ব নকশা ও গল্প। জেরিন তাসনিম খানের নানার বাড়ি সিরাজগঞ্জে। ছোটবেলা থেকেই খেয়াল করতেন শাড়ি বিক্রেতাদের অনেকেই সিরাজগঞ্জ থেকে শাড়ি কিনে নিয়ে যাচ্ছেন। নানার বাড়ি যখন সিরাজগঞ্জ, তখন সেখানকার শাড়ি নিয়েই কিছু একটা করা যায়। ১২ হাত মানে ৬ গজের শাড়ি দিয়েই যখন যাত্রা, তাই নামকরণ সিক্স ইয়ার্ডস স্টোরি। তবে শাড়িতেই থেমে থাকলেন না। শাড়ির সঙ্গে অনুষঙ্গ না হলে চলে! তাই সিক্স ইয়ার্ডস স্টোরিতে রকমারি গয়নাও এখন চকচক করছে।

দুই বান্ধবীর বন্ধুত্ব থেকেই আয়সের জন্ম। প্রতিদিন যেন দেখা হয়, কথা হয় তার জন্য কিছু একটা করা। কথার ছলেই আয়সের জন্য কাজ করা শুরু হয়ে গেল। আয়সের অর্থ ধাতব পদার্থ। রুপা, পিতল ইত্যাদি ধাতু ব্যবহার করে গয়না বানাচ্ছেন তানজিমা চইতী ও জেবিন ফারিহা। সময়ের হিসাব-নিকাশ কষেই নকশা বেছে নেন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিয়ের মৌসুম, একটু ভারী গয়না এ সময় প্রাধান্য পায়। এপ্রিল থেকে জুলাই গরমের সময়টায় হালকা, ছিমছাম নকশা বেছে নেন প্রতিদিন পরার জন্য। ডানাওয়ালা পায়েল, রুদ্রাক্ষের মালার সঙ্গে লকেট, সাতলহরির মালা, কানপাশায় ময়ূর, বিশাল আকারের আংটি, নাকফুল ইত্যাদি। গয়নাগুলো সম্পর্কে তানজিমা চইতী বলেন, ‘আমাদের ঐতিহ্যকে নতুনরূপে তুলে ধরি। নকশার জন্য আধুনিক ও ঐতিহ্যবাহী দুটো ঘরানাকেই বেছে নিচ্ছি।’

.
.

নকশার ভাবনা
গয়নার নকশা বেছে নেওয়ার পেছনে পছন্দ, ভালো লাগা অনেক কিছুই কাজ করে। গয়না শুধু সৌন্দর্য প্রকাশের জন্য নয়, এটি শক্তি প্রকাশের একটি মাধ্যম হিসেবেও তুলে ধরে বলে মনে করেন শাম্মুন নাওয়ার। বীরের রূপ থেকেই বীরা নাম নেওয়া। শাম্মুন অনুপ্রাণিত হন বেদুইনদের নকশার গয়না থেকে। শিশুদের ‘খারাপ বাতাস’ থেকে বাঁচানোর জন্য ঝুনঝুনি পরানো বেদুইনদের একটা সংস্কার; যা তাঁরা মেনে চলেন। ঝুনঝুনি থেকেই অনুপ্রেরণা পেয়ে গেলেন। বানিয়ে ফেললেন গয়না। শাম্মুন বলেন, ‘বেদুইনরা গয়না যেন পোশাক হিসেবেই পরে। পা থেকে মাথা পর্যন্ত পরা এই গয়নাগুলোকে বাড়তি কিছু মনে হয় না। এটাই সবচেয়ে ভালো লাগে আমার।’ পায়ের আঙুলেও এই ঝুনঝুনি পরানো যাবে। শব্দ ভেসে আসবে হাঁটার সময়। আংটিটা বানানো হয়েছে এমনভাবে যে প্রতিটি আঙুলেই থাকবে এর ছোঁয়া। আর নূপুর তো আছেই।

হাতের বালায় বেদুইনদের ঝুনঝুনি। গয়না: বীরা
হাতের বালায় বেদুইনদের ঝুনঝুনি। গয়না: বীরা

সিক্স ইয়ার্ড স্টোরির নকশায় পুরোনো দিনের নকশা ফিরে এসেছে নতুন রূপে। কিছু নকশা নিজ থেকেই তৈরি করা। তবে কিছু গয়নার জন্য অনুপ্রেরণা পান নানি, দাদির গয়নার নকশা থেকে। বিয়ের কনের জন্য গয়না করাও শুরু করেছেন জেরিন। হলুদের গয়নার জন্য বেছে নিচ্ছেন কাঁচা ও কাগজের ফুল। ফুলের সঙ্গে ধাতুর ব্যবহারও থাকে।

বোকা বাক্স কাজ করছে মূলত কাঠের গয়না নিয়ে। পাঁচজনের দলে আছেন কাজী টিপু, সামিয়া মুনির, অর্ণব সাহা, গোলাম তামজিদ ও ঊর্মি সাহা। কাজী টিপু ও অর্ণব সাহা অংশীদার। বাকি তিনজন সাহায্য করেন তাঁদের। অর্ণব বলেন, ‘নতুন করে নকশা করার কিছু নেই। উপাদানে নতুনত্ব এনেছি। কাঠ দিয়ে যে গয়না হতে পারে এটা অনেকেই চিন্তা করেননি।’ মোগল আমলের রাজা-বাদশাহর ছবি, রাজস্থানি নকশা ফুটিয়ে তুলছেন ছবির মাধ্যমে। অনেক রংচঙা দেখে ক্রেতারাও পছন্দ করছেন। কাঠ, প্লাস্টিক শিট ও ধাতব গয়নাই বানাচ্ছেন মূলত। সেগুনকাঠের গয়নাগুলোকে সিনথেটিক ক্লিয়ার দিয়ে বার্নিশ করেন। তবে এই গয়নাগুলো বর্ষার সময় পরার জন্য নয় বলে জানান।

আ বুক অব ড্রিমসের স্বত্বাধিকারী রুকসানা আক্তার লকেট, আংটিতে তুলে ধরছেন প্রিয়জনদের চেহারা। চাইলে আপনার চেহারাও বসাতে পারেন লকেট বা আংটিতে। মেরিলিন মনরো, সুচিত্রা সেনের ছবি দিয়েও গয়না তৈরি করেছেন।

পায়ের গয়নায় ঝুনঝুনি
পায়ের গয়নায় ঝুনঝুনি

অসুবিধাও আছে

অনলাইন দোকান থেকে গয়না কেনার সুবিধা যেমন আছে, অসুবিধাও রয়েছে। আমি নিজে একবার বিভ্রান্ত হয়েছিলাম গয়না কিনে। ছবি দেখে মনে হয়েছিল গয়নার মান অনেক ভালো। বাড়িতে বসে হাতে পাওয়ার পর দেখা গেল, নকশাটা ছবির মতো নিখুঁত নয়। তবে অনলাইনে গয়নার ফরমাশ দেওয়ার সময় এ বিষয়ে কথা বলে নেওয়া ভালো। যদি কোনো খুঁত থেকে থাকে, সে ক্ষেত্রে পরিবর্তন করে নতুন গয়না দেওয়া হবে কি না। তবে সুবিধাটা তো কম নয়। দোকানে দোকানে ঘুরতে হচ্ছে না। দিনের যেকোনো সময়ই কেনাকাটা করা যাচ্ছে। একেকটি প্রতিষ্ঠানের গয়না একেক ধরনের নকশা আঁকছে। কখনো বা ভারী গয়নায়, কখনো বা আধুনিক ছিমছাম গয়নায়। নকশা যা-ই হোক, তৈরি হচ্ছে নিত্যনতুন ধারা। দেখা যাচ্ছে নতুনত্ব।