
বাঙালি নারীদের শাড়ি ছাড়া চলে না। ঈদ এলে তো কথাই নেই। ঈদের শাড়িটি যেন নতুন কোনো নকশার হয়, তেমনটি চান সবাই। সেই বিশেষ শাড়িটির খোঁজে ক্রেতারা ছুটছেন এক বিপণিবিতান থেকে আরেক বিপণিবিতানে। গতকাল শনিবার রাজধানীর কয়েকটি বিপণিবিতান ঘুরে এমন চিত্র পাওয়া গেল।
শাড়ি কিনবেন আর বেইলি রোডে ক্রেতারা ঢুঁ দেবেন না, তা হয় না। গতকাল বেইলি রোডে ক্রেতাদের ভিড় ছিল প্রচুর। মোহাম্মদপুর থেকে আসা নতুন দম্পতি জাকির হোসেন ও ইশিতা হোসেন জানালেন, আত্মীয়দের জন্য কটন সিল্ক, টাঙ্গাইল সিল্ক, কোটা প্রিন্টসহ বিভিন্ন ধরনের শাড়ি কেনা হয়েছে। ইশিতা নিজের জন্য রাজশাহী সিল্ক কিনবেন।
বেইলি রোডেই এক ক্রেতা কয়েক দোকান ঘুরে শাড়ি পছন্দ করতে না পেরে বাইরে এসে অনেকটা আশাহত হয়ে বললেন, ‘এখানে আরেকটা দোকান আছে, দেখেই যাই কী শাড়ি আছে।’
আর এত শাড়ি দেখাতে দেখাতে বিক্রেতারাও ক্লান্ত। বিক্রেতা জামিল হোসেন জানালেন, ক্রেতারাও শাড়ি পছন্দ করতে কতভাবে যে দেখেন, তার আর শেষ নাই, সারা দিন কি এত দেখানো যায়?
ধানমন্ডিতে ভিড় কিছুটা বেশি। নবরূপা, দোয়েল সিল্ক, মনেরেখো শাড়ীজসহ বিভিন্ন শোরুমেও বেশি যাচ্ছেন ক্রেতারা। এবারের ঈদে রয়েছে লম্বা পাড়ের চলন, লেস পাড়, চুমকি ও স্টোনের ডিজাইনের শাড়ি। কয়েক ধরনের কাপড় কেটে, লেস বসিয়ে আলাদা পাড় ব্যবহার করা শাড়ি চলছে বেশি।
ফ্যাশন হাউস রঙ-এর স্বত্বাধিকারী বিপ্লব সাহা প্রথম আলোকে বলেন, এবারে শাড়িতে অ্যাপলিকে, লেদারের ব্যবহার করে ভিন্নতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। বৈচিত্র্য আনতে এবার জলপাই, মেরুন, ময়ূরকণ্ঠী নীল রঙের মিশেলে রঙের শাড়ি করেছি। শাড়ির দাম এক হাজার থেকে আট হাজার টাকার মধ্যে।
গতকাল আজিজ সুপার মার্কেটে কে ক্রাফটের দোকানসহ বিভিন্ন দোকান থেকে শৌখিন ক্রেতারা শাড়ির খোঁজখবর নিচ্ছিলেন। নিত্যউপহারের স্বতাধিকারী বাহার রহমান প্রথম আলোকে বলেন, এবারের শাড়িতে বিশিষ্ট চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর নকশায় চিরায়ত প্রকৃতি ফুটে উঠেছে। লোকায়ত শিল্পের অংশ হিসেবে এবারের শাড়িতে রয়েছে পিঠার ছাপ।
নিত্যউপহারে এবার ভোরের অতিথি, আলো-ছায়া ও মেঘের পালক নামে তিন ধরনের শাড়ি আছে। এগুলোর দাম এক হাজার ২০০ থেকে তিন হাজার টাকা।
জামদানি শাড়ির কদর সব সময়ের। ডেমরা জামদানি কুটিরে ঘিয়ে ও লাল রঙের জামদানি জমিনে জরির হাতের কাজের শাড়ি ৩৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। টাঙ্গাইল শাড়ী কুটিরে তসরের ওপর জামদানি কাজের শাড়ি বিক্রি হচ্ছে পাঁচ ৫০০ টাকায়।