নতুন নিমতলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিমতলীর আগুন নিভে গেছে। কিন্তু আগুন এখনো জ্বলছে স্বজন হারানোদের বুকে। এই আগুন হয়তো কোনো কালেও নেভার নয়! এখনও সরেনি বিপজ্জনক রাসায়নিকের গুদাম। তবুও জীবন থেমে নেই। নিমতলীর মানুষ এখন ছাই-কয়লা সরিয়ে নতুন করে গড়ে তুলছেন ঘর-বাড়ি, দোকানপাট। কর্মহীন মানুষ জীবনযাপনের তাগিদে কাজের খোঁজে বেরিয়ে পড়ছেন। বাচ্চারা স্কুলে যাচ্ছে। নিমতলী আবারও মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে। নিমতলীর নতুন অধ্যায়ের কথাই শুনুন এবার। ৪৩/১ নবাব কাটরা। পুড়ে যাওয়া ঝাঁজরা ভবনটি দাঁড়িয়ে আছে নিমতলীর কঙ্কাল হয়ে। ভবনটির উত্তর-পূর্ব দিকের আরেকটি ভবনের জানালা-লাগোয়া একটি কাঁঠালগাছ। ৩ জুনের সেই রাতে আগুনের লেলিহান শিখা সেটাকেও জড়িয়ে ধরেছিল। একটা পাতাও অবশিষ্ট নেই। গাছটি হয়তো মাটির মায়া কাটাতে পারেনি, ভবনটির মতোই কঙ্কাল রূপ নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে! হঠাৎ দেখলে সেটার শাখা-প্রশাখাগুলোকে উল্টো করে রাখা গাছের শেকড় বলে মনে হয়। তবে সেই ন্যাড়া গাছের শাখায় নতুন প্রাণের ছোঁয়া লেগেছে! ঘরহীন কোনো পাখি-পরিবার দিব্যি খড়কুটো দিয়ে একটি আলুথালু বাসা গড়েছে সেখানে! সবুজের ছোঁয়া নেই, এমন খটখটে মরা একটা গাছে পাখিগুলো বাসা বাঁধতে গেল কেন? একেই হয়তো বলে আশায় বুক বাঁধা! যেমনটা বাঁধছেন নিমতলীর সবকিছু হারানো মানুষ।গলিতে ঢোকার মুখেই একটা রেস্তোরাঁ। পুড়ে যাওয়া পাঁচতলা ভবনটির একদম নিচেই। আগুন সেটাকেও মায়া করেনি। কয়েক দিন হলো আবার নতুন করে চালু হয়েছে রেস্তোরাঁটি। আগুনের গনগনে শব্দের সঙ্গে পাল্লা দিয়ে পরোটার চনমনে ঘ্রাণও ভেসে আসে সেখান থেকে। ভেসে আসে আগুন নিয়ে ভয়াবহ অভিজ্ঞতার প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে দু-চারটি ছেঁড়া ছেঁড়া বিলাপধ্বনি।পলেস্তারা খসে পড়েছে। জানালার শিকগুলোয় আগুনের ভয়াবহতার ছাপ। কাচ নেই। সেই ফাঁক দিয়ে অনায়াসে ভেতরে চোখ চলে যায়। ছাদে, দেয়ালে, সবখানেই আগুনের আঁকা কালো কালো ধোঁয়াচিত্র! কয়লা হয়ে যাওয়া আসবাব ও ঘরগেরস্তালির জিনিসপত্র। পাঁচতলা ভবনটির পূর্ব দিক থেকে ধুপধাপ শব্দ ভেসে আসে। যেন মৃত্যুশয্যায় কোনো মুমূর্ষুর বুকের অন্তিম শ্বাস-প্রশ্বাসের করুণ গোঙানি! সংস্কারকাজ চলছে সেখানে। কলাপসিবল গেট কুঁকড়ে গেছে। তাতে ঝোলানো একটি নোটিশ, ‘বিনা অনুমতিতে এই ভবনে প্রবেশ নিষেধ’। ৩ জুন রাতে ৪১ জন মানুষ এই ‘প্রবেশ নিষেধ’ ভবনটি থেকে লাশ হয়ে বেরিয়েছিল। বাসার মালিক তিন ভাই—গোলজার, ফারুক ও দিদার। কারোরই দেখা নেই। তাঁদের পরিবারের ১১ জনকেও কেড়ে নিয়েছে সেই আগুন। ফাঁকা পড়ে থাকা ভবনটির উত্তর-পূর্ব কোণের আরেকটি ভবনও পুরোপুরি বিধ্বস্ত। একটি পরিবার আবার উঠেছে সেখানে। আগুন লাগার দিন বাইরে ছিল তারা। ভবনটির সামনেই নবাব কাটরা পঞ্চায়েত ছাউনি। এলাকার ছেলে-বুড়োরা জড়ো হয়েছেন সেখানে। প্রায় সবারই চেহারা থমথমে। নিচু গলায় এ ওর সঙ্গে কথা বলছে। যে রাসায়নিক গুদাম থেকে আগুন ছড়িয়েছিল, সেটার সামনে একটা বেঁটে-খাটো টিউবওয়েল। ছোট্ট একটা সাইনবোর্ডে লেখা, ‘এই টিউবওয়েল ব্যবহার করা নিষেধ’। দু-তিনটি দুরন্ত শিশু সেই সাইনবোর্ড থোড়াই কেয়ার করে। জোর প্রচেষ্টা চালিয়ে, কখনো কখনো একটা চাপ দিয়ে একদম শূন্যে উঠে পড়ছে কেউ কেউ! টিউবওয়েলও কম তেড়িয়া নয়, যেন পণ করে বসেছে—পানি আমি দিচ্ছি না! বাচ্চারা কেন টিউবওয়েলের কাছে হার মানবে! পানি তারা বের করেই ছাড়ছে। হাঁড়ি অথবা প্লাস্টিকের বোতলে পানিভর্তি করেই ঘরে ফিরছে তারা। এমন সময় হয়তো এখান থেকে এভাবে পানি নেওয়া সম্ভব হতো না। কিন্তু বিপদ যে সবাইকে এক সুতোয় গেঁথে ফেলেছে!টিউবওয়েলের পাশেই পয়োনালা। থিকথিকে কালো পানি। একটু এগোলেই খুটখাট শব্দ। মেরামত করা হচ্ছে একটি দোকান। পুরোনো কাগজের দোকান ছিল সেটা। নতুন রং লাগানো হয়েছে। ঝাঁজাল গন্ধ। পাশের আরেকটি দোকানেও ইটের দেয়ালে প্লাস্টার লাগাচ্ছেন দুজন মিস্ত্রি। একটা মুদি দোকানের পাশেই বেশ কয়েকটি রঙে টু-লেট লেখা। অনেকেই এলাকা ছেড়ে চলে যাচ্ছে।আগুনের ছাপচিত্র‘একটা মৃত্যুপুরি হয়ে গেছে এ জায়গা। কঙ্কাল, যা কিছু দেখা যায়, সব কঙ্কাল! বৃহস্পতিবার এলেই আমরা এখন ভয়ে ভয়ে থাকি।’ বলতে বলতে আগুনের প্রত্যক্ষদর্শী আবদুর রহিমের চোখ ভিজে আসে। তিনি বলেন, ‘এ অবস্থা কাটিয়ে উঠতে আরও ১০ বছর লাগবে। ঘরবাড়ির কথা না হয় ছেড়েই দিলাম। মানসিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা, এটা কাটাতেই তো বেগ পেতে হচ্ছে বেশি! আতঙ্ক এখন আমাদের নিত্যসঙ্গী। একটা শব্দ হলেই বুক ধুকপুক করে। বিশেষ করে বাচ্চাদের নিয়ে মহা ফ্যাসাদে আছি! সন্ধ্যা হতে না-হতেই যেন গোরস্থান হয়ে যায় এই এলাকা! ওই যে দেখেন, সার্চলাইট লাগানো হয়েছে। মসজিদের মাইকগুলোও পুড়ে গিয়েছিল। নতুন মাইকও লাগানো হয়েছে। জীবন তো আবার শুরু করতে হবে।’পাঁচতলা ভবনটির পূর্ব দিকের একটি বাসায় থাকে ছোট্ট শোভা। আজিমপুর বালিকা বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়ে সে। সেই রাতে সর্বভুক আগুনের বিধ্বংসী রূপ তাকেও আতঙ্কিত করে দিয়ে গেছে। এখনো ঘুমের মধ্যে আঁতকে ওঠে সে। চিকিৎসকের শরণাপন্ন হয়েও কোনো লাভ হচ্ছে না। স্কুলেও যেতে চাইছে না ছোট্ট মেয়েটা। কিছু খেতে চায় না। ৩ জুন রাতে আগুন লাগার আগে বৃষ্টি হয়েছিল। তাই এখন বৃষ্টিকেও ভীষণ ভয় তার। বিদ্যুৎ চমকালেও সে খুব ভয় করে! আগুন লাগার পর সে ছাদে উঠেছিল। আগুন তখন লাট্টুর মতো ঘুরছিল! জানালা দিয়ে ওই বাসায় আগুন ঢুকছিল! এখানে থাকতেও তার খুব ভয় করে!পুড়ে যাওয়া ভবনটির পাশেই নবাব কাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। উদ্ধার করা লাশ সেখানে রাখা হয়েছিল। ভয়ে প্রথম প্রথম স্কুলে যায়নি কেউ। এখন অবশ্য সেখান থেকেও হইহল্লা ভেসে আসে। সামনেই পরীক্ষা।অন্য আগুনরাত তখন নয়টা বেজেছে কি বাজেনি। বাসার নিচে বিয়ের রান্না শেষ হয়েছে। খানিক আগে একপশলা বৃষ্টি হয়ে গেছে। সিটি করপোরেশনের চাকুরে সারফুদ্দিন আহমেদ ঘরেই ছিলেন। হঠাৎ কী হলো, ধোঁয়ায় ভরে যায় চারপাশ! আগুন লেগেছে দেখে বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু দোতলার ঘরটি তখন আগুনের দখলে। ‘উপায় না দেখে খাটের নিচে ঢুকে পড়েছিলাম। আমার স্ত্রীও সেখানে ঢুকে পড়ল। আগুনের হলকা ধেয়ে আসছিল যেন ড্রাগনের মতো। ভয় হচ্ছিল, খাটটাই না কখন মাথার ওপর ভেঙে পড়ে! আমার সাড়ে চার বছরের ছেলে সামির আহমেদ হাফসাকেও ভেতরে নিয়ে গিয়েছিলাম। ওর পা ধরে টানছিলাম। কিন্তু আগুন যেন ওকেই টানছিল! একসময় অজ্ঞান হয়ে পড়েছিলাম। ভেবেছিলাম, মরেই গেছি। ঘণ্টাখানেক পর যখন উদ্ধার করা হলো, তখন দেখি ঠিকই বেঁচে গেছি। কিন্তু কী লাভ এই বেঁচে থাকায়। আমরা আদরের হাফসাকে তো রক্ষা করতে পারলাম না!’ বলছিলেন সারফুদ্দিন আহমেদ। চোখের জল শুকিয়ে গেছে তাঁর। স্ত্রী শাহিদা বেগম অবশ্য বেঁচে আছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। হাফসাকে দেখতে চাইছেন একটু পর পর। সারফুদ্দিন সান্ত্বনা দিচ্ছেন, হাফসা আছে!তরুণ ডিশ লাইন ব্যবসায়ী রিপনও এখন সব হারানোদের দলে। ‘সেদিন আম্মাকে আম খাইয়ে কাজে বেরিয়েছিলাম। খবর পেয়ে ছুটে এসে দেখি, আগুনে দাউদাউ করে পুড়ছে আমাদের তিনটি ঘর। সেখানে আমার মায়ের সঙ্গে আরও পাঁচজন ছিলেন। ১০ মাস বয়সী ভাগনে রাবিব। বোন লাভলী বেগম। মামি ও পঞ্চম শ্রেণীপড়ুয়া মামাতো ভাই কচি। বোনের লাশ রাতেই পেয়েছিলাম। মায়ের লাশ শুক্রবার সকালে।’ বললেন রিপন। তাঁর মুঠোফোনের ওয়ালপেপারে ছোট ভাগনে রাবিব ও ভাই কচির একটা ছবি আছে। সেটা দেখাতে দেখাতে হাত কেঁপে ওঠে তাঁর। গলা ধরে আসে।সব ছাই উড়ে যাকএলাকাবাসীর কেউই জানত না, নবাব কাটরার ওই ভবনের নিচে একটি ঘাতক রাসায়নিক গুদাম ছিল। যখন জেনেছে, তখন সবকিছু শেষ। আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের একজন জনি তাই সব দোষ দিচ্ছেন সেই গুদামওয়ালাদের। তিনি বলেন, ‘ওই রাসায়নিকের গুদামের কারণেই আগুন ভয়াবহ আকার ধারণ করেছিল। তারা যদি লোভ না করত, তাহলে হয়তো আজ এ অবস্থা হতো না। জন্মেও এমনটা দেখিনি। আগুন সেদিন মানুষের পেছনে ছুটছিল। যাকেই লক্ষ্য করেছে, তাকেই ছাই করে ছেড়েছে! পানি দিয়েও থামানো যাচ্ছিল না! এখন যদি আবার কেউ কোনো দিন রাসায়নিক গুদামের কথা চিন্তা করে, তাদের কঠিন শাস্তি হবে।’ অশীতিপর আবুল কাশেমও মাথা নাড়েন সালেকের কথায়। তিনি বলেন, ‘নবাব কাটরার রাস্তাগুলোও বড় করা দরকার। দালানগুলো যেভাবে ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে, এটাও তো প্রাণঘাতী হয়ে উঠছে।’ অনেকের মতো আগুনে পুড়ে যাওয়া মিনহাজ মিয়ার এক স্বজন হাসপাতালে কাতরাচ্ছে। তাঁরও আছে অভিযোগ, ‘হাসপাতালে এখন নাকি ওষুধ নেই! বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে আমাদের। সরকার যে টাকা দিয়েছিল, তাও অনেকে ঠিকমতো পাচ্ছেন না। গতকালও একজন এসে কান্নাকাটি করে গেছেন। সরকার তাঁর নামে টাকা পাঠালেও টাকার মুখ দেখেননি তিনি! ’পাঁচতলা ভবনটির বিপরীত দিকে একটি বাখরখানির দোকান ছিল। বাখরখানির চুলা আছে ঠিকই, তবে তা আগুনে পোড়া। রাস্তা দিয়ে গেলেই চোখে পড়ে, খাঁ খাঁ করছে ভেতরটা। দোকানটি যে চালু হবে, তার উপায় নেই। মালিক নিজেও পুড়েছেন সেখানে। সঙ্গে ছিল আরও চারজন। মানুষের দীর্ঘনিঃশ্বাস পড়ে। দীর্ঘনিঃশ্বাস ছাড়ে ৪৩/১ নবাব কাটরা ভবনটির পেছনের নারকেল গাছটিও। আগুনে পুড়ে গিয়েছিল তার সব শাখা-প্রশাখা। কিন্তু কয়েক দিন ধরে সেই গাছটির কল্যাণেই এলাকাবাসীর চোখে সবুজের ছোঁয়া লেগেছে। দুটি সবুজ শাখা বেরিয়েছে গাছটিতে।