নতুন নিয়মেও পাসপোর্ট পেতে ভোগান্তি
হাটহাজারী নন্দিরহাট এলাকার গৃহিণী অনীতা রায় নতুন নিয়মে মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) জন্য আবেদন করেছিলেন গত ২৫ মে। এটি সরবরাহ দেওয়ার কথা ছিল ১৫ জুন। কিন্তু নির্ধারিত সময়ের ১২ দিন (২৮ জুন) পরও তিনি পাসপোর্টটি পাননি।পাহাড়তলী এলাকার গৃহিণী ফাতেমা জাহান পাসপোর্টের জন্য আবেদন করেন গত ২৪ মে। সরবরাহের তারিখ ছিল ১৪ জুন। কিন্তু এখনো তা পাননি তিনি।এভাবে এমআরপির জন্য আবেদনকারীরা প্রতিদিন হয়রানির শিকার হচ্ছেন নগরের মনছুরাবাদে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ে।ভুক্তভোগীদের অভিযোগ, শুধু পাসপোর্ট নয়, ডাটা এন্ট্রি এবং ছবি তোলার জন্যও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ২৮ জুন দুপুরে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ে গেলে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে নানা হয়রানির কথা তুলে ধরেন অনেকেই। রাঙ্গুনিয়ার শিলক এলাকার বাসিন্দা সোনারাম বড়ুয়া নতুন পাসপোর্টের জন্য আবেদনপত্র জমা দেন ২১ জুন। ডাটা এন্ট্রি ও ছবি তুলতে তিনি পাসপোর্ট কার্যালয়ে আসেন ২৮ জুন বেলা ১১টায়। বেলা প্রায় দেড়টায় এ প্রতিবেদককে তিনি বলেন, ‘আড়াই ঘণ্টা ধরে ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। একেক জনের ছবি তুলতে আট থেকে ১০ মিনিটের জায়গায় ২০-২৫ মিনিট সময় নেওয়া হচ্ছে। ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে।’ পিরোজপুর জেলার আঁতুর খালীর আওয়াল হোসেন বলেন, ‘ব্যবসায়িক কাজে চীন যাওয়ার জন্য দেড় মাস আগে পাসপোর্টের জন্য আবেদন করেছি। দু-একদিনের মধ্যে না পেলে চীন যাওয়াটা অনিশ্চিত হয়ে পড়বে।’মেশিন রিডেবল পাসপোর্ট পেতে আবেদনকারীদের ভোগান্তির কথা স্বীকার করে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ের পরিচালক কফিল উদ্দীন ভূঁঞা বলেন, ‘ছয় হাজার টাকা ফি জমাদানকারীকে পাসপোর্ট সরবরাহের জন্য সর্বোচ্চ ১০ দিন, তিন হাজার টাকা ফি জমাদানকারীকে সর্বোচ্চ ২২ দিন সময় দেওয়া হচ্ছে। অনেক সময় পুলিশের অনুসন্ধান সনদ পেতে দেরি হয়। এতে আমাদের করার কিছু থাকে না।’ নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘নতুন কিংবা পুরোনো পাসপোর্ট নবায়নকারীদের আবেদনপত্র, ডাটা এন্ট্রি ও ছবি তোলাসহ সব কাজ যথাসময়ে শেষ করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ঢাকায় কাজের চাপ বেশি থাকায় সময়মতো এমআরপি সরবরাহ দেওয়া যায় না।’ পাসপোর্ট সরবরাহ কক্ষের কার্যসহকারী শহীদুল ইসলাম জানান, প্রতিদিন গড়ে ৩৫০টি নতুন আবেদনপত্র জমা পড়ছে। এর বিপরীতে দিনে অন্তত ৩০০ এমআরপি সরবরাহ দেওয়া উচিত হলেও তা সম্ভব হচ্ছে না। গত ২৬ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্যালয়টি উদ্বোধনের আগে নগরের আবেদনকারীদের পাসপোর্ট সরবরাহ করা হতো পাঁচলাইশে অবস্থিত কার্যালয় থেকে। মনছুরাবাদে কার্যালয় চালুর পর ঢাকা থেকে পাসপোর্ট তৈরি করে চট্টগ্রামে পাঠানো হচ্ছে।জানা যায়, নতুন নিয়মে চট্টগ্রামসহ আঞ্চলিক কার্যালয়গুলো থেকে এমআরপির জন্য আবেদনপত্র পাঠাতে হয় ঢাকার বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরে। আবেদন করতে হয় সোনালী ব্যাংকে নির্ধারিত ফি জমা দিয়ে। চট্টগ্রাম কার্যালয়ে আবেদনপত্র জমা দেওয়ার পর ডাটা এন্ট্রি ও ছবি তোলার কাজ শেষে সরবরাহ নেওয়ার জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয় আবেদনকারীকে। এরপর অনলাইনে আবেদনকারীর তথ্য পাঠানো হয় ঢাকায়। সেখান থেকে এমআরপি তৈরি করে ডাকযোগে পাঠানো হয় চট্টগ্রামে। কিন্তু পাসপোর্ট তৈরির আধুনিক পদ্ধতি অনেক ক্ষেত্রে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন ভুক্তভোগীরা।