নতুন নেতার চ্যালেঞ্জগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অস্থিরতা, মতাদর্শ নিয়ে দ্বিধাবিভক্তি, বিক্ষোভ, সহিংসতা—এসব বাধাবিঘ্ন পেরিয়েঅনুষ্ঠিত হলো মিসরের ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচন। আরব বসন্তের জোয়ারে স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষ্যে ২৩ ও ২৪ মে ভোট নেওয়া হলো।নির্বাচনে অংশ নেওয়া ১৩ জন প্রার্থীর মধ্যে কেউ অর্ধেকের বেশি ভোট না পেলে আগামী ১৬ ও ১৭ জুন আবার ভোট হবে। ২১ জুন ঘোষণা করা হবে নির্বাচিত নতুন প্রেসিডেন্টের নাম। ধর্মনিরপেক্ষ বা ইসলামপন্থী প্রার্থী যিনিই মিসরের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হোন না কেন, পাহাড়প্রমাণ দুর্নীতি, দারিদ্র্য, বেকারত্ব, নিরাপত্তার অভাব—এসব কঠিন সমস্যার মোকাবিলা করতে হবে তাঁকে। দেশকে অর্থনৈতিক দুরবস্থা থেকে উদ্ধার এবং সামরিক জেনারেলদের বজ্রমুষ্টি থেকে প্র্রশাসনকে মুক্ত করাও নতুন প্রেসিডেন্টের জন্য কঠিন চ্যালেঞ্জ হবে।২০১১ সালের ফেব্রুয়ারিতে হোসনি মোবারকের পতন হলেও অন্তর্বর্তী সরকারের ক্ষমতা শীর্ষ সেনা কর্মকর্তাদের হাতে। অন্তর্বর্তী সামরিক পরিষদ ১ জুলাইয়ের মধ্যে নির্বাচিত বেসামরিক প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তরে অঙ্গীকারবদ্ধ হলেও অনেক বিশ্লেষকের সংশয় রয়েছে এ নিয়ে। তাঁদের মতে, সেনা কর্মকর্তারা প্রকাশ্যে বেসামরিক নেতৃত্বের প্রতি যতই আনুগত্য দেখান না কেন, ক্ষমতা আঁকড়ে থাকার গোপন খায়েশ ঠিকই লালন করছেন। পরবর্তী সময়ে নতুন প্রেসিডেন্টের বিভিন্ন পদক্ষেপে তাঁদের সহযোগিতার মাত্রা থেকেই এর প্রমাণ মিলবে। অনেকে আবার এ কথা বলে বিষয়টি পাশ কাটাতে চান যে দীর্ঘ ছয় দশক ধরে যারা দেশের ক্ষমতার মজা উপভোগ করেছে, রাতারাতি তাদের মানসিকতা না পাল্টানোই স্বাভাবিক। এ জন্য সময় দিতে হবে। মিসরে মোবারক-পরবর্তী এই প্রেসিডেন্ট নির্বাচনকে গণতন্ত্রে উত্তরণের একটি বড় ধাপ বলে বিবেচনা করছেন বিশ্লেষকেরা। এই নির্বাচনের আয়োজনে কম কাঠখড় পোড়াতে হয়নি। পার করতে হয়েছে ১৫টি টালমাটাল মাস।মোবারক-পরবর্তী এক বছরের বেশি সময়ে মিসরের মানুষ চুপচাপ বসে থাকেনি। আন্দোলনের সূতিকাগার কায়রোর ঐতিহাসিক তাহরির স্কয়ারে দফায় দফায় চলেছে আন্দোলন। ঝরেছে আরও রক্ত। জনগণের মূল দাবি ছিল মোবারক ও তাঁর সহযোগীদের ত্বরিত বিচার এবং দ্রুত নির্বাচনের আয়োজন করা। সহিংসতার শিকার দেশের সংখ্যালঘু খ্রিষ্টানেরা তাঁদের অধিকার আদায়ে সোচ্চার হয়েছেন। চলেছে ইসরায়েলবিরোধী প্রচণ্ড বিক্ষোভ। বিক্ষুব্ধ জনতার ওপর সর্বশেষ হামলার ঘটনায় নয়জন নিহত হয়েছে এ মাসেই। ধারণা করা হয়, সামরিক কর্তৃপক্ষের সমর্থকেরাই ওই হামলা চালিয়েছে।বিশ্লেষকেরা বলছেন, নতুন প্রেসিডেন্ট ক্ষমতা নেওয়ার পর সুষ্ঠুভাবে দেশ পরিচালনায় সক্ষম হলে এসব অপ্রীতিকর ঘটনা হারিয়ে যাবে বিস্মৃতির অতলে। আর নেতা ব্যর্থ হলে ঘটবে উল্টোটা।মিসরের মানুষ প্রতিদ্বন্দ্বিতায় ভরা নতুন এক বিশ্বে প্রবেশ করেছে। তারা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত রাজনীতির সঙ্গে পরিচিত হয়েছে। এই প্রথম প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে টেলিভিশন বিতর্ক দেখেছে। কায়রোর এক এতিমখানার কর্মী আল সাঈদ হাসান (৬৫) বলেছেন, ‘সৃষ্টিকর্তা আর জনগণ নতুন প্রেসিডেন্টকে ক্ষমতায় থাকার নিশ্চয়তা দেবে। যদি তিনি কোনো ভুল করেন, সরিয়ে দেব তাঁকে। মানুষ এখন সচেতন হয়েছে। এমন একসময় ছিল, যখন কথা বললে আমাদের গ্রেপ্তার করা হতো। সেই ভয়ের দিন চলে গেছে।’ভোট নেওয়ার আগ পর্যন্ত বিভিন্ন জনমত জরিপে ১৩ জন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে কেউই নিরঙ্কুশ প্রাধান্য বজায় রাখতে পারেননি। শুরুতে ইসলামপন্থী মুসলিম ব্রাদারহুড থেকে বেরিয়ে আসা মধ্যপন্থী আবদেল মনিম আবুল ফুতু কিছুটা এগিয়ে থাকলেও পরে সে অবস্থান বজায় থাকেনি। গত রোববার প্রকাশিত রাষ্ট্রীয় আল আহরাম সেন্টারের জরিপের ফলাফলে চতুর্থ অবস্থানে চলে আসেন ফুতু। এতে মাত্র ১৫ শতাংশ জনসমর্থন ছিল ফুতুর পক্ষে। অন্যদিকে শুরুতে একটু পিছিয়ে থাকলেও মোবারকের শাসনামলে ১০ বছর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা আমর মুসার পেছনে সমর্থন ছিল ৩১ শতাংশ। ওই জরিপে প্রার্থীদের মধ্যে তিনিই ছিলেন শীর্ষে। নির্বাচনের ঠিক আগে আগে এক জরিপে শীর্ষ স্থানে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিক। তবে নানা কারণে মিসরের নির্বাচনী জনমত জরিপের নির্ভরযোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন আছে।চূড়ান্ত ফলাফলের আগে সম্ভাব্য বিজয়ী হিসেবে কারও নাম বলা যাচ্ছে না। তবে যিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হন, বিশাল দায়িত্ব কাঁধে নেওয়ার প্রস্তুতি নিয়ে আসতে হবে। মিসরের মানুষের মূল দাবি অর্থনৈতিক সংস্কার। গত বছর মূলত এ পরিবর্তনের দাবিতেই তারা মোবারকবিরোধী আন্দোলনে নেমেছিল। দেশটিতে বেকারত্ব ও দ্রব্যমূল্য এখন সর্বোচ্চ পর্যায়ে। কাজ যা-ও আছে, মজুরি খুব কম। দারিদ্র্যের ডালপালা ছড়াচ্ছে দিন দিন। দুর্নীতিও ক্রমেই বাড়ছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১৫ মাসে মিসরের অর্থনৈতিক দুরবস্থা খাদের কিনারে গিয়ে পৌঁছেছে। এর একটি বড় কারণ পর্যটন খাতের আয় কমে যাওয়া। মুহাম্মদ আবদুল হামিদ নামের এক লোক বলেন, ‘আমি একসময় একটি দোকানের ম্যানেজার ছিলাম। ব্যবসাটা ভালোই চলত। বিপ্লবের পর অন্য অনেক দোকানের সঙ্গে এটিও বন্ধ হয়ে যায়। প্রায় আট মাস ধরে আমি ঘরে বসে আছি।’দিনা নামের এক নারী বলেন, ‘কাজ পাওয়া যে কত কঠিন, তার ভালো উদাহরণ আমি। বিপ্লবের পর আদৌ কোনো কাজ নেই।’বাণিজ্যে স্নাতক ২১ বছর বয়সী তরুণী সালমা জানান, চাকরির জন্য এ পর্যন্ত ১০০টি দরখাস্ত পাঠিয়ে মাত্র পাঁচটি জায়গা থেকে জবাব পেয়েছেন।অর্থনৈতিক দুরবস্থার চিত্র তুলে ধরতে গিয়ে মিসরের সাবেক অর্থমন্ত্রী সামির রাদোয়ান বলেন, দেশের আয়ের অন্যতম প্রধান উৎস পর্যটন থেকে আগে মাসে ১০০ কোটি ডলার আয় হতো। এই আয় এখন অনেক কমে গেছে। জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়ছে। বন্ধ হয়ে গেছে শত শত কলকারখানা। আগের চেয়ে অনেক কমে গেছে রপ্তানি। ওয়ালিদ সবহি নামের একজন কারখানা ব্যবস্থাপক বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি এখনো পরিষ্কার নয় বলে অনেক বিনিয়োগকারী হাত গুটিয়ে বসে আছেন। প্রেসিডেন্ট নির্বাচনের পর কী হয়, তা দেখার জন্য অপেক্ষা করছেন তাঁরা। এই ব্যবস্থাপকের মতে, সরাসরি বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে আগে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা।চার শীর্ষ প্রার্থীচার প্রশ্ন ভোটের দ্বিতীয় পর্যায়ে কে কে উঠবেন? মিসর কি ইসলামপন্থীদের নিয়ন্ত্রণে যাচ্ছে? সেনাবাহিনী ক্ষমতা হস্তান্তর করবে তো? নারীরা ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন কি?