নতুন নেতৃত্বের নবজাগরণের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বপরিকল্পনামতো ক্ষমতার পালাবদল সম্পন্ন হয়েছে চীনে। দেশটিতে এক দশক পর পর যে নেতৃত্বের পালাবদল ঘটে, তার এ পর্বের নতুন মুখগুলো জানাই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতার পর্বটি। তাও হয়ে গেল। নতুন নেতারা দেশকে কোন পথে, কীভাবে চালান পর্যবেক্ষকেরা এখন তা দেখতে উন্মুখ।নতুন প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতা হাতে নিয়ে তাঁর প্রথম ভাষণে জাতির জন্য ‘মহা নবজাগরণের’ ডাক দিয়েছেন। দলের নেতাদের অপব্যয় পরিহার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানিয়েছেন তিনি। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সামনে বড় চ্যালেঞ্জ এ দুটি। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর লি কেকিয়াং বলেছেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিকেই তিনি সবচেয়ে অগ্রাধিকার দেবেন। প্রত্যাশামতো গত নভেম্বরে দলের মহাসচিব নির্বাচিত হন প্রভাবশালী রাজনীতিবিদ ও কমিউনিস্ট পার্টির প্রবীণ নেতা শি জিনপিং। তখনই তাঁর পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নিশ্চিত হয়ে যায়। ১৪ মার্চ চীনা পার্লামেন্ট ‘জাতীয় গণকংগ্রেস’ আনুষ্ঠানিকভাবে তাঁকে বিদায়ী প্রেসিডেন্ট হু জিনতাওয়ের উত্তরাধিকারী নির্বাচিত করে। এর পরদিন পূর্বাভাসমতো অপর ঝানু রাজনীতিক লি কেকিয়াং নতুন প্রধানমন্ত্রী হিসেবে ওয়েন জিয়াবাওয়ের স্থলাভিষিক্ত হন। এত দিন তিনি ছিলেন নির্বাহী উপপ্রধানমন্ত্রী।শি জিনপিং এবং লি কেকিয়াং এমন একসময় বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটির হাল ধরলেন, যখন তাঁরা রাজনৈতিক প্রভাব ও অর্থনৈতিক প্রতিপত্তিতে সাফল্যের শিখরে অবস্থান করছেন। বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তির অধিকারী দেশ চীন এখন অর্থনৈতিক শক্তির দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের পরই এখন তারা। আর্থিক প্রতিপত্তির চূড়ায় পৌঁছে চীন এখন বিশ্বরাজনীতিতেও তার প্রভাব বিস্তারে সচেষ্ট। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক দিন ধরেই টক্কর দিয়ে আসছে চীন। সমপ্রতি অস্ত্রের বাজারে যুক্তরাজ্যকে হটিয়ে পঞ্চম স্থান দখল করেছে দেশটি। আন্তর্জাতিক রাজনীতিতে মধ্যস্থতাকারী হিসেবেও চীনের ভূমিকা এখন বিশাল। উত্তর কোরিয়া, মিয়ানমার বা সিরিয়ার ক্ষেত্রে তাঁর প্রমাণ দেখা গেছে। উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি থেকে সরিয়ে আনতে যুক্তরাষ্ট্রসহ পারমাণবিক শক্তির অধিকারী যে ছয়টি দেশ প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে, এর মধ্যে মূল মধ্যস্থতাকারী দেশ হচ্ছে চীন। বিশ্লেষকদের মধ্যে ‘দুর্মুখ’ কেউ কেউ বলে থাকেন, উত্তর কোরিয়া যে এ আলোচনায় নমনীয় হচ্ছে না, তা নাকি চীনেরই ইঙ্গিতে। সিরিয়ার বাশার আল আসাদের বিরুদ্ধে পাশ্চাত্যের কঠোর হতে না পারার পেছনেও অন্যতম কারণ চীন ও রাশিয়া।আর বাণিজ্যের ক্ষেত্রে এশিয়া, ইউরোপ আর আমেরিকা তো বটেই, আফ্রিকার দেশগুলোতেও এখন অসামান্য প্রভাব চীনের। আফ্রিকায় চীনের বিনিয়োগকারীরা মুরগির খামার থেকে বিশাল অবকাঠামো প্রকল্প সবখানেই প্রবলভাবে জেঁকে বসছেন।এমন ইতিবাচক রাজনৈতিক ও অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়ে নতুন দুই নেতা হিসেবে চীনকে আর কী দিতে পারেন, নেতৃত্বের নতুন দিশারী হিসেবে তাঁদের কাজই বা কী হবে—তা-ই দেখতে সবাই এখন উদগ্রীব থাকবেন। ক্ষমতা নেওয়ার পর বৃহত্তর জাতীয় ঐক্যের ডাক দিয়ে শি সেনাবাহিনীর উদ্দেশে বলেন, যুদ্ধজয়ের সক্ষমতাকে তাদের আরও উন্নত করতে হবে। রক্ষা করতে হবে নিরাপত্তা ও জাতীয় সার্বভৌমত্ব। অন্যদিকে লি বলেছেন, তাঁর প্রথম কাজ হবে অর্থনৈতিক ও সামাজিক অসাম্যতার চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি। শি আর লির সামনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ কম নয়। বিদায়ী প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও তাঁর দীর্ঘ শেষ ভাষণে বিগত পাঁচ বছরে সরকারের সাফল্যের ফিরিস্তির পাশাপাশি বিদ্যমান চ্যালেঞ্জগুলোর কথা যখন তুলে ধরেন, পুরো কংগ্রেস ছিল নিস্তব্ধ। তিনি যেসব সমস্যার কথা বলেন, তার মধ্যে রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থরতা, সামাজিক সেবা, অবসরভাতা ও স্বাস্থ্যসেবার খাতে দুরবস্থা।জিয়াবাও বলেন, চীন অর্থনৈতিক ক্ষেত্রে বিপুল সাফল্য অর্জন করলেও এ মুহূর্তে ‘কিছুটা ভারসাম্যহীনতায়’ ভুগছে। এটি শক্তভাবে মোকাবিলা করতে হবে। পরিবেশদূষণও দিন দিন বড় সমস্যা হয়ে উঠছে বলে সতর্ক করে দেন তিনি। চীনের নেতারাও জানেন যে এটি এক বড় সমস্যা, কিন্তু সমাধানে কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। এতে জনরোষ বাড়ছে ক্রমেই। এ ব্যাপারে কার্যকর কোনো আইনও হচ্ছে না। পরিবেশদূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন জিয়াবাও। তাঁর মতে, সব সমস্যার সমাধানের মূলে রয়েছে উন্নয়ন।কিন্তু নতুন নেতা শি জিনপিংয়ের অধীনে কতটুকু উন্নয়ন সম্ভব? উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার শিল্প। দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানাগুলোতে এখনো রাজনৈতিক প্রভাব বহাল-তবিয়তে রয়েছে। আবার বেসরকারি কল-কারখানাগুলোকে প্রতিযোগিতামূলক বাজারের সঙ্গে প্রতিনিয়ত পাল্লা দিতে হচ্ছে। এতে কর্মী ও ব্যয় কাটছাঁটকে অগ্রাধিকার দিচ্ছে তারা। শি জিনপিংয়ের আমলে এই ধারা অব্যাহত থাকলে চাকরির বাজারে সংকটের ক্ষেত্রে কোনো হেরফের হবে না। আবার প্রেসিডেন্ট দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি চাইবেন বলে নগরায়ণের বিষয়টি অব্যাহত থাকবে বলে ধরে নেওয়া যায়। ধুমসে বড় বড় নগর গড়ে ওঠার পাশাপাশি গ্রামাঞ্চলের আরও অনেক বেশি মানুষের নগরবাসী হওয়ার সুযোগ ঘটবে। সে ক্ষেত্রে কর্মসংস্থান বাড়বে। এটুকু আশা করা যায়, শি জিনপিংয়ের নেতৃত্বাধীন চীনা কমিউনিস্ট পার্টি নিজেদের আরও স্বচ্ছ, আরও দক্ষ হিসেবে তুলে ধরতে চাইবে। জনগণের আকাঙ্ক্ষা ও প্রয়োজনীয়তা পূরণেও আরও বেশি সাড়া দেবে তারা। তবে সমৃদ্ধি ও অগ্রগতির ক্ষেত্রে শীর্ষস্থানীয় নেতারা যত সচেষ্টই হোন না কেন, একটি ক্ষেত্রে বরাবরের মতো অটল থাকবেন তাঁরা। তা হচ্ছে রাজনৈতিক প্রভাব। এ ক্ষেত্রে কোনো ছাড় দেবেন না তাঁরা।