নতুন নেতৃত্বের সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াইটসলারের পথে গাড়ি ছুটে চলেছে। উত্তরে সমুদ্রতীরবর্তী উঁচু উঁচু পর্বত, অন্য পাশে প্রশান্ত মহাসাগর। এরই মধ্যে রাত নেমে এসেছে। রাতের নির্জনতায় উত্তর দিকের আলো চমৎকার এক দৃশ্য তৈরি করেছে। এ যেন বাস্তব নয়, স্বপ্ন। কানাডা সফরের নানা বিস্ময়ের মধ্যকার একটি বিস্ময় তুলে ধরেন বাংলাদেশ দলের এক সদস্য।ওয়ার্ল্ড মডেল ইউনাইটেড নেশনস (ওয়ার্ল্ড মুন) ২০১২-এ অংশ নিয়ে সম্প্রতি কানাডা থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের দুই ‘নবীন কূটনীতিক’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহাম্মদ তানজিমুল ইসলাম ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কানিজ ফাতেমা।হ্যাঁ, তাঁরা কূটনীতিকই বটে। আগামী দিনের কূটনীতিক। বাগ্যুদ্ধে নয়, গভীর চিন্তা ও সমঝোতার মধ্য দিয়ে কোনো একটি জটিল বিষয়ে তাঁদের সিদ্ধান্ত নিতে হয়েছে ৬৫টি দেশের ২০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই হাজার ২০০ জন প্রতিনিধির সঙ্গে। ওয়ার্ল্ড মুন হলো—মডেল ইউনাইটেড নেশনস—শিক্ষার্থীদের অন্যতম বড় সম্মেলন, প্রতিবছর যার আয়োজন করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এবারের সম্মেলন হয়েছে কানাডার ভ্যাংকুভারে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে, ১১ থেকে ১৫ মার্চব্যাপী।ওয়ার্ল্ড মুনের বিষয় স্পষ্ট করলেন কানিজ ফাতেমা। মডেল ইউনাইটেড নেশনস বা সংক্ষেপে এমইউএন (মুন) হলো বিশ্বব্যাপী প্রতীকী জাতিসংঘ সম্মেলন, যেখানে বিশ্বের সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তরুণ প্রজন্মের চিন্তাভাবনা প্রকাশ পায়। বিভিন্ন যুক্তি, তর্ক-বিতর্ক, আলোচনা ও সমঝোতার মধ্য দিয়ে কোনো সমস্যার সমাধান খুঁজে বের করা এবং একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার কাজও প্রতিনিধিদের করতে হয়।তবে মজার বিষয় হলো, এ সম্মেলনে তানজিমুল ইসলাম প্রতিনিধিত্ব করেছেন বুরুন্ডির হয়ে এবং কানিজ ফাতেমা ইন্টারপোলের ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের পরিচালকের দায়িত্ব পালন করছেন। বিষয়টি শুনে একটু খটকা লাগলেও তানজিমুল ইসলাম পরিষ্কার করেন যে ওয়ার্ল্ড মুনের নিয়মই এমন, সেখানে নিজ দেশের নয়, অন্য দেশের প্রতিনিধিত্ব করতে হয়। এর ফলে অন্যান্য দেশের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবেশ সম্পর্কে ধারণা লাভ হয় এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে জানা যায়।কানিজ ফাতেমা জানান, ‘এই উৎসবে যোগ দেওয়ার ফলে ইন্টারপোল নিয়ে এখন আমার ধারণা আরও স্পষ্ট হয়েছে।’দীর্ঘ ৪৭ ঘণ্টার যাত্রা শেষে সুদূর পথ অতিক্রম করে তানজিমুল ইসলাম ও কানিজ ফাতেমা ১১ মার্চ ভ্যাংকুভার কনভেনশন সেন্টারের সম্মেলনে অংশ নেন। প্রথম দিন ছিল উদ্বোধনী অনুষ্ঠান। সেদিন তাঁরা নিজ দেশের ঐতিহ্যগত বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে দেশকে উপস্থাপন করেন। বলা যায়, সেখানে তাঁরা এক রকম স্টলই দিয়ে বসেছিলেন। তারপর ১২ থেকে ১৫ মার্চ পর্যন্ত সম্মেলন চলে। এ সম্মেলন থেকে তাঁদের জন্য একটি ভ্রমণের আয়োজন করা হয়। এটি ছিল হোয়াইটসলার ভ্রমণ, যেখানে ২০১০ সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু এটি তখন বরফে আবৃত ছিল।এ সম্মেলনে অংশ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধিদের সংখ্যা তুলনামূলক কম ছিল। এর কারণ দুটি শর্ত। প্রথমত, অংশগ্রহণকারীকে কমপক্ষে দুটি মুন সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয়ত, জাতিসংঘের যেকোনো ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকতে হবে। প্রথম শর্তের অভিজ্ঞতা আমাদের দুই অংশগ্রহণকারীর ছিল। দ্বিতীয়টির ক্ষেত্রে তাঁরা প্রত্যক্ষভাবে জাতিসংঘ যুব ও ছাত্র সংগঠনের (ইউনিস্যাব) সঙ্গে জড়িত। সুতরাং, ব্যাটে-বলে যখন মিলেই গেল, তখন চার-ছক্কা ঠেকায় কে।তানজিমুল ইসলাম ও কানিজ ফাতেমার গল্প শুনেই বোঝা গেল তাঁদের অভিজ্ঞতার ঝুলি অনেক বড়। তবে নতুন পরিবেশে নিজেদের খাপ খাইয়ে নিতে একটুও সমস্যা হয়নি। কারণ, ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে তাঁরা বাংলাদেশি দুজন শিক্ষার্থী—ইমরান ও সালমানকে পেয়েছিলেন নিমন্ত্রক হিসেবে, যাঁদের কাছে তাঁরা অনেক বেশি কৃতজ্ঞ।কানাডা সম্পর্কে আমাদের দুই প্রতিনিধির কাছ থেকে একই ধরনের কথা শোনা গেল। কানাডা এককথায় স্বপ্নরাজ্য! ঝকঝকে পরিষ্কার, অল্প বসতি, একদিকে পাহাড় ও অপর দিকে সবুজের সমারোহে ছবির মতো একটি দেশ। কানিজ ফাতেমা জানান, এখানকার মানুষের অনেক বেশি সহযোগিতার মনোভাবাপন্ন, অনেক আন্তরিক ও বিনয়ী। তানজিমুল ইসলাম জানান, সেখানকার সুন্দর পরিকল্পনার মধ্য দিয়ে পরিচালিত প্রতিটি কাজের কথা। তবে লোকসংখ্যা অনেক কম। ভ্যাংকুভারের স্মৃতি মনের মধ্যে ধারণ করে আমাদের দুই তরুণ কূটনীতিক সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা নিয়ে দেশে ফিরেছেন। তাঁদের মনে স্বপ্ন ও আশা একটাই, আমাদের দেশের জনসংখ্যাকে নেতিবাচকভাবে না দেখে ইতিবাচকভাবে দেখতে হবে, যাতে পরিকল্পনার মধ্য দিয়ে সহজে সমস্যার সমাধান করা যায়। তানজিমুল ইসলাম ও কানিজ ফাতেমার মতো নতুন নেতৃত্বের হাতে গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ।