নতুন নেতৃত্বের সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান প্রেক্ষাপটে ক্ষমতা আর নেতৃত্ব যখন প্রায় সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে, তখন তরুণ প্রজন্মকে নিজের অবস্থান থেকেই সময়ের প্রয়োজনে নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)।ভেদাভেদ ভুলে তরুণ প্রজন্মকে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করার পাশাপাশি আত্মউন্নয়নের মাধ্যমে তাদের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এ সংস্থাটি। তারই ধারাবাহিকতায় বিওয়াইএলসি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে ‘বিওয়াইএলসি গ্র্যাজুয়েট নেটওয়ার্ক’ সংক্ষেপে বিজিএন। ২ মার্চ মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজিএন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এ পর্যন্ত প্রায় ৪০০ জনের বেশি শিক্ষার্থী বিওয়াইএলসি থেকে নেতৃত্বের নানা বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন।বাংলা, ইংরেজি ও মাদ্রাসা—এই তিন মাধ্যমের শিক্ষার্থীদের একত্র করে কাজ করে বিওয়াইএলসি। শুধু তাই নয়, চার মাসব্যাপী লিডারশিপ ট্রেনিংয়ের (বিবিএলটি) একটি নির্ধারিত অংশ থাকে যেখানে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে গিয়ে তাদের জন্য কিছু করতে হয়। বন্ধুবান্ধব, পরিবার পরিজনের ক্ষুদ্র গণ্ডির বাইরে এসে সমাজের নানা শ্রেণীর মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করতে গিয়ে তাদের এক সম্পূর্ণ ভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়, যা তরুণ শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি অনেকখানি বদলে দেয়। আর তাই বিবিএলটি গ্র্যাজুয়েটরা আর দশজন শিক্ষার্থীদের তুলনায় ভিন্নভাবে চিন্তা করতে শেখে, নতুন কিছু করার স্বপ্ন দেখে। মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের তনিমা তাসনিমের কথাই ধরা যাক। বিবিএলটি ২ ব্যাচের গ্র্যাজুয়েট তনিমা এখন শিক্ষানবিশ হিসেবে কর্মরত আছেন ইউরোপিয়ান অর্গানাইজেশন অব নিউক্লিয়ার রিসার্চে, যা সার্ন নামে বিশ্বব্যাপী পরিচিত। এর আগে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসাতেও কাজ করেছেন তিনি। শুধু ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরাই যে এগিয়ে যাচ্ছে তা নয়। মঠবাড়িয়ার শাপলেজা নেসারিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষাথৃী ছিলেন বিবিএলটি ৩ ব্যাচের মোহাম্মদ সাদেকুর রহমান। তিনি এখন পড়াশোনা করছেন মিসরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনার পাশাপাশি বিবিএলটি গ্র্যাজুয়েটরা তাদের চারপাশে ঘটে যাওয়া নানা সমস্যা সমাধানে নিজেরাই এগিয়ে আসছে, গড়ে তুলছে নানা সংগঠন। এমনই এক খুদে সামাজিক উদ্যোক্তা চট্টগ্রামের লিটল জুয়েলস স্কুলের শিক্ষার্থী ইমরুল চৌধুরী। তিনি প্রতিষ্ঠা করেছেন ‘চেঞ্জমেকারস ফর বাংলাদেশ’ নামে একটি সংগঠন। দলগত প্রচেষ্টার মাধ্যমেও কাজ করছে অনেকে। বিবিএলটি ৯ ব্যাচের কয়েক শিক্ষার্থী মিলে তরুণ সমাজকে ধূমপান ও মাদক থেকে দূরে রাখতে ‘ট্র্যাশ দ্য অ্যাশ’ নামে একটি ক্যাম্পেইন পরিচালনা করছেন। এমন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা, নেতা, সামাজিক কর্মী গড়ে তুলছে বিওয়াইএলসি। আর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের এই গ্র্যাজুয়েট নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে এমন উদ্যোক্তাদের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করা আরও সহজ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন বিজিএন (ঢাকা)-এর প্রেসিডেন্ট ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহেদুল ইসলাম। সম্পূর্ণ শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই নেটওয়ার্কের বর্তমান সদস্য সংখ্যা ১৩৫ জন। সদস্যরাই ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট ও বোর্ড মেম্বারদের এক বছরের জন্য নির্বাচিত করে। খুব শিগগিরই বিওয়াইএলসি এর বাকি গ্র্যাজুয়েটদেরও এর আওতায় আনা হবে বলে জানা গেছে।জাহেদুল ইসলাম বলেন, ‘উৎসাহী গ্র্যাজুয়েটদের জন্য বিজিএন একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এ ছাড়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রতি মাসে বিভিন্ন দরকারি বিষয় যেমন প্রেজেন্টেশন, সিভি রাইটিং এসব ব্যাপারে কর্মশালা আয়োজন করা হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং এর ব্যবস্থাও থাকবে।বিজিএনের উদ্বোধন করতে গিয়ে বিওয়াইএলসির প্রতিষ্ঠাতা এজাজ আহমেদ বলেন, ‘দেশের স্বার্থে তরুণ সমাজকে ধর্ম-বর্ণ নির্বিশেষে এক হয়ে কাজ করতে হবে। একটি পরিপূর্ণ ও প্রগতিশীল সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হলে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার কোনো বিকল্প নেই।’