নতুন নেতৃত্বের সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠাগার শব্দের আভিধানিক অর্থ সে জানে না। তবে সে পাঠাগারের ভাবার্থ একটি দাঁড় করিয়েছে। সে ভাবের অর্থটি হলো, তার আটপৌরে স্কুলের একটি রুমে কিছু টেবিল-চেয়ারসমেত বই দিয়ে ভরে ফেলা! পাঠাগার নিয়ে এই স্বপ্ন যে লালন করে, তার নাম রুবেল ইসলাম। নীলফামারী জেলার প্রত্যন্ত গ্রামের এক শিক্ষার্থী। তার মতো আরও ৯৯ জন শিক্ষার্থী জড়ো হয়েছিল ঢাকার ধানমন্ডির ইএমকে সেন্টারে, যাদের প্রত্যেকেই কিছু না কিছু স্বপ্ন লালন করে। তাদের স্বপ্নের বাস্তবায়ন কীভাবে করবে এবং নতুন নতুন পরিকল্পনা নিয়ে কীভাবে কাজ করবে, সে বিষয়েই আয়োজন করা হয়েছিল প্রশিক্ষণের।১৭-১৯ এপ্রিল তিন দিনের এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল তরুণ শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ। স্বেচ্ছাসেবী এই সংগঠন নবীন শিক্ষার্থীদের সংগঠক তথা সুনাগরিক হিসেবে গড়ে তোলার এই উদ্যোগের কেতাবি নাম দিয়েছে ‘ওয়ান ডিগ্রি চ্যালেঞ্জ’। তাদের এই প্রকল্প ঢাকার আমেরিকান সেন্টারের আর্থিক সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।প্রকল্প সম্পর্কে ওয়ান ডিগ্রি চ্যালেঞ্জের প্রকল্প ব্যবস্থাপক মুশফিকুর রহমান বলেন, ‘শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষা-সহায়ক অনেক কার্যক্রম চালু রয়েছে, যা মফস্বল শহর বা গ্রমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নেই। তাই শিক্ষার্থীদের সামাজিক বিভিন্ন বিষয়ে উদ্যোগী করার বিষয়ে আমরা জোর দিচ্ছি।’ সারা দেশের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুজন করে সর্বমোট ১০০ জন শিক্ষার্থী এ কার্যক্রমে অংশ নেয়। তারা সবাই অষ্টম, নবম ও একাদশ শ্রেণীর শিক্ষার্থী। সেই সঙ্গে প্রতিটি প্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষকও এসেছিলেন শিক্ষার্থীদের সঙ্গে, যাঁদের কাজ হবে শিক্ষার্থীদের উদ্যোগকে সহযোগিতা করা। এমন একজন চট্টগ্রাম প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক লিসানুল হক বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকেরা এখানে এসেছেন। নিজেদের সমস্যা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করছেন, যা থেকে আমিও শিখছি।’এই প্রশিক্ষণার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে গিয়ে একটি ক্লাব খুলবে, যা শুধু নিজেদের স্কুলবিষয়ক সমস্যা নিয়েই কাজ করবে না, যুক্ত থাকবে সামাজিক সমস্যার সমাধানে। আর তাদের কাজের বাস্তবায়ন ও নতুন পরিকল্পনার ফলোআপ হবে এক মাস পর।