নতুন পথে কিউবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘোষণাটা দিয়ে একটু চমকেই দিয়েছে কিউবা। বিপুলসংখ্যক সরকারি কর্মী—পুরো পাঁচ লাখ—ছাঁটাই করা হবে সে দেশে। বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রোর ভাই প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো সম্প্রতি বলেন, ‘পুরোনো কায়দায় আর পেরে উঠছে না দেশ। এ ব্যবস্থার কিছু পরিবর্তন হওয়া দরকার।’ প্রেসিডেন্টের এই মন্তব্যের পর গত সপ্তাহে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন শ্রমিক ফেডারেশন ওই ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। ফেডারেশন বলেছে, ২০১১ সালের মাঝামাঝি নাগাদ পাঁচ লাখ কর্মী চাকরি হারাবেন। এটি দেশের মোট সরকারি কর্মীর প্রায় ১০ শতাংশ।ছাঁটাইয়ের মাধ্যমে কিউবা অর্থনৈতিক পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে বড় ধরনের এ উদ্যোগ গ্রহণের পরও ‘হয় সমাজতন্ত্র, নয় মৃত্যু’ মডেলকে টিকিয়ে রেখে কিউবা ভঙ্গুর অর্থনীতিকে কতটা পুনরুদ্ধার করতে পারবে, তা নিয়ে অনেক বিশেষজ্ঞই সন্দিহান। তাঁরা আরও বলেছেন, সরকারি কর্মী গণছাঁটাইয়ের এই ঘোষণা প্রমাণ করে না, কিউবার সমাজতন্ত্র শেষ হয়ে যাচ্ছে।কিউবায় মার্কিন স্বার্থ দেখভাল করা দপ্তরের সাবেক প্রধান ওয়েন স্মিথ বলেন, ‘নিঃসন্দেহে এটি (কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত) বড় ধরনের পদক্ষেপ। তবে আমার মনে হয় না এ মুহূর্তে এর মধ্য দিয়ে খুব একটা লাভবান হবে কিউবা। কেননা, দেশটির অর্থনীতি দিনে দিনে তলানিতে পৌঁছেছে।’ফিদেল কাস্ত্রো বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ২০০৬ সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। এরপর দেশের দায়িত্ব নেন রাউল কাস্ত্রো। ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো বলে আসছেন, ‘কোনো কাজকর্ম না করেও কিউবায় জীবিকা নির্বাহ করা সম্ভব—এ ধারণা আমি আজীবনের জন্য পাল্টে দিতে চাই।’সমাজতান্ত্রিক কিউবায় স্বাভাবিকভাবেই রাষ্ট্র নাগরিকদের আবাসন, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসার দায়িত্ব নিয়ে থাকে। এ ব্যবস্থার যে বড় সমালোচনা (সরকারি কর্মীদের ফাঁকিবাজি, নিস্পৃহতা আর অদক্ষতা) তা থেকে মুক্ত নয় এ দ্বীপদেশটিও। অন্য সুবিধাগুলো ছাড়াও কিউবান নাগরিকদের খাদ্যের রেশন কার্ড রয়েছে। তার ওপর মাসে ২০ ডলারের সমপরিমাণ অর্থ দেওয়া হয় প্রত্যেক কর্মীকে। তবে এ অর্থকে যথেষ্ট মনে করেন না কেউই। ফলে সরকারি কাজে ঢিলেমি আসাটাও স্বাভাবিক বলে মনে করে সাধারণ মানুষ। কিউবানদের মধ্যে একটা কথা প্রচলিত আছে, ‘সরকার আমাদের জন্য কাজ করার ভান করছে, আমরাও সরকারের জন্য কাজ করার ভান করছি।’কিউবায় এ মুহূর্তে চরম অর্থনৈতিক সংকট চলছে। জাতীয় উৎপাদনে নেমেছে ধস। মুদ্রার মান, পর্যটনশিল্প ও বিদেশি বিনিয়োগে পড়েছে ভাটা। নিরপেক্ষ অর্থনীতিবিদেরা বলছেন, ভেনেজুয়েলা তেল সরবরাহ বন্ধ করে দিলে কিউবার অর্থনীতি একেবারে মুখ থুবড়ে পড়বে।নীতিগত ও অন্যান্য অভ্যন্তরীণ সীমাবদ্ধতা ছাড়া কিউবার আজকের দুরবস্থার বড় দুটি কারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের বরাবরের একঘরে করে রাখার নীতি আর একসময়ের বড় সাহায্যদাতা সাবেক সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি রাশিয়ার নিজের সংকট। মার্কিন কংগ্রেসের ‘কিউবা ওয়ার্কিং গ্রুপ’-এর উপদেষ্টা ফিলিপ পিটার্স ছাঁটাইয়ের ঘোষণার ব্যাপারে বলেন, ‘এটা (অর্থনৈতিক সংস্কার) একটা বড় ধরনের সিদ্ধান্ত। বিশাল সাফল্য এটা। কেননা, এর মধ্য দিয়ে কিউবা সরকার এই প্রথমবারের মতো স্বীকার করল, বেসরকারি খাত কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীদের উপেক্ষা করার সুযোগ নেই। বরং তা দেশটির অর্থনীতির জন্য কৌশলগত দিক দিয়ে খুবই জরুরি ও অত্যাবশ্যকীয়। আর এটাই হলো কিউবান অর্থনীতির প্রকৃত সমাধান।’বর্তমানে প্রায় আট লাখ ২৩ হাজার কিউবান বেসরকারি খাতে চাকরি করছেন। তাঁদের বেশির ভাগই কাজ করেন সরকার অনুমোদিত প্রতিষ্ঠানগুলোতে। মোট জনশক্তির ৮৫ ভাগই সরকারি চাকরি করছেন।ছাঁটাইয়ের জন্য নির্ধারিত পাঁচ লাখ কর্মীর মধ্যে অনেককেই বিকল্প চাকরির ব্যবস্থা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আবার অনেকেই চাকরিতে বহাল থেকে যাবেন। তবে আগের মতো অত সুযোগ-সুবিধা পাবেন না। সরকার বলেছে, কোথাও কর্মীর সংখ্যাধিক্য থাকলে অতিরিক্ত কর্মীদের ব্যবসায় নামতে বা অন্য কোনো খাতে কাজ করতে উৎসাহিত করা হবে। অর্থাৎ কিউবানরা এখন পছন্দমতো কাজ করার সুযোগ পাবে। বলা হচ্ছে, ১৯৫৯ সালের সমাজতান্ত্রিক বিপ্লবের পর থেকে অর্থনৈতিক অকার্যকারিতার সমাধানে এবারই প্রথম বড় ধরনের অর্থনৈতিক সংস্কারের উদ্যোগ নেওয়া হলো। এর মধ্য দিয়ে দেশটির দীর্ঘদিনের কঠোর সরকারি নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা ও আচরণের পরিবর্তন হতে যাচ্ছে বলে বিশ্লেষকেরা মনে করছেন। তাঁদের মতে, কর্মীরা এখন পছন্দমতো জায়গায় কাজ করতে পারবেন। ফলে আগের চেয়ে উপার্জনও করতে পারবেন বেশি। তাঁরা সরকারি ক্যানটিনের বদলে অন্যত্র দুপুরের খাবার খাওয়ার স্বাধীনতা পাবেন। কোম্পানির গাড়িতে না চড়ে পছন্দের গাড়িতে চড়তে পারবেন। সব মিলিয়ে এই সংস্কারের মধ্য দিয়ে কিউবায় একটি আদর্শগত পরিবর্তনের সূচনা হতেই পারে। অনেকে মনে করছেন, মূল আদর্শ হিসেবে সমাজতন্ত্রকে ধরে রেখেই চীন ও ভিয়েতনামের পথ ধরার লক্ষণ হতে পারে এটি। কিউবার প্রতি যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কতটা বদলায় তা দেখারও জন্য পর্যবেক্ষকেরা উদগ্রীব। পুঁজিবাদের স্বর্গভূমি মার্কিন দেশের এক নেতা গর্বভরে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের শিয়রের কাছে ওই ‘কমিউনিস্ট ক্যানসার’ ১০ বছরের বেশি টিকবে না। সেই কথা মিথ্যা প্রমাণিত হয়েছে। অর্থনীতির দাবি আর পরিবর্তিত বিশ্ব-পরিস্থিতির ফেরে যুক্তরাষ্ট্রও কিউবামুখী দ্বার খুলতে বাধ্য হয়েছে। মার্কিন নাগরিকদের সে দেশে সফরে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন অবরোধ প্রত্যাহারের জন্য চাপ বাড়ছে। দেশত্যাগ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো কাস্ত্রোবিরোধীরা কিউবার বিরুদ্ধে অবরোধ নিষেধাজ্ঞা ইত্যাদি বহাল রাখার জোর সমর্থকদের দলে। অর্থনৈতিক সংস্কারের এই বড় উদ্যোগ তাদের জন্যও একটা বড় চমক বটে।