নতুন পরিবেশ নতুন বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিকের ধাপ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন দীপা। প্রথম দিন অনেক উৎসাহ নিয়ে ক্লাসে যান, কিন্তু কোনো কিছুই তাঁর ভালো লাগছিল না। কারণ, দীপার চারপাশে কোনো বন্ধু নেই, সবাই তাঁর অপরিচিত। এভাবে কয়েকটা ক্লাস পার করার পর সবার সঙ্গে তাঁর পরিচয় এবং এঁদের মধ্যে কয়েকজনের সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এর আগের দিনগুলো তাঁর কেটেছে খুব গুমোট। দীপার মতো এমন বাস্তবতার সম্মুখীন হতে হয় প্রায় প্রত্যেক শিক্ষার্থীকে। কারণ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের বন্ধুদের ছেড়ে একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। এমন পরিবেশে বন্ধু ছাড়া চলা যেন ভাবাই যায় না। বিশেষ করে তাঁদের জন্য পরিস্থিতি অনেক কঠিন, যাঁরা পরিবারকে ছেড়ে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য দূর-দূরান্তে আসেন। এই বয়সের একজন শিক্ষার্থীর মন অনেকাংশে অপরিণত থাকে, তাই বন্ধুত্বের সম্পর্কে জড়ানোর ক্ষেত্রেও তাঁদের মনে এক ধরনের দ্বিধা কাজ করে। কার মনমানসিকতা কেমন হবে, কার কাছ থেকে কতটুকু সহযোগিতা পাওয়া যাবে ইত্যাদি বিষয়ে মনে নানা ভাবনার জন্ম হয়। তবে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচলিত বর্তমান শিক্ষাব্যবস্থা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ, সেমিস্টার পদ্ধতিতে শিক্ষার্থীদের অনেক বেশি দল বেঁধে কাজ করতে হয়। তাই পরস্পরের মধ্যে ভালো একটা বোঝাপড়ার সম্পর্ক তৈরি হয়ে যায়; যা বন্ধুত্বের সম্পর্ক তৈরির প্রথম ধাপ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক শামীম ফেরদৌস করীম। তিনি জানান, এ পর্যায়ে এসে শিক্ষার্থীরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কিছু সচেতনতা অবলম্বন করেন। তাঁরা নিজেদের পছন্দ-অপছন্দ, মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন এবং সেই সঙ্গে আর্থসামাজিক অবস্থানের ভিত্তিতে বন্ধু নির্বাচন করেন। ব্যক্তিগত কিছু প্রয়োজনীয়তা এবং আত্মোন্মোচনের জন্য একজন শিক্ষার্থী বন্ধুর প্রয়োজনীয়তা অনুভব করেন। তবে এ ক্ষেত্রে যাঁরা খুব বেশি অন্তর্মুখী, তাঁদের পক্ষে সবার সঙ্গে খুব সহজে বন্ধুত্ব করা সম্ভব হয় না। এ জন্য বন্ধুত্ব করার ক্ষেত্রে অন্যতম শর্ত হলো বহির্মুখী হওয়া। জীবনের সুখ-দুঃখ সবকিছু পরিবারের বাইরে একমাত্র বন্ধুর সঙ্গে ভাগাভাগি করে নেওয়া যায়। বিশ্ববিদ্যালয়ে অনেকটা সময় একজন শিক্ষার্থীকে বন্ধুদের সঙ্গেই কাটাতে হয়। এ জন্য বন্ধুত্বের সম্পর্ক হওয়া চাই অনেক বেশি মজবুত। বন্ধুত্বের সম্পর্ক তৈরি এবং সেই সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে শামীম ফেরদৌস করীম কিছু সতর্কতার কথা জানিয়েছেন। এ ধরনের সম্পর্ক গড়ার ক্ষেত্রে অবশ্যই সৎ থাকতে হবে। বন্ধুর আবেগকে প্রাধান্য দিয়ে কথা বলতে হবে। এ ক্ষেত্রে এমন কিছু বলা যাবে না, যাতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। বন্ধুর বিশ্বস্ততা অর্জন করতে হবে। নিজেকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে।বন্ধু ছাড়া জীবনের একটা দিক যেন অপূর্ণ থেকে যায়। একজন ভালো বন্ধুর সহযোগিতা যেমন জীবনের অনেক বড় পাওয়া, তেমনি বন্ধু নির্বাচনে ভুল হলে নষ্ট হয়ে যেতে পারে কারও সুন্দর জীবন। তাই বলে ভয় পেয়ে নিজেকে গুটিয়ে রাখলে চলবে না। কারণ, শুধু পড়ালেখা নয়; একসঙ্গে ঘুরে বেড়ানো, কেনাকাটা করা, খাওয়াদাওয়া, সিনেমা দেখা ইত্যাদির মতো আরও অনেক মজার বিষয় লুকিয়ে আছে বিশ্ববিদ্যালয়ে গড়ে ওঠা বন্ধুত্বের এই সম্পর্কের মধ্যে। তাই ইতিবাচক মনোভাব নিয়ে নিজের ব্যক্তিত্বকে গড়ে তুলুন।