পলান সরকার আর তাঁর বাড়ি বাড়ি বই ফেরি করার ঘটনা এত দিনে জানা হয়ে গেছে প্রায় সবার। কিন্তু ২০ ফেব্রুয়ারি ঘটল আরও একটি অসাধারণ ঘটনা। ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে বেরিয়ে এলেন এক নতুন পলান সরকার। একুশে পদক হাতে তিনি গত বুধবার এসে পৌঁছান রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামে। নতুন পলান সরকারের গল্প শোনাচ্ছেন আবুল কালাম মুহম্মদ আজাদগ্রামে গ্রামে হেঁটে হেঁটে বই বিলি করেন পলান সরকার। এই গল্প শুনে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামের কলেজছাত্র সবুজ সরকার একই দিনে ৫০টি বই কিনে ফেলেন। তাঁর স্বপ্ন—তিনিও পলান সরকার হবেন। রাজশাহীর চারঘাট উপজেলার বনকিশোর গ্রামের ১১ যুবক পলান সরকারের পদাঙ্ক অনুসরণ করে মানুষের বাড়িতে বিনা পয়সায় বই বিলি করা শুরু করেছেন। তাঁরা গ্রামে একটি পাঠাগারও তৈরি করেছেন। ফরিদপুরের ঝিলটুলির শহীদ সুফি পাঠাগার তাঁর নামে আয়োজন করেছিল ‘পলান উৎসব’। উৎসবের উদ্বোধন করতে ডাক পড়েছিল তাঁর। ডাক পড়েছিল রংপুরের হারাগাছের আউস পাঠাগারে, মাগুরায় ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে। এভাবেই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এখন স্বপ্ন ফেরি করে বেড়ান পলান সরকার। পলান সরকার আর তাঁর বাড়ি বাড়ি বই ফেরি করার ঘটনা এত দিনে জানা হয়ে গেছে প্রায় সবার। কিন্তু ২০ ফেব্রুয়ারি ঘটল আরও একটি অসাধারণ ঘটনা। ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে বেরিয়ে এলেন এক নতুন পলান সরকার। একুশে পদক হাতে তিনি গত বুধবার এসে পৌঁছেন রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামে। কিছুদিন আগে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ ফোন করে প্রথম প্রস্তাবটা দেন। একুশে পদকের জন্য পলান সরকারের নামে একটি প্রস্তাব তিনি পাঠাতে চান। তাঁর কথা, ‘আপনি যেহেতু তাঁকে নিয়ে প্রথম কাজ করেছেন, আপনি তাঁর জীবনী ও বই পড়ার আন্দোলনের ওপরে একটি সংক্ষিপ্ত বিবরণী লিখে দিন।’ কাজটা আগ্রহ নিয়ে করেছি কিন্তু সত্যি কথা, খুব বেশি আশা ছিল না। ১৮ ফেব্রুয়ারি আবার শাহরিয়ার ফিরোজের ফোন। জানালেন, পলান সরকারকে একুশে পদকের জন্য মনোনীত করা হয়েছে। আমি আনন্দে বিস্ময়ে অভিভূত। উপজেলার দিঘা কলেজের শরীরচর্চার শিক্ষক গোলাম তোফাজ্জল কবির মিলন বলেন, ‘এভাবে হাঁটতে হাঁটতে যে পলান সরকার বদলে যাবেন, বুঝতে পারিনি।’ তিনি বলেন, পলান সরকার শুধু নিজে বদলাননি, নিজের গ্রামটাকেও বদলে দিয়েছেন। রাজশাহীর বাঘা উপজেলার বাউসা বাজার পার হয়ে দিঘা বাজারের দিকে যেতেই হাতের ডানপাশে নতুন একটি ভবন চোখে পড়বে। সম্প্রতি যাঁরা ওই রাস্তা দিয়ে যাবেন, তাঁরা কেউ ভবনটির দিকে না তাকিয়ে পারবেন না। এটি একটি ‘পাঠাগার’। রাজশাহী জেলা পরিষদ সাত লাখেরও বেশি টাকা খরচ করে এই পাঠাগার নির্মাণ-প্রকল্প বাস্তবায়ন করেছে। এটি এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। তবে আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও উদ্বোধনের অপেক্ষায় বসে নেই পলান সরকারের পাঠকেরা। তাদের পড়াশোনার জন্য কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই। নাটোরের বাগাতিপাড়া উপজেলার যুবক সাইদুর রহমান পলান সরকারের পাঠাগারে এসে একসঙ্গে ৫০টি বই নিয়ে যান। এলাকার পাঠকদের পড়িয়ে আবার বই পাল্টে নিয়ে যান তিনি। নিভৃত গ্রামের ভেতরে পলান সরকার ফাউন্ডেশনের মতো এত বড় পাকা ভবনে এমন পাঠাগার সচরাচর আর চোখে পড়ে না। ৪০ বাই ২৫ ফুট আয়তনের দুই কক্ষবিশিষ্ট পাঠাগারে একটি পলান সরকারের বসার জন্য। এটা অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। পড়ার ঘরে রয়েছে আট ফুট মাপের একটি টিনের র্যাক, তিনটি আলমারি ও বেশ কিছু চেয়ার। একজন মানুষ সারা দেশের মানুষের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন এই গ্রামের দিকে। তিনি পলান সরকার। বই পড়ার আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য পলান সরকারকে সারা দেশে কমপক্ষে ২৩টি সংবর্ধনা দেওয়া হয়েছে। ২০০৭ সালের ১৯ মে রাজশাহীর বাঘায় এক সংবর্ধনায় উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, ‘প্রকৃত মানুষ গড়ার জন্য আমাদের ঘরে ঘরে পলান সরকারের মতো বইয়ের আলো জ্বালতে হবে। ঘুণে ধরা এ সমাজে যদি এমনি আরও পলান সরকারের জন্ম হতো, তাহেলে জাতির এই দুর্দশা কেটে যেত।’ তিনি বলেন প্রাতিষ্ঠানিক শিক্ষাই সব নয়। স্বশিক্ষায় শিক্ষিত না হলে শুধু প্রতিষ্ঠানিক শিক্ষা নিয়ে কেউ মানুষ হতে পারে না। তিনি বলেন, রবীন্দ্রনাথ ও নজরুলের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। একইভাবে পলান সরকারের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কিন্তু তিনি স্বশিক্ষায় শিক্ষিত। লেখিকা সেলিনা হোসেন বলেন, ‘আমাদের উচিত, পলান সরকারের মতো বাড়িতে বাড়িতে পাঠশালা গড়ে তোলা। তিনি নিজের জীবন ও স্বপ্নকে কাজে লাগিয়ে মানুষ গড়ার কাজ করছেন।’ সংবর্ধনা ছাড়াও পলান সরকার ভক্ত ও অনুরাগীদের কাছে থেকে পেয়েছেন বিচিত্র উপহারও। ঢাকা থেকে তাঁর এক ভক্ত কোনো এক বিজয় দিবস সামনে করে তাঁর জন্য পাঠিয়েছেন পতাকা দিয়ে তৈরি একটি পাঞ্জাবি। বিজয় দিবসে তিনি এই পাঞ্জাবি পরবেন। এটিই তাঁর আনন্দ। লেখক আরিফ মঈনুদ্দীন হঠাৎ একদিন তাঁর বাড়িতে সাড়ে ৮০০ বই নিয়ে হাজির হন। এই উপহার পেয়ে পলান সরকার অভিভূত হয়ে পড়েন। ইত্যাদিতেও তাঁকে নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়। সে সময় হানিফ সংকেত তাঁকে দুই শেলফ বই উপহার দেন। এ ছাড়া তাঁকে বই দিয়েছে ঢাকার সানিডেল স্কুল, গ্রীন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সসহ আরও কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান। পলান সরকারকে নিয়ে শিমুল সরকারের রচনা ও পরিচালনায় নাটক সায়াহ্নে সূর্যোদয় চ্যানেল আই প্রচার করে। এ বছর পলান সরকারের বয়স হয়েছে ৯০ বছর। যৌবনে পলান সরকার যাত্রায় অভিনয় করতেন, অন্যান্য অভিনেতাকে বই পড়ে শোনাতেন, পাণ্ডুলিপি লিখে দিতেন, প্রম্পট করতেন। সেই থেকে বই পড়ার একটা নেশা পলান সরকারকে পেয়ে বসে। বর্তমানে ইলেকট্রনিক মিডিয়ার প্রসারের কারণে গ্রামাঞ্চলে যাত্রাপালা অনেকটাই উঠে গেছে। যাত্রা-নাটকের বইও আর তেমন পাওয়া যায় না, কিন্তু পলান সরকারের মনে বইয়ের আসন আরও পাকাপোক্ত হয়ে যায়। এখন বয়স হয়েছে। ছেলেমেয়েরা বড় হয়েছে। সংসারের দায়িত্ব এখন আর তাঁর নেই। এখন শুধুই অবসর। নিজের এই দীর্ঘ অবসরে তিনি বই কিনেন এবং পড়েন, অন্যকে পড়তে উৎসাহিত করেন। এ কাজ করতে গিয়ে পলান সরকার একটা বিরাট কাজ করে ফেলেছেন। ১৫-২০টি গ্রামে গড়ে তুলেছেন বই পড়ার আন্দোলন। তিনি স্থানীয় বাউসা ইউনিয়নের চৌকিদারি ট্যাক্স আদায় করতেন। এ থেকে যা পান তা দিয়ে তিনি বই কিনেন। বাঘা উপজেলার আড়ানী বাজারের বইয়ের লাইব্রেরিগুলোও তাঁকে পাইকারি দামে বই দিয়ে থাকেন। তিনি বই শুধু বিলিই করেন না, কোনো দাওয়াত খেতে গেলে তিনি বই ছাড়া আর কোনো উপহার দেন না। তাঁর চালকলে হালখাতার সময় যাঁরা বাকি শোধ করেন, তিনি তাঁদের একটি করে বই উপহার দেন। তিনি স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি। ওই বিদ্যালয়ের যখন পরীক্ষার ফল প্রকাশিত হয়, তখন যাদের রোল নম্বর এক থেকে দশের মধ্যে থাকে, তিনি তাদের একটি করে বই উপহার দেন। অন্য ছাত্রছাত্রীদেরও বই দিতেন, তবে পড়ে ফেরত দেওয়ার শর্তে। এভাবেই পলান সরকার বই পড়ার আন্দোলন শুরু করেন। সে আন্দোলন গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ে। ক্রমেই গ্রামে গ্রামে জনপ্রিয় ওঠেন পলান সরকার। আশপাশের ১৫ থেকে ২০ গ্রামের প্রায় সব বাড়িতেই তাঁর প্রবেশাধিকার প্রতিষ্ঠিত হয়। বাড়ির ভেতরে জামাই আদর পান তিনি। এ জন্য বাড়ির ছেলেমেয়েরা তাঁকে দুলাভাই সম্বোধন করে থাকে। এতে তিনি খুব আনন্দ পান। ২০০৭ সালের বইমেলাকে সামনে করে ১৭ ফেব্রুয়ারি পলান সরকারকে ‘ছুটিরদিনে’ প্রচ্ছদ প্রতিবেদন ছাপা হয় ‘বিনি পয়সায় বই বিলাই’। ভাষার মাস ফেব্রুয়ারিতে প্রকাশিত ওই প্রতিবেদন বিপুলভাবে সাড়া ফেলে দেয়। তার পরের বাকি গল্প তো এতক্ষণে আমাদের জানা হয়ে গেছে সবার।