নতুন পৃথিবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোর্শিয়া নভোযান থেকে নামার পর অবাক হয়ে চাঁদের চারপাশটা দেখতে লাগল। দেখতে দেখতে খিদেও পেল বেশ। ওর আবার অপরিচিত জায়গায় গেলেই বেশি বেশি খিদে পায়। তাই একটা গাড়ি ভাড়া করে এগোতে লাগল রেস্তোরাঁর খোঁজে। চাঁদনী রেস্তোরাঁয় ঢুকতেই এক এলিয়েন বলল, ‘চাঁদঁনিঁ রেঁস্তোঁরাঁয় স্বাঁগঁতঁ। আঁসুঁনঁ, বঁসুঁনঁ।’

পোর্শিয়া ভেতরে ঢুকে বসে মেনু দেখল। মেনুতে লেখা:

১. চাঁদের টুকরার স্যুপ

২. তারার কেক

৩. মঙ্গলের পোলাও

৪. চাঁদনী মসলার চাট

আরও অনেক আজব খাবারও ছিল সেখানে। পোর্শিয়া চাঁদের টুকরার স্যুপ খেল। স্বাদটা ভীষণ অদ্ভুত। খাওয়া হলে পোর্শিয়া একটা নদীর তীরে গেল। নদীটির নাম মুনাই। নদীর তীর ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত পোর্শিয়া গিয়ে দাঁড়াল চাঁদমনি দিঘির ঘাটে। সেখানে পা রাখতেই হঠাৎ পিছলে পড়ে গেল। এমন সময় কেউ তাকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, ‘কী রে, ওঠ, স্কুলে যাবি না?’

পোর্শিয়া দেখল, মহাকাশে ওদের ভাসমান কৃত্রিম গ্রহ থেকে দূরের ঘোলাটে পৃথিবীটা দেখা যাচ্ছে। ওর মনটা আবার খারাপ হয়ে গেল। আহা, কী সুন্দর ছিল পৃথিবীটা! আর ওই যে মায়াবী চাঁদটাও...!

চতুর্থ শ্রেণি, বারিধারা স্কলার্স ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা