নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের আহ্বান
নানা কর্মসূচির মধ্য দিয়ে নগরসহ জেলার বিভিন্ন সংগঠন ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল শিশুদের নাচ, গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা। আলোচনা সভায় বক্তারা বলেছেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সম্পর্ক অবিচ্ছেদ্য। নতুন প্রজন্মের মধ্যে তাঁর আদর্শ ছড়িয়ে দিয়ে সবাইকে স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে উদ্বুদ্ধ করতে হবে।
বঙ্গবন্ধু শিশু-কিশোর আনন্দমেলা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও ২১তম জাতীয় শিশু দিবস উপলক্ষে লালদীঘি মাঠে দিনব্যাপী আনন্দমেলা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু শিশু-কিশোর আনন্দমেলা এ মেলার আয়োজন করে।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকালে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঘুড়ি ও বেলুন ওড়ানো। এ ছাড়া বিকেলে শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হাজারী, প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, পাথরঘাটা মেনকা স্কুলের প্রধান শিক্ষিকা আয়েশা আক্তার, অপরাজেয় বাংলাদেশের কর্মকর্তা সুজিত সিকদার প্রমুখ।
মহানগর বঙ্গবন্ধু ছাত্র উন্নয়ন পরিষদ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালোবাসতেন। শিশুদের উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন তিনি। আজকের শিশুদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা অর্জনে মনোযোগী হতে হবে। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক আবু সুফিয়ান।
১৭ মার্চ বিকেলে চট্টগ্রাম নগর বঙ্গবন্ধু ছাত্র উন্নয়ন পরিষদের উদ্যোগে দক্ষিণ-পশ্চিম বাকলিয়া উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. নাদিম উদ্দিন। আকতার হোসেনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ ও নগর আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শহিদুল আলম। বক্তব্য দেন শফিউল আজম, জসিম উদ্দিন, গোলাম রব্বানী, তাপস কুমার দাশ, আবুল বশর, মাহমুদ রনি, কামরুল হুদা, নঈম রনি, ফরহাদুল হক সিদ্দিকী, আকতার হোসেন প্রমুখ। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
পতেঙ্গা সিটি করপোরেশন মহিলা কলেজ: চট্টগ্রাম সিটি করপোরেশন মহিলা কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস সকালে কলেজ মিলনায়তনে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়।
এ উপলক্ষে কলেজের প্রভাষক মৌসুমি দাসের সঞ্চালনায় ও অধ্যক্ষ ইসমত আরার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অধ্যাপক কাউছার বেগম, সৈকত চৌধুরী, আহম্মদ হোসাইন, আবু মোহাম্মদ তৌহিদুল আলম, নাছির উদ্দীন, মোর্শেদ আলম প্রমুখ। বক্তারা বঙ্গবন্ধুর শিশুকাল থেকে ’৭৫ সালে শহীদ হওয়া পর্যন্ত সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরেন। বিজ্ঞপ্তি।
মহেশখালী: কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেকুল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন, ধলঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহছান উল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার সালেহ আহমদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম, উপজেলা প্রকৌশলী মোশাররেফ হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা সুরাইয়া আমিন প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাতকানিয়া পৌর আওয়ামী লীগ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের নেতা মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে দক্ষিণ ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়েজিত সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. আয়ুব চৌধুরী। বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা মো. নাসিম উদ্দিন, মুজিবুর রহমান, যুবলীগের নেতা ওসমান গণি, ফরহাদুল ইসলাম, ছাত্রলীগের নেতা আরাফাত রহমান, রেজাউর রহমান, রুবাইয়াত চৌধুরী, মিফতাহুল জন্নাত প্রমুখ। বিজ্ঞপ্তি।