খ্যাতিমান বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম বলেছেন, ‘নতুন প্রজন্মের কাছে প্রয়াত মনীষীদের জীবন ও কর্ম তুলে ধরা আমাদের দায়িত্ব। জাতিধর্ম-নির্বিশেষে গ্রামে গ্রামে অনেক মনীষী আলো ছড়িয়েছেন। মৌলভি হাফিজুর রহমান ধর্মের প্রতি নিষ্ঠাবান থেকেও হয়ে উঠেছিলেন আধুনিক মানুষ।’ তিনি ১৬ এপ্রিল চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে মদিনা ইসলামি মিশন আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফেরদৌস খান আলমগীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মঈনুদ্দিন আহমদ খান। প্রধান আলোচক ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল। আলোচনা করেন গবেষক সেলিম জাহাঙ্গীর, আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম, লেখক নেছার আহমদ ও এটিএম পেয়ারুল ইসলাম। নিজাম উদ্দিন আশরাফি ও হাবিবিল ওয়াহেদের সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ, এমএম বদরুল, আজম খান, সঞ্জিত বনিক, মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ। এ ছাড়া নিবেদিত কবিতা পাঠ করেন সৈয়দ খালেদুল আনোয়ার। মুহম্মদ হাফিজুর রহমানের নির্বাচিত কবিতা বই থেকে আবৃত্তি করে শোনায় ছোট্ট বন্ধু শামসুন্নাহার ও বায়েজিদ হাফিজ। মঈনুদ্দিন আহমদ খান বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় যে প্রতিযোগিতার মনোভাব চলছে তাকে সহযোগিতায় রূপান্তর করতে হবে। সেলিম জাহাঙ্গীর বলেন, হাফিজুর রহমানের মাইজভান্ডার শরিফে যাতায়াত ছিল। তিনি ধর্মপ্রাণ হয়েও ছাত্রদের কাছে ছিলেন অসাম্প্রদায়িক, বাঙালি মুসলিম মনীষার প্রতিনিধি।