নতুন প্রজন্মের পারমাণবিক চুল্লি
যুক্তরাজ্য নতুন প্রজন্মের পারমাণবিক চুল্লি স্থাপন করার উদ্যোগ নিয়েছে। এই প্রযুক্তি নিয়ে পাঁচ বছর ধরে পর্যবেক্ষণের পর দেশটির গবেষকেরা এর পক্ষে মত দিয়েছেন। তাঁদের মতে, এটি সবচেয়ে নিরাপদ ও পরিবেশবান্ধব। এতে ব্যবহার করা হবে ইউরোপিয়ান প্রেশারাইজড রিঅ্যাক্টর (ইপিআর)।পাঁচ বছর আগে যুক্তরাজ্যের পরমাণু শক্তিবিষয়ক সংস্থা এবং পরিবেশ অধিদপ্তর চারটি নকশার ওপর পর্যবেক্ষণ শুরু করে। এর মধ্যে নির্বাচিত হয় ইপিআর। ইপিআর হলো তৃতীয় প্রজন্মের প্রেশারাইজড ওয়াটার ব্যবহার করা চুল্লি। এটির নকশার মূল লক্ষ্য হচ্ছে নিরাপত্তা জোরদার করা। নকশাটি করেছে মূলত ফ্রান্স ও জার্মানির তিনটি প্রতিষ্ঠান। এতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে ইউরেনিয়াম অক্সাইড ও ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম অক্সাইডের মিশ্রণ। এই চুল্লির বিশেষ বৈশিষ্ট্য হলো, প্রাথমিকভাবে বন্ধ হওয়ার পর তা এক থেকে তিন বছর পর্যন্ত স্বয়ংক্রিয় পদ্ধতিতে শীতল থাকবে। এর চারপাশে পানিরোধী আচ্ছাদন এবং দুই স্তরে কংক্রিটের দেয়াল রয়েছে। যার পুরুত্ব ২ দশমিক ৬ মিটার। ২০১১ সালের ১১ মার্চের ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এর নকশায় যথেষ্ট পরিবর্তন আনা হয়েছে। বিবিসি।