নতুন প্রজন্মের ‘আত্মদহন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের রাজাকার আসগর আলী। খুন করে অসংখ্য বাঙালি ও মুক্তিযোদ্ধাকে। দেশ স্বাধীন হয়। কিন্তু বহাল তবিয়তে আসগর। রাজনৈতক পট পরিবর্তনে আরও ক্ষমতাশালী। ৪২ বছর পর যখন দেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হলো ঘাতক আসগর আবার মেতে ওঠে ষড়যন্ত্রে। প্রতিবাদে সারা দেশে গর্জে ওঠে মুক্তিযোদ্ধা হাসানরা। এবার তাঁরা একা নয়, সঙ্গে নতুন প্রজন্ম। তাঁরা ঘোষণা করেন বাংলাদেশকে কলঙ্কমুক্ত করার যুদ্ধ। এভাবে এগিয়ে যায় কাহিনি। জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে ১৫ এপ্রিল সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে মঞ্চায়ন হয় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘আত্মদহন’। এটি নাটকটির প্রথম মঞ্চায়ন। রচনা ও নির্দেশনা দিয়েছেন স্বপন ভট্টাচার্য।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবদুর রউফ। বক্তব্য দেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি তাপস রক্ষিত, আহ্বায়ক নজিবুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল, পৌরসভার কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী, খেলাঘরের জাহেদ সরওয়ার প্রমুখ।নির্দেশক স্বপন ভট্টাচার্য বলেন, ‘গভীর সংকটের মধ্যে দেশ যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, তখন নতুন প্রজন্মকে জাগিয়ে তোলার জন্য এ বিষয়টি মাথায় আসে। মুক্তিযুদ্ধের চিন্তা-চেতনা ও অস্তিত্বকে যে অপশক্তি ম্লান করে দিতে চায়, আমরা নাটকের মাধ্যমে তা প্রতিরোধের চেষ্টা করেছি।’নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সুশান্ত পাল, আরিফুর রহমান, শাহানা মজুমদার, দেবাশীষ দাশ, আসিফ সাইফুল, ইসমত আরা, আবছার উদ্দিন, জুয়েল দত্ত, আবুল মনজুর, তাপস বড়ুয়া ও বিশ্বজিত পাল।