নতুন প্রজন্মের 'মুক্তিযোদ্ধা'
>

বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে ছুটে বেড়াচ্ছেন একদল তরুণ। তাঁদের সাংগঠনিক রূপ ‘সাত্ত্বিক’। এই সংগঠনের কর্মীরা বছরের বিভিন্ন সময় পালন করেন নানা কর্মসূচি। তাঁদের সবকিছুর মূলে থাকে মুক্তিযুদ্ধ
২০১৪ সালের ফেব্রুয়ারি। মুক্তিযুদ্ধের মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহে ফেনীর কোরেশ মুন্সীবাজার এলাকায় যান চট্টগ্রামের তরুণ গবেষণাকর্মী আলমগীর রুমি। তথ্য সংগ্রহের একপর্যায়ে দেখা পান দুই মুক্তিযোদ্ধা মাহবুবুল হক ও ফজলুল হকের। তঁারা ছিলেন এফএফের (ফ্রিডম ফাইটার) সদস্য। জীবন বাজি রেখে লড়েছিলেন মুক্তিযুদ্ধে। কিন্তু এলাকার তরুণদের কাছে তাঁরা পরিচিত ছিলেন ‘পাগল’ হিসেবে। বিভিন্ন সময় তরুণদের আড্ডায় গিয়ে তাঁদের যুদ্ধদিনের কথা বললে সবাই হাসাহাসি করত। ব্যাপারটা নাড়া দেয় রুমিকে। তিনি তাঁর অন্য সহকর্মীদের সঙ্গে কথা বলে পরের মাসে দুই মুক্তিযোদ্ধার সংবর্ধনার আয়োজন করেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা তুলে ধরেন তঁাদের অবদানের কথা। সেই থেকে দুই মুক্তিযোদ্ধা সম্পর্কে পাল্টে যায় এলাকার তরুণদের ধারণা।
শুধুই ফেনী নয়, রুমিদের হাত ধরে আরও বেশ কিছু এলাকায় এভাবে পাল্টে যায় মুক্তিযুদ্ধ নিয়ে প্রচলিত ভুল ধারণার চিত্র। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে ছুটে বেড়াচ্ছেন এই তরুণেরা। সেই দলের অন্যতম প্রতিষ্ঠাতা আলমগীর রুমি। তাঁদের সাংগঠনিক রূপ ‘সাত্ত্বিক’। এই সংগঠনের কর্মীরা বছরের বিভিন্ন সময় পালন করেন নানা কর্মসূচি। তাঁদের সবকিছুর মূলেই থাকে মুক্তিযুদ্ধ। কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধের মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ ও প্রচার, বধ্যভূমি চিহ্নিতকরণ, বই পড়া, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, উন্মুক্ত আলোচনা, সেমিনার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া।
১২ ডিসেম্বর প্রথম আলোর কার্যালয়ে কথা হয় সংগঠনের তিন কান্ডারি সভাপতি সঞ্জয় বিশ্বাস, সাধারণ সম্পাদক মিনহাজ হোসাইন ও সাংগঠনিক সম্পাদক আলমগীর রুমির সঙ্গে। তাঁদের মধ্যে সঞ্জয় বিশ্বাস ও মিনহাজ হোসাইন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শুরুতেই জানতে চাই গোড়ার কথা। কীভাবে এক হলেন তাঁরা। কথা শুরু করেন মিনহাজ হোসাইন। বললেন, ‘আমাদের পরিচয় প্রথম আলোর বন্ধুসভায়। আড্ডায় মুক্তিযুদ্ধ নিয়ে কথার ফাঁকে রুমি জানায় মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে তার অভিজ্ঞতার কথা। এই প্রজন্মের ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধ নিয়ে ভাবে না। ছোটরা তো পুরোটাই অন্ধকারে। ১৬ ডিসেম্বর বিজয় ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালিত হয় ঘটা করে। কেন এই দিবস, অনেকেই তা জানে না। বিশেষ করে গ্রামের বিদ্যালয়ের চিত্র ছিল খুবই হতাশাজনক। এ জন্য আমরা উদ্যোগ নিলাম বিদ্যালয়ে গিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসের বইপড়া কর্মসূচি চালু করব। সেই থেকে শুরু। আমরা তিনজন ছাড়াও শুরু থেকে আমাদের সঙ্গে আছেন মিজান বুখারী ও কামাল উদ্দিনও।’
২০১৩ সালের ১৬ ডিসেম্বর আত্মপ্রকাশ করে ‘সাত্ত্বিক’। সে দিন নগরের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আয়োজন করা হয় ২০ জন মুক্তিযোদ্ধার সংবর্ধনা অনুষ্ঠানের, যাঁরা সব সময় ছিলেন অন্তরালে। ওই অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ছিল বিতর্ক, কুইজ ও উন্মুক্ত বক্তৃতা প্রতিযোগিতা। এরপর ২০১৪ সালের জানুয়ারি থেকে মফস্বলের বিভিন্ন বিদ্যালয়ে যাত্রা শুরু ‘সাত্ত্বিক’-এর কর্মীদের। প্রথম অনুষ্ঠান হয় হাটহাজারীর মির্জাপুর উচ্চবিদ্যালয়ে। প্রায় এক হাজার ছাত্রছাত্রী এতে অংশ নেয়। তাদের প্রত্যেককে বিনা মূল্যে দেওয়া হয় ছোটদের জন্য লেখা মুহম্মদ জাফর ইকবালের বই মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাত্ত্বিক-এর নিজেদের ছাপানো মুক্তিযুদ্ধের তথ্য সংবলিত ফোল্ডার। প্রথম অনুষ্ঠানেই ভালো সাড়া পেয়ে সংগঠনের কর্মীদেরও কাজের স্পৃহা বেড়ে যায়।
বইপড়া কর্মসূচির বিস্তারিত জানান সঞ্জয় বিশ্বাস। তিনি বলেন, ‘বিদ্যালয়ে মূলত বইপড়া কর্মসূচি চলে। আমরা অনুষ্ঠান করে সব শিক্ষার্থীর হাতে মুক্তিযুদ্ধের ইতিহাস বইটি দেওয়ার পর এই বই সম্পর্কে তাদের কাছ থেকে লেখা সংগ্রহ করি। এক সপ্তাহ সময় দেওয়া হয়। এরপর লেখা পড়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি শাখায় পাঁচজনকে পুরস্কার দেওয়া হয়।’

বইপড়া কর্মসূচি অব্যাহত রাখতে বিদ্যালয়ের পাঠাগারের জন্য এক সেট মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক বই দেওয়া হয় বিনা মূল্যে। এই বইগুলোর মধ্যে রয়েছে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ধানমন্ডি থেকে বাংলাদেশ, বাঙালি জাতির অতীত ও বর্তমান (কিশোর গ্রন্থ) ও মুক্তিযুদ্ধকে জানো (শিশুতোষ)। শিক্ষার্থীদের এসব বই পড়ার জন্য উদ্বুদ্ধ করতে একজন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়। তদারকিতে থাকেন সাত্ত্বিকের কর্মীরা। এ ছাড়া ইংরেজি মাধ্যমে শিক্ষার্থীদের জন্য বিতরণ করা হচ্ছে লিবারেশন অব দ্য ওয়ার।
এর মধ্যে সাত্ত্বিক কাজ করেছে হাটহাজারী, রাঙ্গুনিয়া, বাঁশখালী, সাতকানিয়া, মিরসরাই, বোয়ালখালী, সন্দ্বীপ, ফটিকছড়ি ও রাউজানের ৬০টি বিদ্যালয়ে। শিক্ষার্থীরা বই পড়ায় উদ্বুদ্ধ হয়? এমন প্রশ্নে আলমগীর রুমি উদাহরণ টানেন হাটহাজারীর ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়ের। তিনি বলেন, ‘বিদ্যালয়টির ষষ্ঠ থেকে দশম শ্রেণির দুই হাজার শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়। সেখানে ১ হাজার ৯০০ জন বই পড়ে তাদের মতামত লিখে জানিয়েছিল। এসব মতামত পড়ে বিজয়ী নির্ধারণ করতে হিমশিম খেতে হয় আমাদের।’
এত আয়োজনে অর্থের সংস্থান কীভাবে হয়? মিনহাজ হোসাইন খোলাসা করেন সেই ব্যাপারটি। তিনি বলেন, ‘আমরা নিজেদের টাকা দিয়ে শুরু করেছি। এখনো যে যা পারি অনুদান দিয়ে চলেছি। এখন আমাদের পাশে আছে বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট। এ ছাড়া বই কেনার জন্য আমাদের প্রায় সময় সহযোগিতা করেন মুক্তিযোদ্ধা ও অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন।’
এই তরুণেরা অযত্নে পড়ে থাকা বধ্যভূমি চিহ্নিত করে তা সংরক্ষণেরও ব্যবস্থা করেন। তঁারা বলেন, নগরের পাহাড়তলী রেডিও স্টেশনের পাশে একটি বধ্যভূমি রয়েছে। এটা অনেক দিন অবহেলায় পড়ে ছিল। বর্তমানে তার পাশে ট্রাক টার্মিনাল। সাত্ত্বিকের কর্মীরা সেখানে গিয়ে ট্রাকচালকদের জানালে তাঁরাই অস্থায়ী স্মৃতিস্তম্ভ তৈরি করেন। অবশ্য ওই স্থানে এখনো স্থায়ী স্মৃতিস্তম্ভ হয়নি। এ ছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের পাশে আরেকটি বধ্যভূমিও অবহেলায় পড়ে ছিল। সেটিও সাত্ত্বিকের কর্মীরা পরিষ্কার করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর এখন সেটি সংরক্ষিত।
দিনে দিনে বেড়েছে সাত্ত্বিকের কার্যক্রম। এখন নয়জনের কমিটি পরিচালনা করে সংগঠনটি। এ ছাড়া স্বেচ্ছাসেবক রয়েছেন ৫০ জন। তবে তাঁদের সবদিক দিয়ে সহযোগিতা করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান মাহফুজুর রহমান, অধ্যাপক মাহবুবুল হক, মুক্তিযোদ্ধা আ ক ম রইসুল হক বাহার ও সিরু বাঙালি।
বাংলাদেশ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ‘শিকড় ঠিক না থাকলে কোনো বৃক্ষই তো দাঁড়াতে পারে না। তাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তরুণদেরই এগিয়ে আসতে হবে। তাঁরাই আগামীর বাংলাদেশের ভিত। সাত্ত্বিকের কর্মীদের স্পৃহা আমাকে অভিভূত করেছে। তাঁদের সাধুবাদ জানাই।’
সংগঠনের বয়স তো সবে আড়াই বছর। এই কার্যক্রম কত দিন চালাবেন? এমন প্রশ্নে তিনজনেরই এক উত্তর—‘তরুণদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাব। থামার জন্য শুরু করিনি।’
সাত্ত্বিকের সঙ্গে যোগাযোগ: https://mbasic.facebook.com/shatwik.1971।
ই–মেইল: [email protected]।