নতুন প্রজাতি পুরোনো শত্রু
পাখির মতো কণ্ঠের ব্যাঙ থেকে শুরু করে নিষ্ঠুর চেহারার বাদুড় এমন বিচিত্র ১২৬টি নতুন প্রজাতির সন্ধান পেয়েছেন গবেষকেরা। গত বছর গ্রেটার মেকংয়ের বনাঞ্চলে এসব প্রজাতি পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গবেষকেরা বলছেন, বনাঞ্চল ধ্বংস ও নতুন নতুন স্থাপনা তৈরির মতো পুরোনো শত্রুর কারণে অনেক নতুন প্রজাতিই হুমকির মুখে। গ্রেটার মেকং বনাঞ্চল বলতে মেকং নদী-তীরবর্তী এশিয়ার ছয়টি দেশের একটি বৃহৎ অংশকে বোঝানো হয়। দেশগুলো হলো: থাইল্যান্ড, কম্বোডিয়া, মিয়ানমার, ভিয়েতনাম, লাওস এবং চীনের ইউনান প্রদেশ।মেকং নদীতে গড়ে তোলা হচ্ছে বড় বড় জলবিদ্যুৎকেন্দ্র। এই জলবিদ্যুৎকেন্দ্র গড়ে তোলার কারণে ধ্বংস করা হচ্ছে বনাঞ্চল। এতে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। গত চার দশকে সেখানে ৩০ শতাংশ বনাঞ্চল ধ্বংস হয়ে গেছে।বনাঞ্চল ধ্বংসের কারণে ভিয়েতনামের অদ্ভুত আকৃতির নাকের বাদুড় হুমকির মুখে রয়েছে। তবে শুধু বনাঞ্চল ধ্বংসই নয়, চামড়া ও মাংসের জন্য অবৈধভাবে শিকারের কারণেও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। মিয়ানমারের ছোট লেজের অজগর সাপের প্রজাতি সংকটাপন্ন অবস্থায় রয়েছে। এএফপি।