নতুন প্রজাতির ব্যাঙ
বাংলাদেশে আরও একটি নতুন প্রজাতির ব্যাঙের খোঁজ পাওয়া গেছে। নতুন প্রজাতির এ ব্যাঙের বৈজ্ঞানিক নাম Raorchestes parvulus (রাওচেস্টেস পারভ্যুলাস)। সম্প্রতি সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানে এ প্রজাতির ব্যাঙ পাওয়া যায়। বিশ্বের কয়েকটি দেশে এ প্রজাতির ব্যাঙ পাওয়া গেলেও বাংলাদেশে এই প্রথম এর উপস্থিতি শনাক্ত করা হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী প্রথম এ প্রজাতির ব্যাঙ খুঁজে পান। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও খ্যাতিমান প্রাণিবিজ্ঞানী গাজী সৈয়দ মোহাম্মদ আসমত, বিশ্বের অন্যতম কনিষ্ঠ প্রাণিবিজ্ঞানী সাজিদ আলী হাওলাদার এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিমেষ ঘোষের গবেষণায় এ প্রজাতিটি শনাক্ত হয়। গবেষকদের সূত্রে জানা গেছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের একদল শিক্ষার্থী ব্যবহারিক ক্লাসের জন্য খাদিমনগর সেগুন বনে যান। ইনস্টিটিউটের এসব শিক্ষার্থী হলেন, অনিমেষ ঘোষ, উজ্জ্বল, নাবিলা, মেরিনা ও মিমি। তাঁরা গত ৩০ এপ্রিল এ নতুন প্রজাতির ব্যাঙ খুঁজে পান। গবেষক সাজিদ আলী হাওলাদার প্রথম আলোকে জানান, ‘আমরা নতুন প্রজাতির ব্যাঙটি শনাক্ত করতে আমেরিকার ক্যালিফোর্নিয়া একাডেমি অব সায়েন্সের গবেষক গুউয়েন উগান ও ভারতের গবেষক সাবিত্রী বর্ধনের সহযোগিতা নিয়েছি।’ নতুন শনাক্ত হওয়া ব্যাঙটি সাধারণত ২৩ মিলিমিটার লম্বা হয়ে থাকে। এর পিঠের রং ধূসর বাদামি। দুই চোখের মাঝখানে কালো দাগ রয়েছে। পেটের অংশ বাদামি অথবা বাদামি রঙের মাঝে সাদা রঙের জলের মতো দেখা যায়।