নতুন প্রথা চালুর আগেই দাম বাড়ল ভোজ্যতেল ও চিনির
আজ মঙ্গলবার থেকে সারা দেশে ভোজ্যতেল ও চিনি বিক্রিতে চালু হচ্ছে পরিবেশক প্রথা। এই প্রথায় বিপণন শুরুর আগেই গতকাল সোমবার এক দফা বেড়েছে ভোজ্যতেল ও চিনির দাম। ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, চট্টগ্রামের খুচরা বাজারে গত রোববার বোতলজাত সয়াবিনের দাম লিটারে চার টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন কোম্পানির প্রতিনিধিরা। সে ক্ষেত্রে প্রতি লিটার সয়াবিনের দাম ১১৬ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ১২০ টাকা। তবে নতুন দামে বোতলজাত সয়াবিন গতকাল পর্যন্ত সরবরাহ করেনি কোম্পানিগুলো। এর পরও খুচরা বাজারে বোতলজাত সয়াবিনের দাম বেড়ে গেছে। বাজারে এখন বোতলজাত সয়াবিন লিটারপ্রতি ১২০ থেকে ১২২ টাকায় বিক্রি হচ্ছে। জানতে চাইলে কর্ণফুলী সিডিএ মার্কেটের গিয়াস অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কোম্পানিগুলো বোতলজাত ভোজ্যতেলের সরবরাহ দেয়নি। এ কারণে আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। সংকটের কারণে একেক দোকানে একেক দামে বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে।’ পাহাড়তলী বাজারের ব্যবসায়ী মোজাহের আলম বলেন, ‘কোম্পানিগুলো এখনো নতুন দামে বোতলজাত সয়াবিন সরবরাহ করেনি। তবে লিটারে চার টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। কোম্পানিগুলো তেল সরবরাহ কমিয়ে দেওয়ায় বাজারে এ সংকট তৈরি হয়েছে।’ পরিশোধন কারখানার মালিকেরা জানান, আজ মঙ্গলবার থেকে পুরোপুরিভাবে নতুন প্রথায় ভোজ্যতেল ও চিনি বিক্রি করা যাবে না। কারণ পরিবেশক নিয়োগ শেষ না হওয়ায় এখনো পুরোনো প্রথা উঠিয়ে দেওয়ার সুযোগ নেই। এ বিষয়ে নুরজাহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এখনো পরিবেশক নিয়োগ শেষ হয়নি। এর পরও প্রজ্ঞাপন অনুযায়ী এই প্রথায় বিপণন শুরু হবে।’ আন্তর্জাতিক বাজারের চেয়ে কম দামে স্থানীয় বাজারে ভোজ্যতেল বিক্রি হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, ‘ব্যবসায়ীরা ভোজ্যতেলে এখনো লোকসান দিচ্ছেন। এ কারণে আমদানি কম।’ ব্যবসায়ীরা জানান, সয়াবিনের মতো চিনির দামও অস্থিতিশীল। কেজিপ্রতি চিনি বিক্রি হচ্ছে ৬১ থেকে ৬৩ টাকায়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে প্রতি কেজি চিনির দাম এক মাসের ব্যবধানে বেড়েছে ৩ দশমিক ৩৩ শতাংশ। বছর হিসেবে দাম বাড়ার হার ৪৪ দশমিক ১৯ শতাংশ। এ দুইটি পণ্যের সংকটের কথা বলা হলেও আমদানি চিত্রে দেখা যায়, গত মাসে ভোজ্যতেল আমদানি হয়েছে অন্য সময়ের চেয়ে বেশি। প্রতি মাসে ভোজ্যতেলের চাহিদা ধরা হয় এক লাখ টন। গত মে মাসে ভোজ্যতেল আমদানি হয় এক লাখ ৬৭ হাজার টন। এসব তেল পরিশোধন করে বাজারজাত করতে ১৫ দিন থেকে একমাস সময় লেগে যায়। সেই হিসাবে ভোজ্যতেলের সংকট থাকার কথা নয়। একইভাবে বন্দর দিয়ে চিনি আমদানি হয়েছে অন্য সময়ের চেয়ে বেশি। গত মাসে অপরিশোধিত চিনি আমদানি হয় প্রায় এক লাখ ৪৩ হাজার টন। পরিশোধিত চিনি আমদানি হয় প্রায় ১৭ হাজার টন। এক মাসে এক লাখ ৬০ হাজার টন চিনি আমদানির বিপরীতে চাহিদা সোয়া লাখ টন।