নতুন লিবিয়া গড়তে জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি) নতুন নেতা হিসেবে আবদেল রহিম আল কেইবকে নির্বাচিত করেছে। তিনিই এখন লিবিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে।আবদেল রহিমের জন্ম লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে। তবে জীবনের বেশির ভাগ সময়ই তিনি দেশের বাইরে থেকেছেন। শিক্ষাবিদ হিসেবে কাজ করেছেন যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে।লৌহমানব কর্নেল মুয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার মধ্য দিয়ে লিবিয়ায় প্রায় ৪২ বছরের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে। এর মধ্য দিয়ে দেশটির অন্তর্বর্তী কর্তৃপক্ষের বৈধতা ও কর্তৃত্ব পাকাপোক্ত হলো।৫১ সদস্যবিশিষ্ট এনটিসিতে ভোটাভুটিতে আবদেল রহিমের পক্ষে ২৬টি ভোট পড়ে। অর্থাৎ, মাত্র একটি ভোট কম পেলেই তিনি নির্বাচিত হতে পারতেন না। তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আটজনেরও বেশি প্রতিদ্বন্দ্বী ছিলেন। বিশ্লেষকেরা বলছেন, প্রধানমন্ত্রী নির্বাচনে এত কঠিন প্রতিদ্বন্দ্বিতা এনটিসির মধ্যে বিভক্তির বিষয়টিই প্রমাণ করে।আবদেল রহিম এনটিসির প্রথম প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিলের স্থলাভিষিক্ত হয়েছেন। কঠোর প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভের পর রহিম বলেন, ‘কেউ যাতে মানবাধিকার লঙ্ঘনের সুযোগ না পায়, তা নিশ্চিত করা হবে। তবে এটা করতে আমাদের কিছুটা সময় লাগবে।’পূর্বসূরি মাহমুদ জিবরিল গাদ্দাফির অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করলেও নতুন প্রধানমন্ত্রী আবদেল রহিম গাদ্দাফি সরকারে ছিলেন না।বিশ্লেষকদের মতে, আবদেল রহিম কখনোই গাদ্দাফির সরকারের সঙ্গে জড়িত ছিলেন না বলে সাধারণ লিবীয়দের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা বেশি হবে। গাদ্দাফির সঙ্গে যুক্ত ছিলেন—এমন কাউকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছিলেন না তাঁরা। আগামী বছর অনুষ্ঠেয় প্রথম গণতান্ত্রিক নির্বাচনে আবদেল রহিম প্রার্থী হলে তাঁর ওই পরিচিতি কাজে আসবে।অন্যদিকে আবদেল রহিমের জন্য নেতিবাচক দিক হলো, বিদ্রোহ ও লড়াই চলার সময় তাঁর দেশের বাইরে থাকা। লিবীয়রা মনে করে, প্রচণ্ড লড়াইয়ে দেশের মানুষ যখন দিশেহারা, তখন দেশের বাইরে স্বাচ্ছন্দ্যের মধ্যে ছিলেন তিনি।আবদেল রহিমের মিত্ররা অবশ্য দাবি করেন, গাদ্দাফিবিরোধী লড়াইয়ের সময় লিবিয়াতেই ছিলেন তিনি। লড়াইয়ের অর্থ জোগান ও সাংগঠনিক তৎপরতায় তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।আবদেল রহিম যুক্তরাষ্ট্রের আলাবামা বিশ্ববিদ্যালয় ও আবুধাবি পেট্রোলিয়াম ইনস্টিটিউটে শিক্ষাবিদ হিসেবে কাজ করেছেন। ধনী ব্যবসায়ী ও শিক্ষাবিদ হিসেবেই পরিচিতি তাঁর।আবুধাবি পেট্রোলিয়াম ইনস্টিটিউটের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ১৯৭৩ সালে ত্রিপোলি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন আবদেল রহিম। ১৯৭৬ সালে সাউথ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ডক্টরেট করেন নর্থ ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৮৪ সালে।এনটিসির সদস্য মোহাম্মদ আল হারিজি বলেন, লিবিয়াতে কী ঘটেছে তা ভালো করেই জানেন আবদেল রহিম। তাঁকে শুধু জানতে হবে, কোন জায়গাগুলোয় উন্নয়ন করতে হবে।নতুন প্রধানমন্ত্রী আবদেল রহিমের প্রথম কাজ হবে যত দ্রুত সম্ভব নতুন সরকার নিয়োগ দেওয়া। এখন তাঁকে রাজনীতির চালক হিসেবে দক্ষতা দেখাতে হবে। রাজনৈতিক বিরোধীদের আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি যত দ্রুত সম্ভব দেশ পুনর্গঠনে সাধারণ জনগণের প্রত্যাশাও পূরণ করতে হবে। এ কাজ তিনি কতটা করতে পারবেন, সেটাই এখন দেখার। মাহফুজার রহমানসূত্র: বিবিসি