নতুন পড়া নতুন স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নামটা এমন ভালো লেগে গেল যে মনে হলো, এ বিষয়েই পড়তে হবে।’ বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিফ।ক্লোনিং, স্টেম সেল রিসার্চ, হিউম্যান জিনোম প্রজেক্ট, জেনেটিক্যালি মডিফায়েড ফুড।নামগুলো শুনলে কি একটা শিহরণ জাগে না?স্রেফ জিনকে কেন্দ্র করেই হচ্ছে কত নিত্যনতুন গবেষণা! এগুলো হলো আসলে জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তিবিষয়ক গবেষণা। বিশ্বজুড়ে জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি অনেক দিন ধরেই বহুল আলোচিত, জনপ্রিয় ও আলোড়ন সৃষ্টিকারী এক বিষয়। আমাদের দেশেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের এ বিষয়টি নিয়ে পড়ার সুযোগ তৈরি হয়েছে, সব মিলে প্রায় বছর পনেরো হবে। এ বিষয়ে দেশে পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার খুঁটিনাটি জেনে নিন।বিষয়টি কী?প্রাণের ভিত্তি ডিএনএতে আছে জিন, যা নিয়ন্ত্রণ করে জীবের বৈশিষ্ট্যকে। আণবিক পর্যায়ে ডিএনএর গঠন ও কাজ বিশ্লেষণপূর্বক এ জিনকে রূপান্তরিত বা নিয়ন্ত্রিত করাটাই জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর এ প্রক্রিয়া এবং সম্পৃক্ত অন্য অনেক বিষয় ও প্রক্রিয়ার সমন্বিত প্রযুক্তিগত প্রয়োগই জীবপ্রযুক্তি বা বায়োটেকনোলজি। প্রতিটি জীবের রয়েছে নিজস্ব জিন-সমষ্টি বা জিনোম। তাই উদ্ভিদ, প্রাণী, এমনকি ব্যাকটেরিয়া, ভাইরাস সবকিছুই জীবপ্রযুক্তির গবেষণার বিষয়। রিকমবিনেন্ট ডিএনএ টেকনোলজি, কোনো জীবের জিনের অণুক্রম নির্ণয় (সিকুয়েন্সিং) করে তার বৈশিষ্ট্যকে বোঝা, জিনকে ব্যবহার করে অবিকল একটি প্রতিলিপি তৈরি করে ফেলা (ক্লোনিং) এগুলো এ বিষয়ের অন্যতম প্রধান কিছু গবেষণার ক্ষেত্র। কোথায় পড়বেন?আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-সিলেট, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইওডা), ড্যাফোডিল ইউনিভার্সিটি, ব্র্যাক ও নর্থ-সাউথ ইউনিভার্সিটিসহ বেশ কিছু সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ানো হচ্ছে এ বিষয়টি।আর উচ্চতর শিক্ষার জন্য যেতে পারেন দেশের বাইরে। বায়োটেকনোলজিতে স্নাতক না হলেও, জীববিজ্ঞানের কোনো শাখা বা বিষয়ের স্নাতক ডিগ্রি থাকলে এ বিষয়ে স্নাতকোত্তর করা যাবে দেশে বা বিদেশে।কাজের ক্ষেত্রজীবপ্রযুক্তিবিদদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্র হতে পারে তিনটি—গবেষণামূলক কাজ, শিক্ষকতা এবং উত্পাদনমুখী ও গবেষণালব্ধ পণ্য বাণিজ্যিকীকরণ ও বিপণন। বায়োটেকনোলজির মূল কাজটাই হলো গবেষণা। আমাদের দেশে বহু সরকারি ও বেসরকারি গবেষণাকেন্দ্র, যেমন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণাকেন্দ্র (বিএলআরসি), বাংলাদেশ আণবিক শক্তি কমিশন, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই), আইসিডিডিআরবি ইত্যাদিতে জীবপ্রযুক্তিগত গবেষণাকাজের সুযোগ আছে। শুধু গবেষণাই নয়, গবেষণালব্ধ পণ্যটির বাণিজ্যিকীকরণও প্রয়োজন। এ ক্ষেত্রটি হলো ‘আর অ্যান্ড ডি’ অর্থাত্ রিসার্চ ও ডেভেলপমেন্ট সেক্টর। ক্যারিয়ার গড়তে পারেন এ বিপণন ক্ষেত্রটিতেও। জীবপ্রযুক্তির প্রয়োগ খাতে কৃষিক্ষেত্র, প্রাণী সম্পদ খাতের পাশাপাশি কিছুটা দেরিতে হলেও যাত্রা শুরু করেছে দেশের ওষুধশিল্প। সম্প্র্রতি দেশের কয়েকটি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান কিছু বায়োটেক ওষুধ বাজারজাতকরণে এগিয়ে এসেছে। দেশের কিছু বীজ প্রস্ততকারক প্রতিষ্ঠানেও আছে কাজের সুযোগ।দেশে না বিদেশে?আমাদের দেশে তুলনামূলক নতুন এ বিষয়ের কর্মক্ষেত্র বর্তমানে কিছুটা প্রতিষ্ঠিত, আর বিশ্বে এ ক্ষেত্রটি ইতিমধ্যেই সুপ্রতিষ্ঠিত ও ক্রমসম্প্রসারমাণ। বিদেশে তাই ক্যারিয়ার গঠনের সুযোগ বেশিই বটে। তবে দেশের জীবপ্রযুক্তি ক্ষেত্রও পিছিয়ে নেই, থেমে নেই জীবপ্রযুক্তিবিদেরাও।ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রভাষক সেলিম আহমেদ বলেন, ‘উচ্চতর শিক্ষার জন্য বা পছন্দমতো কাজের সুযোগ না থাকায় অবশ্য যেতে হচ্ছে বিদেশে। তবে ওখানে যাঁরা কাজ ও পড়াশোনা করছেন তাঁদের উন্নত শিক্ষা, অভিজ্ঞতা আর জ্ঞান এ দেশে পরবর্তী সময় অনেক কাজে লাগতে পারে। পড়া শেষে অনেকেই বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। আশা করা যায়, আগামী কয়েক বছরে বায়োটেক ক্ষেত্র আরও সমৃদ্ধ হবে। তখন বিদেশে যাঁরা আছেন, তাঁরা দেশে ফিরে কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ পাবেন, সবার জন্য দেশেই হবে কর্মসংস্থান।