নতুন বই পেয়ে উল্লসিত শিক্ষার্থীরা

বছরে শুরুতেই নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা শিক্ষার্থীরা। বিভিন্ন স্থানে উৎসবের আমেজে বিতরণ করা হয় বই। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ফেনী: ফেনীতে ২ জানুয়ারি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষবর্ষের পাঠ্যবই বিতরণ করা হয়। সকালে ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার। এ সময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসাইন, ফেনী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ।
আলিয়া মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যবই উৎসব উদ্বোধন করে ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান। উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ। সোনাগাজীতে সকালে কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ উৎসব উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মহি উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব উপস্থিত ছিলেন।
মহেশখালী: কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বৃহস্পতিবার ৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৭টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণ করা হয়েছে। ওই দিন সকাল ১০টায় মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন ইউএনও মোহাম্মদ আনোয়ারুল নাসের। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মকবুল আহমদ। বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ

শহিদুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান, একাডেমিক সুপারভাইজার ফজলুল করিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরী, শিক্ষক গিয়াস উদ্দিন, অরুণ কান্তি দে, মিনা পাল, প্রভা দে, সুলতানা জাহান প্রমুখ।
মোহাম্মদ শহিদুল্লাহ জানান, প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে অধ্যায়নরত প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর মধ্যে সাড়ে তিন লাখ বই বিতরণ করা হয়েছে।
হাটহাজারী: হাটহাজারীতে গত বৃহস্পতিবার আনন্দঘন পরিবেশে বই উৎসব উদ্যাপিত হয়েছে। উপজেলার আওতাধীন ৫২টি উচ্চবিদ্যালয়, ৪১টি মাদ্রাসা, ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮৮টি কিন্ডারগার্টেন এ বই উৎসব অনুষ্ঠিত হয়।
হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও ইসরাত জাহান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবদুল হামিদ, সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস ও লিপি রানী গোপ।
ফতেয়াবাদ আহমদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. ইদ্রিস চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইসরাত জাহান ও মো. ফোরকান। আলমপুর আদর্শ উচ্চবিদ্যালয় ও আলমপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন মো. মনসুর আলী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল।

মিরসরাই: উৎসবমুখর পরিবেশে মিরসরাইয়ের বিদ্যালয়গুলোয় নতুন বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে শিক্ষার্থীরাও আনন্দিত।
গত বৃহস্পতিবার বেলা ১১টায় মিরসরাইয়ের ইছাখালীর সৈয়দুল হক উচ্চবিদ্যালয়, রাফিয়া খাতুন শিশু কানন ও মাগন বিবি বিদ্যালয়ে যৌথভাবে বই বিতরণ উৎসব উদ্যাপিত হয়। উৎসবে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি-৩-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শাহ আলম, সুজন ও মিরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহদাত হোসেন। সভাপতিত্ব করেন ওই তিন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জামশেদ আলম।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন-উর-রশিদ জানান, উপজেলার ২২৬টি প্রাথমিক বিদ্যালয়ে ৫৩ হাজার শিক্ষার্থীকে নতুন বই বিতরণ করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির জানান, উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে ৩১ হাজার ৩৩৩ সেট ও মাদ্রাসায় ১৮ হাজার ৬৫০ সেট বই বিতরণ করা হয়েছে।