
সারা দেশের মতো চট্টগ্রামের বিভিন্ন স্থানে ১ জানুয়ারি বই উৎসব উদ্যাপিত হয়েছে। শুক্রবার ছুটির দিন হলেও সকালেই বিদ্যালয়ে ভিড় জমায় খুদে শিক্ষার্থীরা। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে শিশুরা।
আনোয়ারা: উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চবিদ্যালয়ে বই উৎসবের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুজ্জমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা সংসদের সদস্য আবু মুছা চৌধুরী, বাবুল চন্দ্র শীল, অভিভাবক মিজানুর রহমান চৌধুরী ও খোরশেদ আলম।
বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আবদুল হালিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পিংকু পালিত, শিক্ষক প্রিয়তোষ গুহ, সঞ্জীব সিংহ, মনজুর আলম, জাহাঙ্গীর আলম প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের নতুন বই তুলে দেন।

সাতকানিয়া: উপজেলার ঢেমশা উচ্চ বিদ্যালয়ে সকালে বই বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে বিশেষ অতিথি সমাজসেবী রেহেনা সুলতানা। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতকানিয়া উপজেলা যুবলীগের সহসভাপতি আবদুস সোবাহান, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য রতন কান্তি দাশ, মুন্সি আহমদ কবির, শিক্ষানুরাগী সদস্য শ্যামল সেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমল কান্তি বড়ুয়া, শিক্ষক তরুণ কান্তি ধর প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বছরের শুরুতে শিশুরা নতুন বই হাতে পেয়ে নব উদ্যমে লেখাপড়ায় মনোনিবেশ করবে। জীবনযুদ্ধে জয়ী হতে হলে অবশ্যই সঠিকভাবে আধুনিক মানের জ্ঞান অর্জন করতে হবে।
বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়: বই উৎসব উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রাহেনা বেগম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নুরুল আলম, জোহরা ফেন্সি মাহমুদা ও মোহাম্মদ আবুল কালাম।
বক্তব্য দেন শিক্ষক ইয়াসমীনা শিরিন সিরাজউদ্দীন, বেচারাম দাশ, মো. রেজাউল করিম প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করেন।

রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়ায় বই উৎসব আয়োজন করা হয় বিআইজেড সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা উচ্চবিদ্যালয়ে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন। বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা সিদ্দিকা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রঞ্জন ভট্টাচার্য, জিসা চাকমা, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. ইস্কান্দর, সমাজসেবক মো. ইফতেখার, নাজিম উদ্দিন, কেবলা তালুকদার, অধ্যাপক অসীম কান্তি শীল, সাংবাদিক মাসুদ নাসির, আব্বাস হোসাইন, বিআইজেড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর প্রমুখ।
পটিয়া: উনাইনপূরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রণব বড়ুয়া। এতে প্রধান অতিথি ছিলেন বড়লিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) শাহীনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পটিয়া সনাক-টিআইবির ইয়েস গ্রুপের সভাপতি নিত্যময় চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রতন বড়ুয়া, সুপ্রিয়া বড়ুয়া ও ইউপি সদস্য আবদুস বাছেক।
বক্তব্য দেন প্রধান শিক্ষক শর্মিষ্ঠা রায়, শিক্ষক সোমা বড়ুয়া, ইসমত হাকিম, স্নিগ্ধা বড়ুয়া, পবন বড়ুয়া, নিগার সুলতানা, নিরূপা বড়ুয়া, রুমি দাশগুপ্তা প্রমুখ।