নতুন বছরে চাই নতুন স্কুলসামগ্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের নতুন শ্রেণিতে ওঠার আনন্দ কয়েক গুণ বেড়ে যায় নতুন স্কুলসামগ্রী পেলে। অভিভাবকেরাও সাধ্যমতো চেষ্টা করেন বছরের শুরুতেই সন্তানের শখ পূরণের। মায়ের সঙ্গে স্কুলসামগ্রী কিনতে আসা রাইতার ছবিটি গত পরশু ঢাকার একটি বিপণিবিতান থেকে তুলেছেন সাবিনা ইয়াসমিন
স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের নতুন শ্রেণিতে ওঠার আনন্দ কয়েক গুণ বেড়ে যায় নতুন স্কুলসামগ্রী পেলে। অভিভাবকেরাও সাধ্যমতো চেষ্টা করেন বছরের শুরুতেই সন্তানের শখ পূরণের। মায়ের সঙ্গে স্কুলসামগ্রী কিনতে আসা রাইতার ছবিটি গত পরশু ঢাকার একটি বিপণিবিতান থেকে তুলেছেন সাবিনা ইয়াসমিন

শুরু হলো নতুন বছর। বছরের প্রথম দিনে পাঠ্যবইও হাতে পেয়েছে স্কুলপড়ুয়ারা। তবে শুধু নতুন বই হলে চলবে না, পাশাপাশি চাই নতুন পোশাক, জুতো, ব্যাগ। ছেলেমেয়ের আবদার মেটাতে উদ্যোগ নিয়েছেন অভিভাবকেরাও।
আর যাঁরা এবারই প্রথম সন্তানকে স্কুলে দেবেন, তাঁদের আগ্রহ যেন অন্য মা-বাবার তুলনায় কিছুটা বেশি। বাচ্চার স্কুলসামগ্রী কিনতে এসব মা-বাবার উৎসাহের কমতি নেই। শিক্ষার্থীরা বছরের শুরুতেই নতুন স্কুলসামগ্রী নিয়ে বেশ উচ্ছ্বসিত।
রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা দিলরুবা বেগমের দুই ছেলের একজন পঞ্চম শ্রেণিতে, আরেকজন সপ্তম শ্রেণিতে উঠছে। তিনি বললেন, ‘ছেলেদের বাড়ন্ত বয়স। পোশাক, জুতা ছোট হয়ে গেছে। তাই মোটামুটি সবই নতুন করে কিনে দিতে হচ্ছে। এই বাড়তি খরচের জন্য কয়েক মাস ধরেই কিছু টাকা আলাদা করে রেখেছিলাম।’
স্কুলে যাওয়ার জন্য প্রধান দরকারি জিনিসটি হচ্ছে ব্যাগ। বই-খাতা থেকে শুরু করে টিফিন বক্স, পানির পাত্র সবই নিতে হয় ব্যাগে করে। তাই ব্যাগটা হওয়া চাই টেকসই ও সুন্দর। শিশুদের জন্য অনেক সময় ব্যাগ বহন করা কষ্টকর ব্যাপার হয়। তাই বিবেচনা করেই ব্যাগ কেনা ভালো।
মিরপুর ১ নম্বরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের ব্যাগবিক্রেতা আবুল কালাম জানালেন, ‘সবাই এখন হালকা ওজনের স্কুলব্যাগ বেশি পছন্দ করে। একটু বড়রা স্টাইলিশ স্কুলব্যাগ চাইলেও, শিশুদের কাছে কার্টুন আঁকা ব্যাগই বেশি পছন্দ। বর্তমানে বারবি, স্পাইডারম্যান, ব্যাটম্যান, পোকেমন, টম অ্যান্ড জেরি, মিকি মাউসের ব্যাগ বেশি চলছে। এসব ব্যাগের বেশির ভাগই চীনে তৈরি।’
নতুন স্কুলসামগ্রী যাদের জন্য কেনা হচ্ছে, তাদের আনন্দ সবচেয়ে বেশি। মায়ের সঙ্গে নতুন জুতা কিনতে মিরপুর এসেছে মনিপুর স্কুল থেকে সমাপনী পরীক্ষায় পাস করা মাইশা ফারজানা। বলল, ‘আম্মু বলেছিল, ভালো রেজাল্ট করলে সবকিছু নতুন কিনে দেবে।’
বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জেনিফার আলম মেয়েকে এবারই প্রথম স্কুলে দিয়েছেন। বললেন, ‘আমার মেয়ের বারবি অনেক পছন্দ, তাই ম্যাচিং করে ওর স্কুলসামগ্রী কিনে দিয়েছি। বারবির ব্যাগ থেকে শুরু করে পানির পাত্র, পেনসিলবক্স, টিফিনবক্স এমনকি মাথার রাবারের ব্যান্ডটাও বারবির।’
ছবি আঁকার অভ্যাস শিশুর কল্পনাশক্তি, সৃজনশীলতা বাড়াতে ভূমিকা রাখতে পারে। তাই শিশুর জন্য চাই ভালো মানের রংপেনসিল। এ ছাড়া নানা ধরনের, রঙের শার্পনার, ইরেজারের প্রতি বাচ্চাদের আগ্রহ সাধারণত একটু বেশি থাকে। তাই এগুলো কেনার সময় বাচ্চাদের পছন্দকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া উচিত। এসব রাখার জন্য আছে হরেক রকম পেনসিলবক্স। সব জিনিস বক্সের ভেতর সাজিয়ে রাখলে শিশু দরকারের সময় সহজেই খুঁজে পাবে এবং এর ফলে গুছিয়ে রাখতে শিখবে।
বাজারে বিভিন্ন ডিজাইনের ছোট-বড় পানির পাত্র পাওয়া যায়। পানির পাত্রগুলো দুই রকমের। একটিতে পানি ঠান্ডা থাকে, অন্যটিতে গরম থাকে দীর্ঘক্ষণ। প্লাস্টিক, স্টিল এবং অ্যালুমিনিয়ামের তৈরি পানির পাত্র পাওয়া যায়।
বাচ্চাকে স্কুলে দিচ্ছেন, পড়াশোনার জন্য টেবিল তো লাগবেই। বাচ্চাদের পছন্দসই পরিবেশ দিতে পারলে পড়াশোনায় আগ্রহ ও মনোযোগ বাড়বে। তাই শিশুদের উপযোগী টেবিল-চেয়ারও তৈরি হচ্ছে। আসবাবের দোকানে পাওয়া যায় বিভিন্ন ধরনের কার্টুন, ফুল, ফল, পশুপাখি, চাঁদতারাসহ নানা প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলা টেবিল। এসব টেবিলে একই সঙ্গে রয়েছে কলমদানি, ঘড়ি, ক্যালেন্ডার, বণর্মালা। প্রয়োজন অনুযায়ী এসব টেবিল ছোট-বড় করা যায়।

দরদাম
ব্যাগ: বাজারে দুই ধরনের স্কুলব্যাগ পাওয়া যায়। দেশি ও বিদেশি। বিদেশিগুলোর বেশির ভাগই চীনে তৈরি। দেশি ব্যাগের দাম ২৫০ থেকে ১২০০ টাকা, বিদেশি ৫০০ থেকে ২০০০ টাকার মতো।
পোশাক: এলাকার দর্জির দোকান থেকে শুরু করে বড় বড় টেইলারের দোকানে বানাতে পারেন স্কুলের পোশাক। ছেলেদের শার্ট-প্যান্ট একত্রে বানাতে মজুরি ৭০০ থেকে ৮০০ টাকা। মেয়েদের স্কুলের পোশাক বানাতে মজুরি ৪০০ থেকে ৫০০ টাকা। এসব দোকান থেকেই কিনে নিতে পারেন কাপড়। মানের ওপর কাপড়ের দাম নির্ভর করে।
জুতা: বাটা, এপেক্স, পেগাসাসের মতো ব্র্যান্ডগুলোতে রয়েছে নানা ধরনের স্কুলের জুতা। এ ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের জুতা পাওয়া যায়। ছেলেদের স্কুলের জুতার দাম ৪৫০ থেকে শুরু। মেয়েদের স্কুলের জুতা ৩৯০ থেকে শুরু।
অন্যান্য: হরেক রকম টিফিন বক্স, পানির পাত্র, পেনসিল বক্স পাওয়া যায়। এসবের বাজার মূলত চীনের দখলে। আকার ও মান অনুযায়ী পানির পাত্রের দাম ৭৫-৪২৫ টাকা। টিফিন বক্স ৭৫-৩০০ টাকা। পেনসিল বক্স পাওয়া যাচ্ছে ১০০-৬০০ টাকার মধ্যে। আর রঙের ধরন অনুযায়ী বিভিন্ন কোম্পানির রংপেনসিলের দাম পড়বে ৫০-২৮০ টাকা।
কোথায় পাবেন: নিউমার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, মৌচাক মার্কেট, বসুন্ধরা সিটিসহ রাজধানীর প্রায় সব মার্কেট এবং বড় বিপণিবিতানগুলোতে।
পড়ার টেবিল-চেয়ার: অটবি (কিডসজোন), হাতিল, নাভানা, পারটেক্স, হাইফ্যাশন, মেডালিয়ন, তানিন ফার্নিচারে পাওয়া যাবে পড়ার টেবিল-চেয়ার। পান্থপথ, রোকেয়া সরণির ফার্নিচারের দোকানগুলোতেও পাওয়া যাবে।
টেবিলের দাম ৩০০০ থেকে ১৫০০০ টাকা। চেয়ার ৫০০ থেকে ৩০০০ টাকা।